অবরোধ ভাঙতে প্রস্তুত তেহরান, কড়া হুঁশিয়ারি মোহসেন রেজাইয়ের

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) সচিব মেজর জেনারেল মোহসেন রেজাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবরোধ পরিকল্পনাকে “বিভ্রান্তিকর ও নিষ্ফল” বলে উড়িয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, যেকোনো নতুন আগ্রাসনের কঠোর জবাব দিতে এবং এই অবরোধ ভাঙতে ইরান পুরোপুরি প্রস্তুত।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় রেজাই দাবি করেন, ট্রাম্প ও তার প্রশাসন পূর্বের ব্যর্থ সামরিক অভিযান থেকে কোনো শিক্ষা নেয়নি। তার মতে, সাম্প্রতিক অবরোধের কৌশলও আগের ব্যর্থ যুদ্ধ পরিকল্পনারই ধারাবাহিকতা।

রেজাই আরও উল্লেখ করেন, ইরানের জনগণ, সশস্ত্র বাহিনী এবং রাষ্ট্রীয় কাঠামো সম্মিলিতভাবে এই অবরোধ মোকাবিলায় দৃঢ়সংকল্পবদ্ধ। যেকোনো আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারিও দেন তিনি।

‘আয়রন গেট’ নামে একটি নতুন টাস্ক ফোর্স গঠনের মাধ্যমে যুক্তরাষ্ট্র চাপ বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরই রেজাইয়ের এই বক্তব্য সামনে আসে। ওয়াশিংটনের দাবি, কাস্পিয়ান সাগর ও স্থল সীমান্তের বাণিজ্যিক রুটগুলো লক্ষ্য করে চলমান নৌ-অবরোধ আরও বিস্তৃত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সাথে যৌথভাবে শুরু করা সামরিক অভিযানে কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়ার পরই ওয়াশিংটন ইরানের ওপর এই অবরোধ আরোপ করে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

এর আগে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র দেশটিতে স্থল অবরোধ কার্যকর করতে পারবে—এমন ভাবনা বাস্তবসম্মত নয়। সীমান্তবর্তী প্রদেশগুলোর সাথে প্রতিবেশী রাষ্ট্রগুলোর গভীর অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংযোগের কথাও তিনি তুলে ধরেন।

আরাগচির ভাষায়, ইরানের বিশাল ভৌগোলিক আয়তন এবং প্রদেশগুলোর ভিন্ন ভিন্ন বাস্তবতায় স্থল অবরোধ প্রায় অসম্ভব। প্রতিটি প্রদেশের নিজস্ব সক্ষমতা থাকায় এমন উদ্যোগ সহজে সফল হবে না বলে তিনি মনে করেন।

সূত্র: প্রেস টিভি