ইউক্রেন যুদ্ধে প্রায় ৫ লাখ রুশ সেনার মৃত্যু

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটির অন্তত ৪ লাখ ৯০ হাজার ৩৩৪ সেনা নিহত হয়েছেন। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের (Rosstat) ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ হিসাব পেয়েছে বিবিসি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুদ্ধ প্রায় পাঁচ বছরে গড়ানোর মুখে রাশিয়ার বিপুল প্রাণহানির চিত্র উঠে এসেছে এই বিশ্লেষণে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ের ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যুর নথি তাদের হাতে এসেছে। বেলারুশভিত্তিক হ্যাকার সংগঠন সাইবার পার্টিজানস বাই এবং ইউক্রেনের সাইলেন্ট ক্রো এসব তথ্য হ্যাক করে সংগ্রহ করেছে। রাশিয়ার পরিসংখ্যান সংস্থা সাইবার হামলার ঘটনা স্বীকার করলেও সুরক্ষিত কোনো তথ্য ফাঁস হওয়ার কথা অস্বীকার করেছে।

বিবিসি রাশিয়ান ও স্বাধীন রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা রসস্ট্যাটের তথ্যের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে উন্মুক্ত সূত্রের ভিত্তিতে তৈরি নিজেদের তালিকা মিলিয়ে দেখেছে। এতে দুই পক্ষের তথ্যের প্রায় ৯০ শতাংশের মিল পাওয়া গেছে।

বিশ্লেষণে দেখা গেছে, ২০২৫ সালে রাশিয়ায় ১৮ থেকে ২৪ বছর বয়সী যেসব পুরুষ মারা গেছেন, তাঁদের ৬৫ শতাংশের মৃত্যু হয়েছে যুদ্ধে। ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের ক্ষেত্রে এই হার ৫৯ শতাংশ। ৪৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে কেবল হৃদ্‌রোগ ও রক্তনালির রোগে মৃত্যুর সংখ্যা যুদ্ধজনিত মৃত্যুর চেয়ে বেশি।

ইউক্রেনের নির্দিষ্ট কিছু এলাকা দখলের লড়াইয়েও রাশিয়ার বিপুল প্রাণহানির তথ্য উঠে এসেছে। যুদ্ধ শুরুর আগে মোট ১২ হাজার মানুষের বসবাস ছিল—এমন ১০টি ইউক্রেনীয় গ্রাম নিয়ন্ত্রণে নিতে গিয়ে প্রায় ২০ হাজার রুশ সেনা নিহত হয়েছেন।

এর মধ্যে দোনেৎস্ক অঞ্চলের বাখমুত শহরের দক্ষিণে অবস্থিত আন্দ্রিয়িভকা নামের একটি ছোট গ্রামের লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১২২ জন রুশ সেনা। যুদ্ধের আগে গ্রামটিতে বাস করতেন মাত্র ৭৪ জন।

রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে নিজেদের সামরিক হতাহতের কোনো সরকারি হিসাব প্রকাশ করেনি। এমনকি দুই বছর আগে রসস্ট্যাটও বাহ্যিক কারণে মৃত্যুর পরিসংখ্যান প্রকাশ বন্ধ করে দেয়। এই তথ্য ব্যবহার করে যুদ্ধের প্রাণহানির পরিমাণ সম্পর্কে ধারণা পাওয়া যেত।

তবে ফাঁস হওয়া তথ্যেও সব মৃত্যুর হিসাব নেই। উদাহরণ হিসেবে, ইউক্রেনের পূর্বাঞ্চলের রুশ-অধিকৃত দোনেৎস্ক ও লুহানস্ক এলাকার যেসব বাসিন্দা রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে নিহত হয়েছেন, তাঁদের মধ্যে বিবিসির শনাক্ত করা মৃত্যুর মাত্র ৭০ শতাংশ রসস্ট্যাটের নথিতে পাওয়া গেছে।

যেভাবে প্রায় পাঁচ লাখ মৃত্যুর হিসাব

রসস্ট্যাটের তথ্যভান্ডারে নিহত ব্যক্তিদের নাম নেই। তবে তাঁদের বয়স, বসবাসের স্থান, মৃত্যুর স্থান এবং মৃত্যুর পরিস্থিতি উল্লেখ রয়েছে।

বিবিসি প্রথমে ইউক্রেন এবং ইউক্রেনীয় সেনাদের অনুপ্রবেশের শিকার রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলগুলোর মৃত্যুর নথি আলাদা করে। এরপর বিস্ফোরণ, গোলার আঘাত বা যুদ্ধ চলাকালে ছিন্নভিন্ন হওয়ার মতো সামরিক সংঘাতসংশ্লিষ্ট মৃত্যুর কারণ উল্লেখ রয়েছে—এমন ৪ লাখ ২৫ হাজার ১৭৪টি নথি শনাক্ত করা হয়।

এসব নথির মধ্যে বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্যও থাকতে পারে। তাই নারী এবং ১৮ থেকে ৬৫ বছর বয়সসীমার বাইরে থাকা পুরুষদের হিসাব থেকে বাদ দেওয়া হয়। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের চার অঞ্চলে বসবাস ও মৃত্যুর তথ্য পাওয়া গেলে, সামরিক চাকরির প্রমাণ না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্ভাব্য বেসামরিক নাগরিক হিসেবে বাদ দেওয়া হয়েছে।

এ ছাড়া পেশাগত পরিচয়ের তথ্য বিশ্লেষণ করে আরও ১৪ হাজার ৯৩টি মৃত্যুর নথি শনাক্ত করা হয়। পাশাপাশি আদালতের আদেশে মৃত ঘোষণা করা হয়েছে—এমন ৫১ হাজার ৬৭টি নথিও হিসাবের অন্তর্ভুক্ত করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে কোনো সেনা নিখোঁজ হওয়ার পর ছয় মাসের বেশি সময় তাঁর খোঁজ না মিললে এবং মরদেহ উদ্ধার করা না গেলে সাধারণত এ ধরনের আদালতের আদেশ দেওয়া হয়।

এ ক্ষেত্রেও বেসামরিক নাগরিকদের বাদ দিতে ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধপ্রভাবিত এলাকাগুলোতে মৃত্যুর ঘটনাই বিবেচনায় নেওয়া হয়েছে।

বিবিসি রাশিয়ান ও মিডিয়াজোনা উন্মুক্ত সূত্র, সরকারি ঘোষণা, সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য, নতুন স্মৃতিসৌধ এবং কবরের তথ্য যাচাই করে রুশ সেনাদের মৃত্যুর একটি পৃথক তালিকা তৈরি করেছে। ওই তালিকায় নিশ্চিতভাবে শনাক্ত করা মৃত্যুর সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১২। তবে সব মৃত্যুর খবর প্রকাশ্যে আসে না বলে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

রসস্ট্যাটের তথ্য বিশ্লেষণেও বিবিসির নিজস্ব তালিকায় পাওয়া প্রবণতাগুলোর সঙ্গে মিল দেখা গেছে। ফাঁস হওয়া নথি অনুযায়ী, যুদ্ধের প্রথম বছরে নিহত রুশ সেনাদের গড় বয়স ছিল ৩৪ বছর। ২০২৫ সালে কারাগার থেকে নিয়োগ পাওয়া ব্যক্তি ও চুক্তিভিত্তিক সেনাদের অংশগ্রহণ বাড়ার পর এই গড় বয়স বেড়ে ৪০ বছরে দাঁড়ায়। বিবিসির নিজস্ব তালিকায় অবশ্য গড় বয়স ৩৮ বছর।

দরিদ্র অঞ্চলে প্রাণহানির হার বেশি

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার তুলনামূলক দরিদ্র কয়েকটি অঞ্চল থেকে যুদ্ধে নিহত সেনার সংখ্যা জনসংখ্যার অনুপাতে অনেক বেশি। টুভা, বুরিয়াতিয়া ও জাবাইকালস্কি ক্রাই অঞ্চলের পুরুষদের যুদ্ধে নিহত হওয়ার আশঙ্কা মস্কো ও সেন্ট পিটার্সবার্গের বাসিন্দাদের তুলনায় ২০ থেকে ২৫ গুণ বেশি।

অধিকাংশ অঞ্চলে রসস্ট্যাটের তথ্যের ভিত্তিতে পাওয়া মৃত্যুর অনুপাতের সঙ্গে বিবিসির নিজস্ব তালিকার পার্থক্য কয়েক দশমিক শতাংশের মধ্যে সীমাবদ্ধ।

রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে নিহত অন্তত ৫ হাজার ১৭ জন বিদেশির তথ্যও পেয়েছে বিবিসি। তাঁদের মধ্যে ১ হাজার ৩১ জন উজবেকিস্তানের এবং ৭২০ জন তাজিকিস্তানের নাগরিক। বেসামরিক নাগরিকের মৃত্যুর তথ্য যাতে এই হিসাবে যুক্ত না হয়, সে জন্য ইউক্রেনীয়দের বাদ দেওয়া হয়েছে।

তবে এই সংখ্যাও প্রকৃত চিত্রের চেয়ে কম হতে পারে। কারণ, দ্বৈত নাগরিকত্বধারীদের রসস্ট্যাটের তথ্যভান্ডারে রুশ নাগরিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০২৪ সালে রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে নিহত উত্তর কোরীয় সেনাদের বিষয়েও ওই তথ্যভান্ডারে কোনো উল্লেখ নেই।

স্যাটেলাইট চিত্র এবং পিয়ংইয়ংয়ে নির্মিত নতুন স্মৃতিসৌধের সরকারি ছবি বিশ্লেষণ করে উত্তর কোরিয়ার ২ হাজার ৩০৪ সেনার মৃত্যুর তথ্য শনাক্ত করেছে বিবিসি।

প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে

বিবিসির বিশ্লেষণে পাওয়া রসস্ট্যাটের তথ্য পুরোপুরি নির্ভুল বা সম্পূর্ণ না হলেও নিজস্ব অনুসন্ধানের সঙ্গে মিলিয়ে দেখলে তা গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরে। সামরিক বিশেষজ্ঞদের ধারণা, উন্মুক্ত সূত্র থেকে বিবিসি ও মিডিয়াজোনার শনাক্ত করা ২ লাখ ৯০ হাজার ১২ জনের মৃত্যুর হিসাব প্রকৃত প্রাণহানির ৪৫ থেকে ৫৫ শতাংশ হতে পারে। সে হিসাবে রাশিয়ার প্রকৃত সামরিক মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ২৯৫ থেকে ৬ লাখ ৪৪ হাজার ৪৭১-এর মধ্যে হতে পারে।

যুদ্ধের সময়কাল চার বছর ১০ মাসে পৌঁছানোর প্রেক্ষাপটে রাশিয়ার এই প্রাণহানির সংখ্যা অনেক বেশি। ১৯৮৯ সালে শেষ হওয়া সোভিয়েত-আফগান যুদ্ধের সঙ্গে তুলনা করলেও বিষয়টি স্পষ্ট হয়।

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০২৬ সালের জুলাইয়ে তাঁর দেশের প্রায় ৫০ হাজার সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিলেন। তবে ইউএ লসেস নামের একটি বেনামি ওয়েবসাইট উন্মুক্ত সূত্রের ভিত্তিতে ইউক্রেনীয় সেনাদের মৃত্যুর যে তালিকা তৈরি করেছে, সেখানে নিহতের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ৯৫২।

সূত্র: বিবিসি