কক্সবাজারে সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৫

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫০ এএম

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচজন প্রাণ হারিয়েছেন। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার ঠিক সামনেই এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি দ্রুতগতির বাস বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজন যাত্রীর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করেন এবং রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত আরও দুইজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়ায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। নিহতদের মধ্যে এখন পর্যন্ত কেবল জসিম নামের এক ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম সিফাতুল মাজদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে নিহত তিনজনের লাশ মালুমঘাট হাইওয়ে পুলিশ উদ্ধার করেছে। এছাড়া হাসপাতালে মারা যাওয়া বাকি দুইজনের লাশ সেখানেই রাখা হয়েছে এবং আহত অপর ব্যক্তি চিকিৎসাধীন আছেন।

 

এইচএন
আরও পড়ুন