ট্রাম্পের সঙ্গে সংসার জীবন নিয়ে মুখ খুললেন মেলানিয়া

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ০৯:১১ এএম

ফার্স্ট লেডি হিসেবে নিজের জীবন, হোয়াইট হাউসের দায়িত্ব ও সংস্কার পরিকল্পনা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দাম্পত্য সম্পর্ক এবং ছেলে ব্যারনকে বড় করে তোলার অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন মেলানিয়া ট্রাম্প।

দুই পর্বের প্রাইম ভিডিও ডকুসিরিজ ‘মেলানিয়া: দ্য সিরিজ’ শুক্রবার (২০ নভেম্বর) মুক্তি পেয়েছে। এতে ২০২৫ সালের জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগের কয়েক সপ্তাহের ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে।

এর আগে মুক্তি পাওয়া ‘মেলানিয়া’ প্রামাণ্যচিত্রের ধারাবাহিকতা হিসেবে তৈরি হয়েছে সিরিজটি। এতে দ্বিতীয়বার হোয়াইট হাউসে ফেরার প্রস্তুতির সময় সাবেক এই মডেলের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা দিক উঠে এসেছে। বিভিন্ন কথোপকথন ও পর্দার পেছনের দৃশ্যের মধ্য দিয়ে মেলানিয়া হোয়াইট হাউসের ব্যবস্থাপনা, নিজের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা এবং জনসমক্ষে দায়িত্ব পালনের পাশাপাশি পারিবারিক জীবন সামলে নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছেন।

সিরিজের প্রথম পর্বে ফার্স্ট লেডির ভূমিকা এবং হোয়াইট হাউসের আবাসিক অংশ পরিচালনার দায়িত্ব নিয়ে কথা বলেন মেলানিয়া। তাঁর মতে, ফার্স্ট লেডির দায়িত্বের পরিধি সম্পর্কে অনেকেরই স্পষ্ট ধারণা নেই।

তিনি বলেন, ‘ফার্স্ট লেডির দায়িত্ব হলো হোয়াইট হাউস পরিচালনা করা। মানুষ বুঝতে পারে না যে আবাসিক অংশটির দায়িত্বও ফার্স্ট লেডির ওপর থাকে।’

হোয়াইট হাউসের সৌন্দর্য, পরিবেশ, সাজসজ্জা এবং রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজনের গুরুত্বের কথাও তুলে ধরেন তিনি। মেলানিয়ার ভাষ্য, প্রতিটি অনুষ্ঠান আয়োজনের জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিতে হয়। নকশা, সাজসজ্জা, খাবার, সংগীত ও সামগ্রিক পরিবেশ সবকিছুই পরিকল্পনার অংশ।

তিনি বলেন, ‘হোয়াইট হাউসের প্রতিটি খুঁটিনাটির মধ্য দিয়ে আমেরিকাকে আরও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে পেরে আমি গর্বিত। দেশের সৌন্দর্য, শক্তি ও আভিজাত্য প্রকাশের জন্য প্রতিটি অনুষ্ঠানের নকশা, সাজসজ্জা, খাবার, সংগীত ও পরিবেশ কয়েক মাস ধরে নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়।’

হোয়াইট হাউসকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ও মানের সর্বোত্তম প্রতীক হিসেবে গড়ে তোলার ইচ্ছার কথাও জানান তিনি। তাঁর ভাষায়, ‘আমরা সংরক্ষণ করি, পুনরুদ্ধার করি, নতুন কিছু নির্মাণ করি। হোয়াইট হাউসের মান হতে হবে সবার সেরা। এটি আমাদের দেশের প্রতিনিধিত্ব করে।’

দ্বিতীয়বার ফার্স্ট লেডির দায়িত্ব নেওয়ার পর হোয়াইট হাউসের আবাসিক অংশে নিজের পছন্দের কিছু আসবাব ও সামগ্রী ফিরিয়ে আনার পরিকল্পনার কথাও জানান মেলানিয়া। তিনি বলেন, ‘আমি এটিকে আবার একটি বাড়ির মতো করে তুলব।’ আগেরবার সেখানে বসবাসের অভিজ্ঞতাকে তিনি ‘খুব সুন্দর’ ও ‘খুব স্বাচ্ছন্দ্যপূর্ণ’ বলে বর্ণনা করেন।

ডকুসিরিজে স্থাপত্য ও অভ্যন্তরীণ নকশার প্রতি মেলানিয়ার আগ্রহের বিষয়টিও উঠে এসেছে। মডেলিং পেশায় না এলে তিনি হয়তো স্থাপত্য বা নকশা নিয়ে কাজ করতেন বলে জানিয়েছেন।

পেশাগত জীবনে মডেল না হলে কী করতেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি স্থাপত্য নিয়ে পড়াশোনা চালিয়ে যেতাম। নকশাসংক্রান্ত কিছু একটা করতাম।’

স্লোভেনিয়ার ইউনিভার্সিটি অব লুবলিয়ানায় কিছুদিন পড়াশোনা করেছিলেন মেলানিয়া। পরে মডেলিং পেশায় যুক্ত হওয়ার জন্য সেই পড়াশোনা ছেড়ে দেন।

হোয়াইট হাউসের চেহারা ও স্থাপত্য নিয়ে তাঁর আগ্রহের কথা এমন এক সময়ে সামনে এল, যখন ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয়ে বেশ কিছু বড় পরিবর্তন আনা হয়েছে।

এসব পরিবর্তনের মধ্যে রয়েছে রোজ গার্ডেনের ব্যাপক সংস্কার এবং প্রস্তাবিত ৯০ হাজার বর্গফুটের বলরুম নির্মাণের পরিকল্পনার জন্য ইস্ট উইং ভেঙে ফেলা।

গত ৬ নভেম্বর ওভাল অফিসকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করার পরিকল্পনার কথাও জানান প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর বক্তব্য, নিজের প্রশাসনের সময়ে করা সংস্কারগুলো ভবিষ্যতের কোনো প্রেসিডেন্ট যেন পরিবর্তন করতে না পারেন, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ।

ট্রাম্প বলেন, ‘এই অফিসে আমরা অসাধারণ সাফল্য অর্জন করেছি। তাই এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করছি। ভবিষ্যতে কেউ যেন এটি পরিবর্তন করতে, ধ্বংস করতে কিংবা অন্য কোনো আকৃতিতে নির্মাণ করতে না পারে।’

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দাম্পত্য সম্পর্ক নিয়ে যা বললেন

হোয়াইট হাউসের দায়িত্বের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিজের দাম্পত্য সম্পর্ক নিয়েও কথা বলেছেন মেলানিয়া। দুজনের আলাদা দায়িত্ব ও ব্যস্ত সময়সূচির মধ্যেও কীভাবে সম্পর্ক বজায় রাখেন, সে বিষয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, একে অপরকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে গ্রহণ করাই তাঁদের দাম্পত্য সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি বলে মনে করেন মেলানিয়া।

তিনি বলেন, ‘প্রত্যেককে তার নিজের মতো থাকতে দিতে হয়। আমি তাঁকে তাঁর মতো থাকতে দিই। আর তিনি আমাকে সমর্থন করেন এবং আমার মতো থাকতে দেন।’

১৯৯৮ সালে নিউইয়র্কে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার সম্পর্ক শুরু হয়। ২০০৫ সালে ফ্লোরিডায় তাঁদের বিয়ে হয়। ট্রাম্পের তৃতীয় স্ত্রী মেলানিয়া। এর আগে ইভানা ট্রাম্প ও মারলা ম্যাপলসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। ইভানার সঙ্গে ট্রাম্পের তিন সন্তান এবং মারলার সঙ্গে এক মেয়ে রয়েছে।

ডকুসিরিজের আরেকটি অংশে মেলানিয়া ইঙ্গিত দেন, তাঁর দায়িত্ব পালনে কতটা পরিশ্রম করতে হয়, তা ট্রাম্প সব সময় হয়তো উপলব্ধি করতে পারেন না।

তিনি বলেন, ‘তিনি পুরো অভিজ্ঞতাটাই নিজের মতো করে গ্রহণ করেন। নিজের কাজ নিয়ে তিনি ব্যস্ত থাকেন, তাঁর চিন্তা সব সময় নানা বিষয়ে ঘুরতে থাকে। তাঁকে অনেক কিছু সামলাতে হয়। তাই হয়তো আমার কাজের পরিমাণ তিনি বুঝতে পারেন না।’

পরিবারের সদস্যরা একে অপরের দৈনন্দিন কাজ সম্পর্কে কতটা জানেন, সে বিষয়েও নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন মেলানিয়া। তিনি বলেন, ‘আমার স্বামী কী করছেন এবং আমার ছেলে কী করছে, তা আমি জানি। কিন্তু আমার ধারণা, তারা আমি কী করছি, তা জানে না।’

কেন পুরো সময় হোয়াইট হাউসে থাকেন না মেলানিয়া

ডকুসিরিজে তিনটি আবাসস্থলের মধ্যে সময় ভাগ করে নেওয়ার বিষয়েও কথা বলেছেন মেলানিয়া। ট্রাম্পের শপথ গ্রহণের আগে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল, তিনি পুরো সময় হোয়াইট হাউসে থাকবেন না। সিরিজে তাঁর বক্তব্যেও সেই জীবনযাপনের ইঙ্গিত পাওয়া যায়।

মেলানিয়া বলেন, ‘তিনটি শহরে আমার বাড়ি। প্রতিটি বাড়ির আলাদা উদ্দেশ্য রয়েছে এবং আমার জীবনের ভিন্ন ভিন্ন প্রয়োজন পূরণ করে। এই জীবনযাত্রার ভারসাম্য বজায় রাখতে আমি প্রতিটি বিষয়ে সচেতন ও খুঁটিনাটি বিষয়ে মনোযোগী।’

ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউস ছাড়াও নিউইয়র্কের ট্রাম্প টাওয়ার এবং ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগোতে সময় কাটান তিনি।

নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও একাকী সময় কাটানোর পছন্দের কথাও জানিয়েছেন মেলানিয়া। সব সময় মানুষের সঙ্গে থাকতে তাঁর ভালো লাগে না। নিজের সঙ্গেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।

তিনি বলেন, ‘সব সময় মানুষের সঙ্গে থাকতে হবে, এমন কোনো প্রয়োজন আমার নেই। নিজের সঙ্গেই আমি খুব আনন্দে থাকতে পারি। আগে থেকেই আমি এমন।’

ছেলে ব্যারনই মেলানিয়ার অগ্রাধিকার

ডকুসিরিজে ছেলে ব্যারন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক নিয়েও কথা বলেছেন মেলানিয়া। ছেলেকে নিজের জীবনের সবচেয়ে বড় অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন তিনি। তবে মা হিসেবে অতিরিক্ত নিয়ন্ত্রণ না করে ব্যারনকে নিজের মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিতে চান।

অ্যাসোসিয়েটেড প্রেসের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারনকে নিজের পছন্দ অনুযায়ী জীবন গড়তে দিতে চান মেলানিয়া।

তিনি বলেন, ‘আমি ব্যারনের কাছে খুবই কুল মা। আমি তাকে সব সময় এ কথাই মনে করিয়ে দিই। সে আমার অগ্রাধিকার এবং সব সময়ই তা থাকবে।’

জনসমক্ষে বেড়ে ওঠার কারণে ব্যারনকে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বলেও স্বীকার করেন মেলানিয়া। তাঁর মতে, ব্যারন মানসিকভাবে বেশ দৃঢ়। তবে অন্য শিশুদের তুলনায় তাকে অনেক দ্রুত বড় হতে হয়েছে, কারণ তার জীবন সমবয়সী অন্য শিশুদের মতো নয়।

মেলানিয়া বলেন, ‘সে খুব শক্ত মানসিকতার। তার জীবন অন্য শিশুদের মতো নয়।’

২০ বছর বয়সী ব্যারন ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার একমাত্র সন্তান। তিনি নিউইয়র্ক ইউনিভার্সিটিতে ব্যবসায় শিক্ষা নিয়ে পড়াশোনা করছেন। আগের দুই বিয়েতে ট্রাম্পের আরও চার সন্তান রয়েছেন—ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা ট্রাম্প, এরিক ট্রাম্প ও টিফানি ট্রাম্প।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত