যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরান তথাকথিত ‘ডার্টি বোমা’ হামলা চালালে দেশটিকে নজিরবিহীন মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (১৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার বরাতে সিএনএন জানায়, ইরান এ ধরনের হামলার পরিকল্পনা করছে। এ বিষয়ে সাত মার্কিন কর্মকর্তার বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
ট্রাম্পের পাশাপাশি যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী মার্কওয়েইন মুলিনও জানিয়েছেন, প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে। তবে মুলিনের দাবি, এ ধরনের পরিকল্পনার কথা নতুন নয়। তাঁর ভাষায়, ইরানের এমন আকাঙ্ক্ষা রয়েছে, তবে তা বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন আছে।
ফিলিপাইনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ইরান যদি ওয়াশিংটনে তাঁর প্রশাসনের সদস্যদের লক্ষ্য করে ডার্টি বোমা বা রাসায়নিক অস্ত্র ব্যবহার করে, তাহলে দেশটিকে এমন মূল্য দিতে হবে, যা আগে কোনো দেশকে দিতে হয়নি।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী মুলিনও সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা বাস্তবায়িত হলে তা সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি তৈরি করতে পারে। সিএনবিসিকে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো শহর বা ওয়াশিংটন ডিসিকে লক্ষ্যবস্তু করা হলে তার জবাবে সর্বাত্মক যুদ্ধ শুরু হতে পারে। সে ক্ষেত্রে শুধু আকাশপথে নয়, সব ধরনের সক্ষমতা ব্যবহার করে হামলাকারীদের ধ্বংস করার পদক্ষেপ নেওয়া হবে।
তবে সিএনএনকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইরানের এই পরিকল্পনা আপাতত সম্ভাব্য পদক্ষেপের সুযোগ তৈরি করে রাখার প্রচেষ্টা। এটি যে আসন্ন কোনো হামলার ইঙ্গিত, এমনটা নয়।
মার্কিন কর্মকর্তারা গোয়েন্দা তথ্যটিকে উদ্বেগজনক হিসেবে দেখছেন। তাঁদের ধারণা, যুক্তরাষ্ট্রের সামরিক হামলা এবং কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে ইরান পরিস্থিতি আরও উত্তপ্ত করার মানসিকতা দেখাচ্ছে। ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা দাবি করেছেন, এসব চাপ ইরানের অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলছে।
সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব ধরনের হুমকির ওপর নজর রাখছে। তবে এই মুহূর্তে দেশের অভ্যন্তরে হামলার কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই। মঙ্গলবার মুলিনও একই অবস্থান তুলে ধরে বলেন, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত রয়েছে। তবে প্রতিদিনই নতুন নতুন হুমকি মোকাবিলা করতে হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান অতীতেও বিভিন্ন সময় যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে, যদিও সেসব হুমকির পর হামলা চালায়নি। তবে ২০২০ সাল থেকে দেশটিতে ইরান-সমর্থিত একাধিক সম্ভাব্য হামলার পরিকল্পনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নস্যাৎ করেছে বলে গত বছর জানিয়েছিল মন্ত্রণালয়টি।
অন্যদিকে, ডার্টি বোমা তৈরির পরিকল্পনা নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইরানের বিরুদ্ধে আগ্রাসন শুরু করা পক্ষগুলো এখন ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে নিজেদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য গণমাধ্যমে পরিবেশ তৈরি করছে। তাঁর দাবি, নতুন করে আগ্রাসন ও নৃশংসতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে।
বাঘাই আরও বলেন, যেকোনো আগ্রাসনের জবাব কীভাবে দিতে হয়, তা ইরান জানে এবং সে জবাব স্মরণীয় হয়ে থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও মঙ্গলবার প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছেন। তিনি একে ইরাক যুদ্ধের সময়কার প্রচারণার সঙ্গে তুলনা করেন।
দুই দেশের পাল্টাপাল্টি হুমকির মধ্যে সংঘাত বন্ধে আলোচনা কার্যত থমকে আছে। তবে কয়েক মাস ধরে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ধারাবাহিক সামরিক হামলা স্থগিত রয়েছে। গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে পারে। তবে সমঝোতা না হলে সংঘাত আরও বাড়ানোর হুমকিও একাধিকবার দিয়েছেন তিনি।
সূত্র: সিএনএন