আবারও সাইবার হামলার শিকার এফবিআই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের (এফবিআই) জাতীয় অপরাধসংক্রান্ত তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে সংস্থাটি। দেশজুড়ে ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ডেটাবেইসে সাম্প্রতিক সময়ে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্ত সম্পর্কে অবগত দুই ব্যক্তি।

তাঁদের ভাষ্য অনুযায়ী, হ্যাকারদের এই অনুপ্রবেশের ঘটনা কয়েক মাসের মধ্যে এফবিআইয়ের তথ্যব্যবস্থায় দ্বিতীয়বারের মতো সাইবার নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা। তবে কারা এই হামলা চালিয়েছে এবং কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামে পরিচিত এই তথ্যভান্ডার যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো ব্যবহার করে। এর মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা, অপরাধসংক্রান্ত তথ্য এবং ব্যক্তির অতীত রেকর্ড যাচাইসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা হয়।

সাম্প্রতিক অনুপ্রবেশের বিষয়টি কয়েক দিন আগে ধরা পড়ে। এমন সময়ে এ ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একের পর এক বড় ধরনের সাইবার নিরাপত্তা ও প্রযুক্তিগত বিপর্যয়ের ঘটনা ঘটছে। এর মধ্যে ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থায় সমস্যার ঘটনাও রয়েছে। এসব ঘটনায় দেশের সাইবার নিরাপত্তা নিয়ে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সেই উদ্বেগ প্রশমনের চেষ্টা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

এ বিষয়ে মন্তব্য জানতে এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

বৃহস্পতিবার নতুন সাইবার নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে সংস্থার কর্মকর্তারা অবগত হওয়ার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে হাজির হয়ে সংস্থার সাইবার নিরাপত্তা কার্যক্রমের সাফল্য তুলে ধরেন।

এ সময় তিনি ‘অপারেশন উইন্টার শিল্ড’ নামে একটি কার্যক্রমের কথা বলেন। কয়েক মাস আগে নেওয়া ওই উদ্যোগের লক্ষ্য ছিল বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজেদের প্রযুক্তি ও নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করতে উৎসাহিত করা, যাতে হ্যাকাররা তাদের সংবেদনশীল তথ্য হাতিয়ে নিতে না পারে।

প্যাটেল এমনভাবে এই অভিযানের কথা তুলে ধরেন, যেন এটি এখনো চলমান। একই সঙ্গে গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় প্রয়োজনীয় প্রযুক্তি হালনাগাদ করার জন্য বর্তমান প্রশাসনের প্রশংসা করেন তিনি। প্যাটেল বলেন, আগের প্রশাসনগুলোও এসব হালনাগাদ করতে পারত, কিন্তু তারা তা করেনি। বর্তমান প্রশাসন নিরাপত্তার ক্ষেত্রে এগিয়ে থাকার চেষ্টা করছে এবং আগের ঘাটতি পূরণ করছে।

এনসিআইসির গুরুত্ব তুলে ধরে এফবিআইয়ের সাবেক এক কর্মকর্তা সিএনএনকে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ব্যবস্থাগুলোর একটি। প্রতিদিন যুক্তরাষ্ট্রজুড়ে পুলিশ কর্মকর্তারা পলাতক আসামি শনাক্ত করা, গ্রেপ্তারি পরোয়ানা যাচাই এবং জননিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পেতে এই ডেটাবেইসের ওপর নির্ভর করেন।

ওই কর্মকর্তা বলেন, শুধু হ্যাকাররা সংবেদনশীল তথ্য পেয়েছে কি না, সেটিই উদ্বেগের বিষয় নয়। আরও বড় আশঙ্কা হলো, তারা তথ্যভান্ডারের নির্ভুলতা নষ্ট করতে পেরেছে কি না। কারণ, পুলিশ কর্মকর্তারা মাঠপর্যায়ে যেসব তথ্যের ওপর নির্ভর করেন, সেগুলোর যথার্থতা আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এর আগেও একাধিকবার সাইবার হামলা

এফবিআইয়ের তথ্যব্যবস্থায় সাম্প্রতিক ঘটনাটি প্রথম নয়। এর আগে গত সেপ্টেম্বরে ‘শাইনি হান্টার্স’ নামে একটি হ্যাকার গোষ্ঠী এফবিআইয়ের চাকরিসংক্রান্ত একটি ওয়েবসাইটে হামলা চালিয়ে সংস্থার কর্মীদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য লক্ষ্যবস্তু করে।

ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শাইনি হান্টার্সের হামলাসংক্রান্ত অভিযোগ রয়েছে।

সিএনএনের আগের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ওই তথ্য চুরির ঘটনায় এফবিআইয়ের অনেক কর্মীই তাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাননি। তথ্য চুরির শিকার ব্যক্তিদের জন্য যে নিরাপত্তা সহায়তা দেওয়া হয়েছিল, তা নিয়েও তাঁদের মধ্যে অসন্তোষ ছিল।

এ ছাড়া ২০২৩ সালে এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার ব্যবস্থায় হ্যাকাররা অনুপ্রবেশ করেছিল। শিশুদের যৌন নিপীড়ন ও শোষণসংক্রান্ত তদন্তে ব্যবহৃত ওই ব্যবস্থায় জেফরি এপস্টেইন তদন্তের সঙ্গে সম্পর্কিত ছবিও সংরক্ষিত ছিল। সিএনএনের আগের প্রতিবেদনেই এ তথ্য উঠে এসেছিল।

বারবার সাইবার হামলার ঘটনায় এফবিআইয়ের গুরুত্বপূর্ণ তথ্যব্যবস্থার নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য আদান-প্রদানের নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

সূত্র: সিএনএন