মালয়েশিয়ায় সনদভিত্তিক হাদিসশাস্ত্রের প্রচার ও প্রসারে অসামান্য ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ ‘হাদিস সনদ সম্মাননা’ অর্জন করেছেন দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম। ভারতের গ্র্যান্ড মুফতি শায়খ আবুবকর আহমদের নেতৃত্বে বিশ্বের শীর্ষস্থানীয় আলেম ও হাদিসবিশারদরা তাকে এই বিরল সম্মাননায় ভূষিত করেন।
সোমবার (২৩ নভেম্বর) রাতে মালয়েশিয়ার ঐতিহাসিক পুত্রা মসজিদে আন্তর্জাতিকভাবে আয়োজিত ‘জামি আত-তিরমিজি ও আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের পাঠ সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, এই অর্জন কেবল প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত সাফল্য নয়। বরং মালয়েশিয়ায় বিশুদ্ধ হাদিস চর্চার মর্যাদা প্রতিষ্ঠায় দেশটির আলেম সমাজ, গবেষক, ধর্মীয় প্রতিষ্ঠান এবং শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত সাধনারই বহিঃপ্রকাশ।
সম্মাননার স্মারক হিসেবে আনোয়ার ইব্রাহিমকে ‘তুহফাতুল জলিস বি ইজাজাতি ফাখামাতির রঈস’ নামের একটি বিশেষ সনদপত্র প্রদান করা হয়। বাহরাইনের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শায়খ ড. নাজি রশিদ আল-আরাবি অত্যন্ত যত্নসহকারে এই সনদটি সংকলন করেছেন।
এই ঐতিহাসিক সনদে হাদিসশাস্ত্রের প্রধান ছয়টি বিশুদ্ধ গ্রন্থ বা সিহাহ সিত্তাহর সনদ অন্তর্ভুক্ত রয়েছে। গ্রন্থগুলো হলো—সহিহ বুখারি, সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, জামি আত-তিরমিজি, সুনানে নাসায়ি এবং সুনানে ইবনে মাজাহ।
পাশাপাশি ইমাম মালিকের মুয়াত্তা এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ি ও ইমাম আহমদের মুসনাদসহ ধারাবাহিক বর্ণনাসম্পন্ন হাদিসের সনদও এতে যুক্ত করা হয়েছে। হাদিসশাস্ত্রের প্রচলিত নীতিমালা অনুসরণ করে সাধারণ সনদও এই সংকলনে স্থান পেয়েছে।
আয়োজকদের মতে, এমন আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে মালয়েশিয়া এখন বিশ্বজুড়ে হাদিস বিশারদ ও জ্ঞানপিপাসু শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হচ্ছে। এর ফলে ইসলামি জ্ঞানচর্চায় দেশটির অবস্থান আরও সুদৃঢ় হচ্ছে।
১১ দিনব্যাপী এই হাদিস পাঠ ও শিক্ষা কার্যক্রমের সমাপনী দিনে পুত্রা মসজিদে প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। এতে দেশি-বিদেশি ৪০ জন বরেণ্য আলেম ও হাদিস গবেষক অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে ২০২৪ সালে সহিহ বুখারি এবং ২০২৫ সালে সহিহ মুসলিমের পাঠ সমাপনী অনুষ্ঠিত হয়েছিল। সেই সাফল্যের রেশ ধরেই এ বছর ‘আশ-শামায়েলে মুহাম্মদিয়া’ গ্রন্থের পাঠ ছিল আয়োজনের মূল আকর্ষণ।
এই গ্রন্থে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৈহিক গঠন, চারিত্রিক মাধুর্য, জীবনযাপন ও উত্তম আখলাকের বিবরণ সংকলিত হয়েছে। এর মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মাঝে নবীজির (সা.) আদর্শ ছড়িয়ে দেওয়া এবং সুন্নাহ অনুসরণে উদ্বুদ্ধ করা।
সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন সনদভিত্তিক হাদিস শিক্ষার প্রাচীন ঐতিহ্যকে টিকিয়ে রাখছে, অন্যদিকে মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা ও তার আদর্শ চর্চায় মানুষের আগ্রহ বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।