ইসরায়েলের রাষ্ট্রীয় পরিচয় নিয়ে বিস্ফোরক মন্তব্য সিনেটর আল-সাইয়িদের

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:১২ এএম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নবনির্বাচিত ডেমোক্র্যাটিক সিনেটর আবদুল আল-সাইয়িদ ইসরাইলের রাষ্ট্রীয় পরিচয় নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। 

 

রোববার এনবিসি-র জনপ্রিয় অনুষ্ঠান ‘মিট দ্য প্রেস’-এ তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যেসব দেশকে সমর্থন দেয়, তাদের কাছ থেকে সমতার নীতি বজায় রাখার প্রত্যাশা করা উচিত। তার মতে, ইসরাইল একই সাথে একটি গণতান্ত্রিক এবং ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারে না।

 

জাতি-রাষ্ট্র বনাম গণতন্ত্র : আল-সাইয়িদের অবস্থান

 

অনুষ্ঠানে সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার তাকে প্রশ্ন করেন যে, ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ইসরাইলের কি আর সেই পরিচয়ে টিকে থাকা উচিত নয়? 

 

এই প্রশ্নের আগে তিনি মঙ্গলবারের একটি সাক্ষাৎকারের ফুটেজ দেখান, যেখানে এল-সায়েদ ‘দ্য আটলান্টিক’-কে বলেছিলেন যে ইসরাইলকে অবশ্যই ‘তার সকল নাগরিকের সমান অধিকার’ নিশ্চিত করতে হবে এবং ‘নিজেকে কোনো নির্দিষ্ট সংস্কৃতি বা ধর্মের সাথে চিহ্নিত করা উচিত নয়।’

 

ওয়েলকারের প্রশ্নের জবাবে আল-সাইয়িদ স্পষ্টভাবে বলেন, ‘আমি জাতি-রাষ্ট্রে (এথনোস্টেট) বিশ্বাস করি না। আমি শান্তি, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের সমান অধিকারে বিশ্বাস করি।’

 

মার্কিন মূল্যবোধের উদাহরণ টেনে তিনি আরো বলেন, ‘আমরা এই সত্যকে সম্মান করি যে আমাদের গায়ের রঙ ভিন্ন হতে পারে, আমরা ভিন্ন উপায়ে প্রার্থনা করতে পারি, কিন্তু আমেরিকা এবং আমেরিকান আইন আমাদের সবাইকে সমানভাবে সম্মান করে। আমরা যেসব সরকারকে সমর্থন দিচ্ছি, তাদেরও এই অতি সাধারণ ও মৌলিক আদর্শগুলো মেনে চলা উচিত—এই ধারণাটি মোটেও অযৌক্তিক কিছু নয়।’

 

নবনির্বাচিত এই সিনেটরের মতে, ‘আমাদের দীর্ঘকাল ধরে বলা হয়ে আসছে যে ইসরাইল একটি ইহুদি ও গণত্রিক রাষ্ট্র। আমার মনে হয় মানুষ এখন বেছে নিতে বাধ্য হচ্ছে—এটি কি একটি ইহুদি রাষ্ট্র নাকি একটি গণতান্ত্রিক রাষ্ট্র? এবং আমি আমাদের আদর্শের ভিত্তিতে যুক্তি দেব যে, আমাদের সবসময়ই অন্য সবকিছুর উপরে গণতন্ত্রকে স্থান দেয়া উচিত।’

 

ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি ও জোট গঠন নিয়ে অভিযোগ

 

সাক্ষাৎকারে আল-সাইয়িদ ইসরাইলে নতুন সরকার গঠনের চেষ্টাকারী গাদি আইজেনকোটের সমালোচনা করেন। 

 

তিনি অভিযোগ করেন যে আইজেনকোট ‘প্রধানত আরব দলগুলোকে বাদ দিয়ে সরকার গঠনের জন্য সম্ভাব্য সবকিছুই করছেন।’

 

তবে তথ্যানুযায়ী, আইজেনকোট জোট গঠনের জন্য অন্যান্যদের পাশাপাশি আরব-নেতৃত্বাধীন দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছেন। একইসাথে তিনি বিদায়ী ডানপন্থী সরকারের দলগুলোর পক্ষ থেকে আরব-নেতৃত্বাধীন দলগুলোকে অবৈধ ঘোষণা করার প্রচেষ্টারও ধারাবাহিকভাবে নিন্দা জানিয়ে আসছেন।

 

ধর্মীয় রাষ্ট্র ও সঞ্চালকের পাল্টা প্রশ্ন

 

নির্বাচনের কয়েক সপ্তাহ পরও আল-সাইয়িদ একটি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরাইলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তোলা অব্যাহত রেখেছেন। তার এই অবস্থান মার্কিন কংগ্রেসের স্বল্পসংখ্যক কিন্তু সরব জায়নবাদ-বিরোধী কণ্ঠস্বরের সাথে সামঞ্জস্যপূর্ণ।

 

‘মিট দ্য প্রেস’ সাক্ষাৎকারের সময় সঞ্চালক ক্রিস্টেন ওয়েলকার তার মন্তব্যের বিরোধিতা করেন। 

 

তিনি উল্লেখ করেন যে, বিশ্বের ৪৩টি দেশ কোনো না কোনো নির্দিষ্ট ধর্মের সাথে নিজেদের চিহ্নিত করে—যার মধ্যে পাকিস্তান একটি ইসলামি প্রজাতন্ত্র এবং ডেনমার্ক সাংবিধানিকভাবে খ্রিস্টান রাষ্ট্র। 

 

এরপর তিনি জানতে চান, বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কেন তার জাতীয় পরিচয় ত্যাগ করবে?

 

জবাবে এল-সায়েদ জানান, তিনি সাধারণভাবেই যেকোনো জাতি-রাষ্ট্রের বিরোধী। তিনি উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানের সামরিক বাহিনীকেও অর্থায়ন করার মতো কাজে জড়িত থাকা উচিত নয়’ এবং তিনি তার আদর্শগুলো সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন।

 

ফিলিস্তিনিদের অধিকার ও সমতার আহ্বান 

 

ফিলিস্তিনিদের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে এল-সায়েদ বলেন, ‘সেখানে ফিলিস্তিনি জনগণও রয়েছে, যাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে পবিত্র ভূমিতে (হোলি ল্যান্ড) বসবাস করে আসছে। সেই মানুষগুলোকে বলা হয়েছিল যে তাদের নিজস্ব একটি রাষ্ট্র হবে, অথচ তারা কেবল দেখছে যে ইসরাইলি রাষ্ট্রের পরিধি বাড়ছে এবং আমরা তাতে সমর্থন দিচ্ছি।’

 

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে এল-সায়েদ ‘ফিলিস্তিনি এবং ইহুদি ইসরাইলি উভয়ের জন্যই গণতন্ত্রের নীতি, ন্যায়বিচারের নীতি এবং শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের সমান অধিকারের নীতিকে’ সমর্থন করার গুরুত্বের ওপর জোর দেন।

 

তিনি আরো যোগ করেন, ‘এটি কোনো নির্দিষ্ট জনগোষ্ঠীর বিরোধিতা করা নয়। এটি এমন একগুচ্ছ নীতিকে সমুন্নত রাখার বিষয়, যার অধীনে সকল মানুষ সমান অধিকার পেতে পারে।’

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত