'ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট নেতা ও বিশ্বাসঘাতক'

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘বিশ্বাসঘাতক’ এবং দেশটির ইতিহাসের অন্যতম নিকৃষ্ট নেতা বলে আখ্যায়িত করেছেন তাঁর একসময়ের ঘনিষ্ঠ সমর্থক স্টুয়ার্ট রোডস। ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন এবং তাঁর সমর্থকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন তিনি।

স্টুয়ার্ট রোডস যুক্তরাষ্ট্রের উগ্র ডানপন্থী সংগঠন ‘ওথ কিপার্স’-এর প্রতিষ্ঠাতা। অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বিদেশের যুদ্ধ বন্ধ করা এবং ওয়াশিংটনের দুর্নীতি দূর করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও ট্রাম্প সেসব প্রতিশ্রুতি থেকে সরে গেছেন।

রোডস বলেন, ‘ট্রাম্পের প্রতি আমার সমর্থন পুরোপুরি শেষ। তিনি শুধু বিশ্বাসঘাতকই নন, আমাদের দেশের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট নেতাও।’

২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ভূমিকার জন্য রাষ্ট্রদ্রোহমূলক ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন রোডস। পরে তাঁকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের শুরু করা সামরিক অভিযানের সমালোচনা করে রোডস বলেন, বিদেশের যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তিনি নিজের সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।

দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি প্রকাশের দাবিতে ট্রাম্পের প্রতিক্রিয়ারও সমালোচনা করেন রোডস। তাঁর ভাষ্য, নথি প্রকাশের দাবিতে সোচ্চার ব্যক্তিদের ‘সাবেক সমর্থক’ বলে ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা তাঁর কাছে অপমানজনক মনে হয়েছে।

রোডস বলেন, ‘ওয়াশিংটনের দুর্নীতি দূর করতে আমরা তাঁকে নির্বাচিত করেছিলাম। “ড্রেইন দ্য সোয়াম্প” অর্থাৎ ক্ষমতার কেন্দ্রের দুর্নীতি ও অনিয়ম দূর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। দুর্ভাগ্যজনকভাবে, তাঁর প্রশাসন যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম দুর্নীতিগ্রস্ত প্রশাসনে পরিণত হয়েছে।’

২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় ভূমিকার জন্য রোডসকে ১৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প তাঁর সাজা কমিয়ে দেন। একই সময়ে ক্যাপিটল হামলায় দণ্ডিত আরও শত শত ব্যক্তিকে ক্ষমা করেন তিনি। চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ রোডসের দণ্ডাদেশ বাতিল করে।

তবে পূর্ণ ক্ষমা না দিয়ে শুধু সাজা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ট্রাম্পের সমালোচনা করেছেন রোডস। তিনি বলেন, ‘ক্ষমাগুলো দেওয়া হচ্ছে সুবিধা আদান-প্রদানের ভিত্তিতে, সবকিছুই যেন সুবিধা আদান-প্রদানের বিষয়।’

ট্রাম্পের সঙ্গে রোডসের এই বিরোধের ঘটনা এমন এক সময়ে সামনে এসেছে, যখন ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও তাঁর রিপাবলিকান মিত্রদের ওপর রাজনৈতিক চাপ তৈরি করেছে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পেছনেও যুদ্ধের প্রভাব ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ পেয়েছে। ফলে ট্রাম্পের প্রেসিডেন্সির শেষ দুই বছরে আইনসভায় রিপাবলিকানদের নিয়ন্ত্রণের অবসান ঘটেছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পাশাপাশি জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও ভোটারদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। রয়টার্সের প্রকাশিত নির্বাচনী জরিপের তথ্য অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার উচ্চমূল্যের জন্য ট্রাম্পকে দায়ী করেছেন। আর প্রায় তিন-চতুর্থাংশ ভোটার দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ বা অসন্তুষ্ট ছিলেন।

ইসরায়েলের প্রতি ট্রাম্পের সমর্থনও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজনের একটি কারণ হয়ে উঠেছে। দেশটির সামরিক সহায়তা এবং ওয়াশিংটনের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার নিয়ে জনমনে সমালোচনা বাড়ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এসজেড
আরও পড়ুন