গাজার জন্য ট্রাম্পের ‘বোর্ড অব পিসে’ প্রতিশ্রুত ১৮ বিলিয়ন ডলার কোথায়?

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর মাধ্যমে গাজার পুনর্গঠনে প্রায় ১৮ বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দাতারা। কিন্তু ২০২৫ সালের অক্টোবরের যুদ্ধবিরতির এক বছরের বেশি সময় পেরিয়ে গেলেও পুনর্গঠনের কাজ শুরু হয়নি। এখনো প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করছেন।

পুনর্গঠনের প্রাথমিক উদ্যোগও থমকে আছে। প্রথম পর্যায়ের নির্মাণকাজের অর্থায়নে বোর্ডের পক্ষ থেকে ২৮০ মিলিয়ন ডলার চাওয়া হয়েছিল। কিন্তু গত সেপ্টেম্বরে বোর্ড জানায়, ওই অর্থের বেশির ভাগই অব্যবহৃত রয়ে গেছে।

মঙ্গলবার জমা দেওয়া সর্বশেষ প্রতিবেদনে বোর্ড সতর্ক করে বলেছে, যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে অবিলম্বে পদক্ষেপ না নিলে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি ভেঙে পড়তে পারে। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদন।

এর পরদিন বুধবার যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো গাজা উপত্যকায় বড় ধরনের স্থল সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। উপত্যকার মধ্যাঞ্চলের কয়েকটি শরণার্থীশিবিরে হামলা চালায় দেশটির বাহিনী।

২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬৫৮ ফিলিস্তিনি নিহত এবং ৬ হাজার মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে যুদ্ধবিরতি চুক্তির আওতায় প্রতিশ্রুত ৬০ হাজার মোবাইল ঘর গাজায় প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকাটিতে খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশেও কঠোর বিধিনিষেধ অব্যাহত রেখেছে দেশটি।

এ ছাড়া গাজা পরিচালনার জন্য গঠিত ফিলিস্তিনি কমিটিকেও এখন পর্যন্ত উপত্যকায় প্রবেশের অনুমতি দেয়নি ইসরায়েল।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত