ট্রাম্পের নতুন শুল্কনীতির প্রভাবে মার্কিন শেয়ারবাজারে ধস

অতিরিক্ত উৎপাদনের মাধ্যমে অন্যায্য সুবিধা নেয়ার অভিযোগ তুলে বাংলাদেশ, চীন ও ইউরোপীয় ইউনিয়নসহ (ইইউ) ১৪টি প্রধান বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর জেরে মার্কিন শেয়ারবাজারে ধস নেমেছে।

 

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক বৈশ্বিক শুল্ক বাতিল করার পর ১২টি দেশ, ২৭ সদস্যের ইইউ এবং স্বশাসিত দ্বীপ তাইওয়ানের বাণিজ্য চর্চার ওপর কয়েক মাস ধরে চলা তদন্তের পর এই প্রস্তাবিত শুল্ক আরোপ করা হলো।

 

বুধবার ঘোষিত সর্বোচ্চ শুল্ক হার সবচেয়ে বেশি আঘাত হানবে চীনের ওপর—যা ২০ শতাংশ; এর সাথে ট্রাম্প তার প্রথম মেয়াদে চীনের ওপর যে প্রায় ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তা যুক্ত হবে। তবে ‘বোর্ড অব ট্রেড’ নামক একটি দ্বিপক্ষীয় ব্যবস্থার মাধ্যমে শুল্ক হ্রাসের বিবেচনায় থাকা প্রায় ৩,০০০ কোটি (৩০ বিলিয়ন) ডলারের চীনা আমদানির ওপর এই প্রস্তাবিত শুল্ক প্রযোজ্য হবে না।

 

ওয়াশিংটন দীর্ঘদিন ধরে চীনের বিরুদ্ধে নিজ দেশের শিল্প খাতে ভর্তুকি দিয়ে ইস্পাত থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন ও সৌর পণ্যের মতো কম দামের রফতানি পণ্যে বিশ্ববাজার সয়লাব করে দেয়ার অভিযোগ করে আসছে, যা বেইজিং বরাবরের মতোই অস্বীকার করেছে।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, "তথাকথিত ‘অতিরিক্ত উৎপাদন সক্ষমতা’ একটি মিথ্যা ইস্যু এবং রাজনৈতিক ফায়দা হাসিলের অজুহাত হিসেবে এটি ব্যবহারের বিরোধিতা করে চীন।" পাশাপাশি তিনি বিশ্বের শীর্ষ দুই অর্থনীতিকে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

 

নতুন শুল্কের মুখোমুখি হওয়া যুক্তরাষ্ট্রের অন্য বাণিজ্য অংশীদারদের মধ্যে রয়েছে ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। মেক্সিকো এবং নরওয়েও এই তদন্তের আওতায় ছিল, তবে তাদের বাণিজ্য চর্চার ওপর তদন্ত এখনো চলমান থাকায় নতুন দফার এই শুল্ক থেকে তাদের বাদ দেওয়া হয়েছে।

 

৩০১ ধারার ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ব্যবহার

১৯৭৪ সালের মার্কিন বাণিজ্য আইনের ৩০১ ধারার অধীনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের শুরু করা আট মাসব্যাপী তদন্তের পর এই শুল্ক ঘোষণা করা হলো। এই ধারায় অযৌক্তিক বা বৈষম্যমূলক বাণিজ্য চর্চায় লিপ্ত দেশগুলোর বিরুদ্ধে আমদানি শুল্ক ও অন্যান্য নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হয়েছে।

 

জর্জটাউন ইউনিভার্সিটি ল সেন্টারের আন্তর্জাতিক আইনের অধ্যাপক গ্রেগরি শ্যাফার আল জাজিরাকে বলেন, 'প্রশাসনের ৩০১ ধারার এই ব্যবহার অত্যন্ত উদ্দেশ্যপ্রণোদিত (সিনিক্যাল)। বিশ্বব্যাপী শুল্ক নির্ধারণ এবং প্রেসিডেন্টের ইচ্ছানুযায়ী যেকোনো সময় তা পরিবর্তনের লক্ষ্যকে সমর্থন জোগাতেই এই তদন্তগুলো শুরু করা হয়েছিল, যার মাধ্যমে সংবিধানে প্রদত্ত কর আরোপের ক্ষমতার আওতায় শুল্ক হার নির্ধারণে কংগ্রেসের কর্তৃত্ব কেড়ে নেয়া হচ্ছে।'

 

পৃথক এক ঘোষণায় হোয়াইট হাউস ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়ারের তৈরি পূর্ণাঙ্গ উড়োজাহাজের ওপরও ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে; ইউনাইটেড এক্সপ্রেস, ডেল্টা কানেকশন এবং আমেরিকান ঈগলের মতো ব্র্যান্ডের অধীনে পরিচালিত মার্কিন আঞ্চলিক বিমান সংস্থাগুলো এই জেটগুলো ব্যাপকভাবে ব্যবহার করে। যুক্তরাষ্ট্রে ব্রাজিলের চতুর্থ বৃহত্তম রপ্তানি পণ্য হলো পূর্ণাঙ্গ উড়োজাহাজ। একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার মতে, কথিত অন্যায্য বাণিজ্য চর্চা সংশোধনে ব্রাসিলিয়াকে চাপ দেয়ার প্রচেষ্টার অংশ হিসেবে কোটা অতিক্রমকারী ব্রাজিলীয় চিনি আমদানির ওপরও শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র।

 

বৈশ্বিক প্রতিক্রিয়া

নতুন শুল্ক ঘোষণার পর বেশ কয়েকটি সরকার এবং ইউরোপীয় ইউনিয়ন প্রতিক্রিয়া জানিয়েছে।

 

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলফ গিল আল জাজিরাকে বলেন, 'উৎপাদন খাতে কাঠামোগত অতিরিক্ত সক্ষমতা সংক্রান্ত ৩০১ ধারার তদন্তের প্রাথমিক ফলাফল যুক্তরাষ্ট্র প্রকাশ করেছে, বিষয়টি ইইউ নজরে রেখেছে। আমরা ফলাফলগুলো পর্যালোচনা করব। একই সাথে ইউরোপ কাঠামোগত অতিরিক্ত সক্ষমতার উৎস—এই ধারণাটি আমরা জোরালোভাবে প্রত্যাখ্যান করছি। বরং অতিরিক্ত সক্ষমতার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে থাকা অঞ্চলগুলোর মধ্যে ইউরোপ অন্যতম।'

 

সুইস সরকারও প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তদন্ত থেকে উদ্ভূত অভিযোগগুলো তারা প্রত্যাখ্যান করছে।

 

সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির অ্যাডজাঙ্কট সিনিয়র ফেলো র‍্যাচেল জিয়েম্বা আল জাজিরাকে বলেন, '[ডিসেম্বরের মাঝামাঝি] জি-২০ সম্মেলনের ঠিক আগমুহূর্তে এই সময় নির্বাচন বৈঠকগুলোকে আলোচনার একটি সুযোগ হিসেবে তৈরি করেছে এবং এটি ২০২৭ সালে মুদ্রাস্ফীতির চাপ ও সামষ্টিক অর্থনৈতিক অস্থিরতা—উভয়ের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে, যা গ্যাসের দাম কমার ফলে প্রাপ্ত কিছু সুবিধা হ্রাস করবে।'

 

অন্যদিকে নরওয়ে এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইডে বলেন, 'পুরো প্রক্রিয়া জুড়েই আমরা স্পষ্টভাবে বলেছি যে নরওয়ের এমন কোনো নীতি নেই যা অতিরিক্ত উৎপাদন সক্ষমতায় ভূমিকা রাখে। নরওয়েজীয় কোম্পানিগুলো বাজারের চাহিদার ভিত্তিতেই উৎপাদন করে।'

 

বাজারের প্রতিক্রিয়া

নতুন শুল্কের খবরে মার্কিন শেয়ারবাজারগুলো নিম্নমুখী প্রবণতায় রয়েছে। বুধবার লেনদেনের শুরুতেই প্রযুক্তি-নির্ভর নাসডাক সূচক ৩.৯ শতাংশ পড়ে গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২.৮ শতাংশ কমেছে এবং ডাও জোনস ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ১.৪ শতাংশ হ্রাস পেয়েছে।

 

অর্থনৈতিক অনিশ্চয়তার সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত স্বর্ণের দাম ৩ শতাংশেরও বেশি কমে এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। তবে শুল্কের পাশাপাশি বুধবার প্রকাশিত মুদ্রাস্ফীতির তথ্যও স্বর্ণের দামে প্রভাব ফেলেছে, যেখানে মুদ্রাস্ফীতির হার মূল্যায়নে মার্কিন ফেডারেল রিজার্ভের অন্যতম প্রধান সূচকে ০.৩ শতাংশ বৃদ্ধি দেখা গেছে। উচ্চ মুদ্রাস্ফীতি সুদের হার বৃদ্ধির সম্ভাবনা বাড়িয়ে দেয়, যা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করে।

 

বুধবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপ—উভয় অঞ্চলেই বন্ড ইল্ড কমেছে। ইউরো অঞ্চলের মানদণ্ড হিসেবে বিবেচিত জার্মানির ১০ বছর মেয়াদি বন্ড ইল্ড ৪.৫ বেসিস পয়েন্ট কমে ৩.২ শতাংশে নেমে এসেছে, আর মার্কিন ১০ বছর মেয়াদি ট্রেজারি নোটের ইল্ড ৬.৮ বেসিস পয়েন্ট কমে ৪.৮৩৪ শতাংশে দাঁড়িয়েছে—যা গত আটটি সেশনের মধ্যে সপ্তম দৈনিক পতনের পথে রয়েছে।

সূত্র : আল জাজিরা