যুক্তরাজ্যের সতর্কতা

ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া প্রতিষ্ঠানে রুশ নাশকতার আশঙ্কা

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম

ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র ও সরঞ্জাম সরবরাহে সহায়তাকারী প্রতিষ্ঠানগুলো রাশিয়ার সম্ভাব্য নাশকতার লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নিরাপত্তা সংস্থা এমআই৫ (MI5) মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিরল জনসতর্কতা জারি করে এ আশঙ্কার কথা জানিয়েছে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ন্যাশনাল প্রোটেকটিভ সিকিউরিটি অথরিটি (এনপিএসএ) এক বিবৃতিতে বলেছে, যেসব প্রতিষ্ঠান ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনাকাটা বা সরবরাহের কাজে যুক্ত, সেগুলো সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে।

সতর্কবার্তায় বলা হয়, এ ধরনের নাশকতায় সাধারণত মধ্যস্থতাকারী বা ভাড়াটে লোকজনকে ব্যবহার করা হয়। তারা অগ্নিসংযোগের মতো তুলনামূলক সহজ পদ্ধতিতে নাশকতা চালাতে পারে। রাশিয়ার হয়ে কাজ করছে বলে সন্দেহ করা ব্যক্তিদের কাছ থেকে নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

‘যুক্তরাজ্যে হামলার পরিকল্পনা নেই’: রাশিয়া

যুক্তরাজ্যের এই সতর্কবার্তা প্রত্যাখ্যান করেছে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস। এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাজ্যে হামলা চালানোর কোনো পরিকল্পনা, কারণ বা উদ্দেশ্য রাশিয়ার নেই।

দূতাবাসের অভিযোগ, ইউক্রেন নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে এর দায় রাশিয়ার ওপর চাপানোর চেষ্টা করছে, যাতে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে আরও অর্থ আদায় করা যায়। তবে কিয়েভ বারবার এ অভিযোগ অস্বীকার করেছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাজ্য কিয়েভের অন্যতম প্রধান সমর্থক হিসেবে কাজ করছে। এ সময়ের মধ্যে বেশ কয়েকটি গুপ্তচরবৃত্তি ও নাশকতার পরিকল্পনার পেছনে রাশিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছে লন্ডন।

গত বছর ইউক্রেনে পাঠানোর জন্য প্রস্তুত রাখা স্টারলিংক স্যাটেলাইট সরঞ্জাম সংরক্ষিত একটি গুদামে অগ্নিসংযোগের ঘটনায় তিন ব্রিটিশ নাগরিক দোষী সাব্যস্ত হন। রাষ্ট্রপক্ষের আইনজীবীদের দাবি ছিল, রুশ সামরিক গোয়েন্দা সংস্থার সদস্যদের নির্দেশনায় ওই হামলা চালানো হয়েছিল।

এ ছাড়া গত সেপ্টেম্বরে রুশ সামরিক গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে কথিত যোগাযোগের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগ আনা হয়।

সম্প্রতি ইউরোপের আরও কয়েকটি দেশ রাশিয়াকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়েছে। রোববার এস্তোনিয়া তাদের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানে সন্দেহভাজন নাশকতার ঘটনার পর রাশিয়ার সঙ্গে সব সীমান্ত পারাপার বন্ধের ঘোষণা দেয়। এর আগের সপ্তাহে নরওয়ের নিরাপত্তা সংস্থা জানায়, আগামী এক বছরে দেশটিতে রুশ গোয়েন্দাদের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর আশঙ্কা রয়েছে।

প্রতিরক্ষা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো খাতে নিরাপত্তা বৈঠক

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দুই দিন জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রতিরক্ষা খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে রুদ্ধদ্বার নিরাপত্তা বৈঠক করা হবে। এসব বৈঠকে প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের বিষয়ে পরামর্শ দেওয়া হবে।

যুক্তরাজ্যের নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ড্যান জারভিস বলেন, ইউরোপজুড়ে সাম্প্রতিক নাশকতার চেষ্টাগুলো বর্তমান নিরাপত্তাঝুঁকির গুরুতর দিক তুলে ধরেছে।

তিনি বলেন, যারা যুক্তরাজ্য ও তার মিত্রদেশগুলোর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে, তাদের কর্মকাণ্ড অত্যন্ত নিন্দনীয়। বিশেষ করে ইউক্রেনকে সহায়তার গুরুত্বপূর্ণ কাজে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার চেষ্টা উদ্বেগজনক।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন