চীনের এপেক সম্মেলনে ট্রাম্পের লক্ষ্য কী?

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন। সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠকের কথা রয়েছে। পাশাপাশি শি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকেও অংশ নিতে পারেন তিনি।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২১টি অর্থনীতির অংশগ্রহণে অনুষ্ঠিত এ সম্মেলনের ফাঁকে ট্রাম্প ও শির বৈঠক হলে চলতি বছর এটি হবে দুই নেতার তৃতীয় সাক্ষাৎ। এর আগে মে মাসে বেইজিংয়ে ট্রাম্পকে আতিথ্য দেন শি। পরে সেপ্টেম্বরে হোয়াইট হাউসে শিকে স্বাগত জানান ট্রাম্প। আগের দুই বৈঠকেই দুই দেশের গুরুত্বপূর্ণ সম্পর্কের স্থিতিশীলতা তুলে ধরার চেষ্টা ছিল। তবে বড় কোনো অগ্রগতি আসেনি।

বিশ্লেষকদের ধারণা, শেনজেনের বৈঠকেও একই ধরনের চিত্র দেখা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ন্ত্রণ, বাণিজ্য এবং স্বশাসিত তাইওয়ান দ্বীপের ভবিষ্যৎ—এসব বিষয় আলোচনায় গুরুত্ব পেতে পারে।

এ সম্মেলন এমন এক সময়ে হচ্ছে, যখন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে উল্লেখযোগ্য নিয়ন্ত্রণ পেয়েছে। এর ফলে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে তাঁর সিদ্ধান্ত গ্রহণের ওপর কংগ্রেসের নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়তে পারে। অন্যদিকে, চীনও ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভাবতে শুরু করেছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক জ্যেষ্ঠ গবেষণা ও অ্যাডভোকেসি উপদেষ্টা আলি ওয়াইনের মতে, ট্রাম্প শি জিনপিংয়ের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক আরও দৃঢ় করার চেষ্টা করবেন। তবে বৈঠক থেকে বড় কোনো বাস্তব অগ্রগতি আসার সম্ভাবনা কম।

অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সোমবার সাংবাদিকদের বলেন, তিন পরাশক্তির নেতার বৈঠকের গুরুত্ব ও প্রতীকী তাৎপর্য কোনোভাবেই কম করে দেখার সুযোগ নেই।

এআই নিয়ন্ত্রণে কি অগ্রগতি হবে?

ট্রাম্প ও শির সম্ভাব্য বৈঠকের আনুষ্ঠানিক আলোচ্যসূচি এখনো প্রকাশ করেনি কোনো পক্ষ। তবে হোয়াইট হাউস জানিয়েছে, এপেক সম্মেলন এবং আগামী ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধা, ন্যায্যতা ও সমতার ভিত্তিতে কৌশলগত স্থিতিশীলতাসম্পন্ন গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে দুই দেশ সম্মত হয়েছে।

আগের বৈঠকগুলোর মতো এবারও এআই নিয়ন্ত্রণ আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে। এ প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্র ও চীন—দুই দেশই শীর্ষ অবস্থানে রয়েছে। ফলে প্রযুক্তিটির নিরাপদ ব্যবহার নিশ্চিত করতে যৌথভাবে কিছু সুরক্ষাব্যবস্থা তৈরির চাপ রয়েছে দুই দেশের ওপর।

গত সেপ্টেম্বরে দুই দেশ এআই-সংক্রান্ত দুর্ঘটনা বা ঝুঁকির তথ্য দ্রুত আদান-প্রদানের জন্য একটি ব্যবস্থা গড়ে তোলা এবং নতুন ধরনের ঝুঁকি নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিয়েছিল।

তবে ট্রাম্প প্রশাসন এআই উন্নয়নে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রয়োজনীয়তাকে বারবার গুরুত্বহীন করে দেখিয়েছে। হোয়াইট হাউসে শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেছিলেন, এআই শিল্পের অগ্রগতিতে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কবিষয়ক জাতীয় কমিটির এক অনুষ্ঠানে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে সেগুলোর মূল্যায়ন ও পরীক্ষা এবং প্রযুক্তির ব্যবহারে মানুষের সিদ্ধান্তের নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে দুই দেশ নিজেদের অভিজ্ঞতা বিনিময় করবে।

তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। সব বিষয়ে দুই দেশের দৃষ্টিভঙ্গি এক হবে, এমন প্রত্যাশা করা ঠিক নয়।

এনভিডিয়া বিতর্কও আলোচনায় আসতে পারে

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়াকে ঘিরে সাম্প্রতিক বিতর্কও ট্রাম্প-শি বৈঠনে প্রভাব ফেলতে পারে। চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা এক নারীর সঙ্গে সম্পর্কের তথ্য প্রকাশের পর এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের পদত্যাগের বিষয়টি সামনে এসেছে।

ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মে মাসে ট্রাম্পের বেইজিং সফরেও তাঁর সঙ্গে ছিলেন তিনি। একই সঙ্গে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি নতুন করে প্রশ্ন তুলেছে—বেইজিংয়ের কাছে উন্নত এআই চিপ বিক্রির ওপর যুক্তরাষ্ট্রের বিধিনিষেধ শিথিল করতে হুয়াং কতটা প্রভাব বিস্তার করেছিলেন।

চীনে প্রযুক্তিপণ্য রপ্তানির ওপর নিয়ন্ত্রণ যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকও সমালোচনার মুখে পড়েছেন। রিপাবলিকান দলের কয়েকজন প্রভাবশালী নেতাও এ বিষয়ে প্রশ্ন তুলেছেন।

আলি ওয়াইনের মতে, কংগ্রেস ও ট্রাম্প প্রশাসনের ভেতর থেকেই এ বিতর্কটি শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তোলার চাপ তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির অগ্রগতি ক্ষতিগ্রস্ত করার জন্য চীন যদি হুয়াং বা অন্য প্রভাবশালী ব্যবসায়ীদের ব্যবহার করে থাকে, এমন সিদ্ধান্তে পৌঁছালে ট্রাম্পকে শিকে সতর্ক করতে হতে পারে।

তবে অন্য বিশ্লেষকেরা মনে করেন, এ ঘটনা দুই নেতার বৈঠকে বড় প্রভাব নাও ফেলতে পারে। পরামর্শক প্রতিষ্ঠান টেনিওর ব্যবস্থাপনা পরিচালক গ্যাব্রিয়েল ওয়াইলডাউ আলজাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন বাধাগ্রস্ত করার কোনো ইঙ্গিত ট্রাম্পের আচরণে দেখা যাচ্ছে না।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্পের বৈঠকে অ্যালিস হুয়াংয়ের বিষয়টি তোলার সম্ভাবনা নেই। অন্যদিকে, চীন অ্যালিস হুয়াং তাদের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন—এ অভিযোগ অস্বীকার করেছে।

তাইওয়ান ইস্যুতে বাড়তে পারে চাপ

শি জিনপিংয়ের সঙ্গে আগের বৈঠকেই তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নীতির বাইরে গিয়ে মন্তব্য করেছিলেন ট্রাম্প। মে মাসে বেইজিংয়ে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেছিলেন, স্বশাসিত দ্বীপ তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির বিষয়টি নিয়ে শির সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন।

চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে। তবে দ্বীপটি নিজস্ব সরকারব্যবস্থায় পরিচালিত হয়। ১৯৭৯ সাল থেকে তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র দ্বীপটিকে অস্ত্র সরবরাহ করে আসছে।

অন্যদিকে, ১৯৮২ সালের ‘সিক্স অ্যাসুরেন্সেস’ বা ছয়টি আশ্বাসের নীতি অনুযায়ী, তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির বিষয়ে ওয়াশিংটন বেইজিংয়ের সঙ্গে পরামর্শ করে না।

পরবর্তী সময়ে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প তাইওয়ানকে চীনের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্রের ‘খুব ভালো দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে উল্লেখ করেন। এরপর থেকে দ্বীপটির জন্য বরাদ্দ ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ অনুমোদন আটকে রেখেছেন তিনি।

জার্মান মার্শাল ফান্ডের বিশ্লেষক বনি গ্লেজার ও নোয়া মাঙ্কের মতে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য বেইজিংকে এমন প্রত্যাশা তৈরি করার সুযোগ দেয় যে, ভবিষ্যতে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির প্রতিটি অনুমোদনের বিনিময়ে চীনকে কিছু দিতে হবে।

তাঁদের বিশ্লেষণ অনুযায়ী, এ ধরনের দর-কষাকষি সফল হলে বেইজিং ভবিষ্যতে আরও বেশি ছাড় চাইতে পারে। তখন তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির অনুমোদনকে যুক্তরাষ্ট্রের নিয়মিত পদক্ষেপ হিসেবে না দেখে চীনের কাছে দেওয়া কোনো ছাড় হিসেবে বিবেচনা করা হতে পারে।

হোয়াইট হাউস অবশ্য অস্ত্র প্যাকেজ অনুমোদনে বিলম্বের পক্ষে যুক্তি দিয়েছে। তাদের দাবি, অস্ত্র উৎপাদনের সীমিত সক্ষমতা এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের কারণে উৎপাদন ও সরবরাহে চাপ তৈরি হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যিক সমঝোতার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

কংগ্রেসে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণ এবং তাইওয়ানের প্রতি দুই দলের সমর্থনের কারণে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছরে এ ইস্যুতে তাঁর ওপর চাপ বাড়তে পারে। জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক রবার্ট সাটার সম্প্রতি এক বিশ্লেষণে বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের ফলাফল সামগ্রিকভাবে তাইওয়ানের জন্য অনুকূল হয়েছে।

এপেকের সদস্য তাইওয়ানের প্রতিনিধিত্ব করবেন এসার গ্রুপের প্রতিষ্ঠাতা স্ট্যান শি।

বাণিজ্যে কি বড় কোনো সমঝোতা হবে?

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতে যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্যিক সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। মাদক ফেন্টানিল তৈরির উপাদানের অবৈধ বাণিজ্য বন্ধে চীন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না—এ অভিযোগ তুলে শুরুতে চীনা পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেন ট্রাম্প।

এপ্রিল নাগাদ চীনা পণ্যের ওপর অতিরিক্ত মার্কিন শুল্ক বেড়ে ১৪৫ শতাংশে পৌঁছায়। জবাবে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর চীনও ১২৫ শতাংশ শুল্ক আরোপ করে।

পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ কয়েকবার ব্যর্থ হওয়ার পর গত বছরের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার বুসানে ট্রাম্প ও শি এক বছরের জন্য বাণিজ্যিক যুদ্ধবিরতিতে সম্মত হন। সেপ্টেম্বরে শির হোয়াইট হাউস সফরের পর চুক্তিটির মেয়াদ ২০২৭ সালের ১০ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়।

দুই দেশের বাণিজ্য আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে চীনের বিরল মৃত্তিকা খনিজ বা রেয়ার আর্থের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা। এসব খনিজের রপ্তানিতে চীন কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) সাম্প্রতিক এক বিশ্লেষণে দেখা গেছে, বাণিজ্যিক সমঝোতার প্রথম ১১ মাসেও যুক্তরাষ্ট্রে চীনের রেয়ার আর্থ খনিজ রপ্তানি বিধিনিষেধ আরোপের আগের সময়ের তুলনায় ৭৫ শতাংশ কম ছিল।

বিশ্লেষকদের মতে, চীনের কূটনৈতিক প্রতিশ্রুতি এবং বাস্তবে রপ্তানির পরিমাণের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। সুইজারল্যান্ড, লন্ডন ও দক্ষিণ কোরিয়ায় ধারাবাহিক সমঝোতার পরও নিয়ন্ত্রণাধীন বিরল মৃত্তিকা খনিজের চালান আগের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কম।

বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য রপ্তানিও ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যবর্তী নির্বাচনের সময় দেশটির কৃষকদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সাম্প্রতিক আলোচনায় চীন যুক্তরাষ্ট্র থেকে ২ কোটি ৫০ লাখ মেট্রিক টন সয়াবিন কেনার প্রতিশ্রুতি দিয়েছে। পাশাপাশি হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, ২০২৬, ২০২৭ ও ২০২৮ সালে প্রতি বছর ১৭ বিলিয়ন ডলারের মার্কিন কৃষিপণ্য কেনার বিষয়েও সম্মত হয়েছে বেইজিং।

তবে এসব প্রতিশ্রুতির বিপরীতে বাস্তবে কেনাকাটার পরিমাণ এখনো প্রত্যাশা অনুযায়ী হয়নি।

শি-ট্রাম্প-পুতিনের ত্রিপক্ষীয় বৈঠক কতটা গুরুত্বপূর্ণ?

এবারের এপেক সম্মেলনের সবচেয়ে আলোচিত ঘটনা হতে পারে ট্রাম্প, শি ও পুতিনের সম্ভাব্য ত্রিপক্ষীয় বৈঠক। এমন বৈঠক হলে তা রাশিয়ার প্রেসিডেন্টের জন্য বড় কূটনৈতিক অর্জন হিসেবে বিবেচিত হতে পারে।

ব্রুকিংস ইনস্টিটিউশনের চীনবিষয়ক বিশেষজ্ঞ রায়ান হাসের মতে, বিশ্বের দুই প্রভাবশালী দেশের নেতার সঙ্গে একই টেবিলে বসতে পারা পুতিনকে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দেবে। এতে রাশিয়ার ওপর আন্তর্জাতিক বিচ্ছিন্নতার চাপও কমে আসতে পারে।

অন্যদিকে, চীন এ বৈঠকের আয়োজক ও আলোচ্যসূচি নির্ধারণকারী হিসেবে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ পাবে। হাসের মতে, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার পারস্পরিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে বেইজিংয়ের ভূমিকা আরও দৃশ্যমান হবে।

তবে ট্রাম্পের জন্য এ বৈঠকের সুফল কী হবে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠকে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়টি গুরুত্ব পাবে।

আলি ওয়াইনের মতে, ত্রিপক্ষীয় বৈঠক হলে তা দেখাবে—ট্রাম্প ও পুতিন উভয়েই শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে আগ্রহী। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের মিত্র ও অংশীদার দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়তে পারে। কারণ, তারা আশঙ্কা করছে, ট্রাম্প এমন কোনো অনানুষ্ঠানিক ‘জি-২’ বা ‘জি-৩’ ব্যবস্থা গড়ে তুলতে পারেন, যেখানে বিশ্বের অন্য শক্তিগুলোকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে।

সব মিলিয়ে, এপেক সম্মেলনে ট্রাম্পের প্রধান লক্ষ্য হতে পারে শি জিনপিংয়ের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল রাখা, বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে সমঝোতার পথ খোঁজা এবং তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দর-কষাকষি। তবে বড় কোনো চুক্তি বা অগ্রগতি হবে কি না, তা এখনো অনিশ্চিত।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত