নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার শেষ লড়াই, ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে ইসরায়েলের রাজনীতি

ইসরায়েলের ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে ধারাবাহিক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

দীর্ঘদিনের এই ইসরায়েলি নেতা সম্ভবত ক্ষমতা ছাড়ার পথে রয়েছেন। তবে বিরোধী নেতা গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট সরকার গঠনে সক্ষম হলেই কেবল তা সম্ভব হবে।

এ ক্ষেত্রে ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে বিরোধীদের। আর এই সুযোগ কাজে লাগিয়ে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি, যদিও এসব অভিযোগের পক্ষে কোনো ভিত্তি নেই।

নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকেরা অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি ইচ্ছাকৃতভাবে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি উসকে দিচ্ছেন।

আলাদাভাবে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচ আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। নির্বাচনের দিন ফিলিস্তিনি নাগরিক আইনপ্রণেতাদের গ্রেপ্তারের অনুমতিও চাওয়া হয়েছিল। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ প্রত্যাখ্যান করেন।

বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং জয়েন্ট লিস্টের প্রধান ইউসুফ জাবারিন এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানচেষ্টার’ প্রমাণ বলে অভিহিত করেছেন। এদিকে, ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই তৈরি করা হয়েছিল কি না, তা তদন্ত করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা বলে জানা গেছে।

বিশ্লেষক ও ইসরায়েলের কয়েকজন রাজনীতিকের মতে, নেতানিয়াহুর এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা। তা সম্ভব না হলে অন্তত এমন একটি সরকার গঠন করা, যেটি তাঁর ও তাঁর মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে।

নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকার এমনকি ব্যক্তিগত স্বাধীনতাও নানা হুমকির মুখে রয়েছে। প্রধানমন্ত্রীর ক্ষমতা ও প্রভাব হারালে এসব বিষয় তাঁর জন্য বড় পরিণতি ডেকে আনতে পারে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছে। ইসরায়েল গাজায় যুদ্ধ শুরু করার পর থেকেই এ দাবি অব্যাহত রয়েছে। সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এসব প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিশন গঠনের দাবি আরও জোরালো হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইনপ্রণয়ন কর্মসূচিতে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

একইভাবে, গাজায় যুদ্ধ এবং সরকারের ওপর বিচার বিভাগের নজরদারি দুর্বল করতে নেতানিয়াহুর উদ্যোগে সৃষ্ট সাংবিধানিক সংকট তাঁর বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরানোর সুযোগ তৈরি করেছে।

২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখোমুখি নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া তাঁর বিচারকাজ প্রধানমন্ত্রীর দায়িত্বের কারণে বারবার পিছিয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, ‘নেতানিয়াহু আহত কোনো প্রাণীর মতো আচরণ করছেন। তাঁর কাছে নির্বাচনে হার শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তাঁর দুর্নীতির বিচার চলছে, যার পরিণতিতে তাঁকে কারাগারে যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তাঁর সুরক্ষা হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।’

ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বেড়েছে। নির্বাচনের পরের দিনগুলোতে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা আইজেনকোটের বাড়ির সামনে জড়ো হয়ে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করতে তাঁকে হুঁশিয়ার করেন। তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলেও স্লোগান দেন তাঁরা।

প্রকাশ্যে দেওয়া এক চিঠিতে হাইফার সাবেক প্রধান রাব্বি আদালতের প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড ‘দিন রোদেফ’ বা ‘তাড়াকারীর আইন’ নামের ধর্মীয় বিধানের প্রসঙ্গ টেনেছেন। ১৯৯৫ সালে ফিলিস্তিনিদের সঙ্গে অসলো চুক্তির বিরোধিতা করে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়িৎসহাক রবিনকে হত্যার যৌক্তিকতা দেখাতে ঘাতক ইগাল আমিরও একই নীতির উল্লেখ করেছিলেন।

বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেন, ‘আইজেনকোটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বাড়বে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে প্রস্তুত, আমি সত্যিই যেকোনো কিছু বলছি। ডানপন্থীরা গৃহযুদ্ধের কথা বলছেন, আর আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না। নেতানিয়াহু তাঁর চারপাশে এক ধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি তৈরি করেছেন। এটি সহজেই তাঁর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতে রূপ নিতে পারে।’