যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় মালবাহী ট্রেন থেকে ২ কোটি ২৫ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য চুরির অভিযোগে ১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুই বছর ধরে কয়েক ডজন ট্রেনে চালানো এসব চুরির ঘটনায় জুতা, পাওয়ার টুলসসহ বিভিন্ন ভোগ্যপণ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত আসামিরা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন পথে চলাচলকারী উচ্চমূল্যের পণ্যবাহী ট্রেনগুলোকে লক্ষ্যবস্তু করেন। চুরি করা পণ্য কালোবাজারে বিক্রি করাই ছিল তাঁদের উদ্দেশ্য।
লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দরের মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিয়মিত বিভিন্ন পণ্য প্রবেশ করে। পরে সেগুলো ট্রেনে করে দেশের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয়। বিচার বিভাগের অভিযোগ, চক্রটি ক্যালিফোর্নিয়ার বিভিন্ন রেলপথের নির্দিষ্ট স্থান আগে থেকেই বেছে নিত। পিকো রিভেরা, ফুলারটনসহ বিভিন্ন এলাকায় তারা পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটায়।
ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রের বরাত দিয়ে বিচার বিভাগ জানায়, চক্রের সদস্যরা রেললাইনের পাশে পৌঁছাতে ট্রাক ও ভ্যান ভাড়া করতেন কিংবা নিজেদের গাড়ি ব্যবহার করতেন। তাঁদের কয়েকজন চলন্ত ট্রেনে উঠে সেটির কার্যক্রম বন্ধ করে দিতেন, যাতে ট্রেনটি জরুরি ভিত্তিতে থেমে যায়। এরপর ট্রেন থেকে চুরি করা পণ্য ট্রাক ও ভ্যানে তুলে গোপন গুদাম বা আস্তানায় নিয়ে যাওয়া হতো। সেখান থেকে সেগুলো কালোবাজারে বিক্রি করা হতো।
বিচার বিভাগের তথ্য অনুযায়ী, চক্রের সদস্যরা নিজেদের মধ্যে গ্রুপ চ্যাটে চুরি করা পণ্যের বিবরণ আদান-প্রদান করতেন। চুরির পরিকল্পনা ও তা বাস্তবায়নের সময় তোলা ছবি এবং ভিডিওও তাঁরা সেখানে শেয়ার করতেন বলে অভিযোগ রয়েছে।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি বিল এসাইলি এক বিবৃতিতে বলেন, চুরির পরিমাণ বিস্ময়কর। যারা ট্রেন থেকে পণ্য লুট করে এবং জেনেশুনে চোরাই পণ্য বিক্রি করে অর্থ উপার্জন করে, তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ অনুযায়ী, এই চক্রের সবচেয়ে কম বয়সী সদস্যের বয়স ২১ বছর। তাঁকে পুরো পরিকল্পনার নেতৃত্ব দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। বাকি ১৩ জনের বয়স ২৩ থেকে ৩৮ বছরের মধ্যে। তাঁদের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগ আনা হয়েছে।
১৪ জনের সবার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া আন্তঃরাজ্য রেলপথে পরিবহন করা পণ্য চুরি এবং চোরাই পণ্য নিজেদের কাছে রাখা বা গ্রহণের অভিযোগে তাঁদের বিরুদ্ধে এক ডজনের বেশি ধারায় অভিযোগ রয়েছে। রেল পরিবহন সংস্থার বিরুদ্ধে সহিংসতার অভিযোগেও দুটি ধারা যুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস শহরের কেন্দ্রস্থলে অবস্থিত যুক্তরাষ্ট্রের জেলা আদালতে তাঁদের হাজির করা হয়।
অভিযোগ প্রমাণিত হলে ষড়যন্ত্রের দায়ে প্রত্যেকের সর্বোচ্চ পাঁচ বছর, প্রতিটি চুরির অভিযোগে সর্বোচ্চ ১০ বছর এবং রেল পরিবহন সংস্থার বিরুদ্ধে সহিংসতার প্রতিটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।
লস অ্যাঞ্জেলেস কাউন্টির জেলা অ্যাটর্নি নাথান জে. হকম্যান বলেন, ১৪ মাসের তদন্তের পর এই অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাঁদের তদন্ত ব্যুরোর সহায়তায় পরিচালিত অভিযানে চুরি করা পণ্য থেকে শুরু করে সেগুলো পুনরায় বিক্রি করে লাভবান হওয়া ব্যক্তিদের পুরো অপরাধী চক্র ভেঙে দেওয়ার গুরুত্ব উঠে এসেছে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থা সুরক্ষিত রাখা এবং পণ্য যেন নির্ধারিত গন্তব্যে পৌঁছায়, কালোবাজারে না যায়—তা নিশ্চিত করতে তাঁরা কাজ করছেন।
সূত্র: সিএনএন