সৌদি আরবের জিজান ও জেদ্দা বন্দরে হুথিদের হামলা

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের লোহিত সাগর উপকূলের জিজান বন্দরে হামলা চালিয়েছে। একই সময়ে ইয়েমেনের তাইজ শহরের আশপাশে লড়াই তীব্র হওয়ায় সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথিদের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানায়, জিজান বন্দরে হুথিদের হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কোনো বেসামরিক নাগরিক হতাহত হননি। হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে বলেও জানায় জোটটি।

পরে জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরবের জেদ্দা বন্দরের আকাশে হুথিদের একটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করেছে জোটের বাহিনী। ড্রোনটি ধ্বংস হওয়ার পর এর ধ্বংসাবশেষ পড়ে কোনো বেসামরিক নাগরিক আহত হননি বলেও উল্লেখ করেন তিনি।

জোটের বিবৃতির পর ইয়েমেনের রাজধানী সানায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন আলজাজিরার প্রতিবেদক নাবিল আল-ইউসুফি। এরপর সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ক্ষেপণাস্ত্রগুলো সৌদি রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল বলে দাবি জোটের।

এর আগে মঙ্গলবার রিয়াদের আর্থিক এলাকার একটি বহুতল ভবনে হুথিদের ড্রোন হামলায় অন্তত ১১ জন আহত হন বলে জানানো হয়। রাজধানী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টার ঘটনাটি ওই হামলার পরপরই ঘটল।

সাম্প্রতিক এসব ঘটনা সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। দুই পক্ষের হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোর নাম উঠে এসেছে।

এদিকে, হুথিদের সঙ্গে সংশ্লিষ্ট আল-মাসিরাহ টেলিভিশন জানিয়েছে, ইয়েমেনের হোদেইদা বন্দরে নতুন করে হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার এর আগে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল, হোদেইদা বন্দরে হামলা হলে সৌদি আরবের বন্দরগুলোতেও পাল্টা হামলা চালানো হবে।

ইয়েমেনের রাজধানী সানা থেকে আলজাজিরার প্রতিবেদক ইউসুফ মাওরি বলেন, দেশটির আমদানি করা পণ্যের প্রায় ৯০ শতাংশ হোদেইদা বন্দরের মাধ্যমে আসে। বন্দরটি বন্ধ হয়ে গেলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি ভয়াবহ সংকটের মুখে পড়তে পারে।

মাওরি আরও জানান, হোদেইদা বন্দরে সৌদি আরবের সাম্প্রতিক কয়েকটি হামলায় পণ্য সংরক্ষণের ট্যাংক এবং জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর কাজে ব্যবহৃত ক্রেন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনী কয়েকটি রণাঙ্গনে হুথিদের বিরুদ্ধে লড়াই করছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্রের দাবি, বুধবার হুথিদের লক্ষ্য করে ৬৫৪টি হামলা চালানো হয়েছে।

আলজাজিরার প্রতিবেদক মাহা আলী তাইজ থেকে জানান, ইয়েমেনের পশ্চিমাঞ্চলেই সাম্প্রতিক হামলার ঘনত্ব সবচেয়ে বেশি। সরকারি বাহিনীর দাবি, তাইজের পশ্চিমে হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

মাহা আলী বলেন, প্রায় ৭২ ঘণ্টা ধরে চলা ধারাবাহিক বিমান হামলার অংশ হিসেবে এসব আক্রমণ চালানো হচ্ছে। তাইজের কেন্দ্রীয় অংশের ওপর অবস্থিত গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা জাবাল সাবের ও এর সর্বোচ্চ চূড়া জাবাল আল-আরুসকে ঘিরে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি বাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই চূড়াটি দখলে নিতে চায় হুথিরা।

অন্যদিকে, হুথিদের দাবি, বুধবার সানা ও ইয়েমেনের ১০টি প্রদেশের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন জোট ১০৫টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সূত্র: আল-জাজিরা