সৌদি আরবে নারী নির্যাতনের বিরুদ্ধে সুরক্ষায় চালু হলো ১৯১৯

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ এএম

সৌদি আরবে পারিবারিক নির্যাতনের শিকার কোনো নারী একটি ফোনকলের মাধ্যমেই পেতে পারেন নিরাপত্তা, আশ্রয় ও প্রয়োজনীয় চিকিৎসা, মানসিক এবং সামাজিক সহায়তা। একই সঙ্গে নির্যাতনকারীর বিরুদ্ধে শুরু হতে পারে আইনি ব্যবস্থা, যার পরিণতিতে কারাদণ্ড ও জরিমানাও হতে পারে।

দেশটির ‘ল’ অব প্রোটেকশন ফ্রম অ্যাবিউজ’ বা নির্যাতন থেকে সুরক্ষা আইন এ ধরনের সুরক্ষার নিশ্চয়তা দেয়। জাতিসংঘের সংস্থা ইউএন উইমেনের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে প্রতি তিনজন নারী ও মেয়ের একজন জীবনের কোনো না কোনো পর্যায়ে লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার হন। এ সংখ্যা আনুমানিক ৮৪ কোটি। শারীরিক বা যৌন সহিংসতার শিকার অধিকাংশ নারীই কখনো সহায়তা চান না।

এ বছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের প্রতিপাদ্য- ‘নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হোন: ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতনের শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন, অপরাধীদের দায়মুক্তির অবসান ঘটান।’

দিবসটি উপলক্ষে বিশেষজ্ঞরা ব্যাখ্যা করেছেন, কেন নির্যাতনের শিকার নারীরা অনেক সময় মুখ খুলতে পারেন না, কীভাবে নির্যাতনের লক্ষণ চেনা যায় এবং অভিযোগ জানালে আইন কীভাবে তাঁদের সুরক্ষা দেয়।

সৌদি আরবের আইনজীবী ও আইনি পরামর্শক রাবাব আহমেদ আল-মুয়াব্বি আরব নিউজকে বলেন, ‘সৌদি আরবে নারীদের পারিবারিক সহিংসতা থেকে সুরক্ষা দেওয়ার কাজ কেবল অভিযোগ গ্রহণ বা নির্যাতন বন্ধ করার মধ্যেই সীমাবদ্ধ নয়।’

ফিলিং সেন্টার ফর ফ্যামিলি কাউন্সেলিং অ্যান্ড বিহেভিয়ারাল থেরাপির মনোবিজ্ঞানী মুনা আল-থেয়াবি বলেন, তাঁর কাছে বিভিন্ন বয়স ও সামাজিক পটভূমির নারী ও শিশুরা পারিবারিক নির্যাতনের অভিজ্ঞতা কাটিয়ে ওঠার জন্য আসেন।

তাঁর মতে, নির্যাতনের শিকার নারীরা নানা কারণে মুখ খুলতে ভয় পান। তাঁদের আশঙ্কা, অভিযোগ করলে নির্যাতনের মাত্রা আরও বেড়ে যেতে পারে। কেউ কেউ দীর্ঘদিনের নির্যাতনকে স্বাভাবিক ঘটনা বলে মেনে নেন। আবার সামাজিকভাবে মানুষ কী বলবে, সন্তানদের ভবিষ্যৎ কী হবে, পাশে দাঁড়ানোর মতো আত্মীয়স্বজন নেই কিংবা নির্যাতনকারীর ওপর আর্থিকভাবে নির্ভরশীল এসব কারণেও তাঁরা নীরব থাকেন। অনেকেই জানেন না, কোথায় গেলে সহায়তা পাওয়া যাবে।

আল-মুয়াব্বির পরামর্শ, কোনো নারী নির্যাতনের শিকার হচ্ছেন বলে সন্দেহ হলে পরিবারের সদস্য ও বন্ধুদের শান্তভাবে এবং সচেতনতার সঙ্গে এগিয়ে আসা উচিত। সরাসরি অভিযোগ বা অযাচিত হস্তক্ষেপ না করে তাঁর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পর্ক দৃঢ় করার দিকে মনোযোগ দিতে হবে।

এতে নির্যাতনের শিকার নারী নিজেকে একা মনে করবেন না। একই সঙ্গে অন্যের নজরদারি বা নেতিবাচক প্রতিক্রিয়ার ভয় ছাড়াই সহায়তা নেওয়া কিংবা বিশেষজ্ঞের কাছে যাওয়ার সাহস পাবেন।

নির্যাতন মানেই শারীরিক আঘাত নয়। মনোবিজ্ঞানী আল-থেয়াবির মতে, মানসিক, যৌন ও আর্থিক নির্যাতনের পাশাপাশি অবহেলাও নির্যাতনের অন্তর্ভুক্ত। কোনো কথা বলা, কোনো কাজ করা কিংবা প্রয়োজনীয় দায়িত্ব পালন না করার মাধ্যমেও নির্যাতন হতে পারে।

তিনি বলেন, সাধারণত মৌখিক ও অমৌখিক মানসিক নির্যাতনের মধ্য দিয়ে এর শুরু হয়। পরে তা শারীরিক সহিংসতায় রূপ নিতে পারে এবং কখনো কখনো যৌন নির্যাতনেও গড়ায়।

নিজের পেশাগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে আল-থেয়াবি বলেন, নারীদের ক্ষেত্রে মানসিক নির্যাতন সবচেয়ে বেশি দেখা যায় এবং এর ক্ষতিকর প্রভাবও গভীর। এরপর রয়েছে অবহেলা, শারীরিক নির্যাতন ও আর্থিক নির্যাতন।

ন্যাশনাল সেন্টার ফর পাবলিক ওপিনিয়ন পোলস এবং ন্যাশনাল ফ্যামিলি সেফটি প্রোগ্রামের একটি জাতীয় জরিপের তথ্য তুলে ধরে তিনি জানান, সৌদি সমাজে নারীদের বিরুদ্ধে সহিংসতার সবচেয়ে বিস্তৃত ধরন মানসিক নির্যাতন ৪৬ দশমিক ৫ শতাংশ। এরপর রয়েছে অবহেলা, ২৭ শতাংশ।

নির্যাতনের শিকার নারীরা অনেক সময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। তাঁরা সব সময় আতঙ্কে থাকেন, মনোযোগ ধরে রাখতে বা সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন। কেউ সামাজিকভাবে নিজেকে গুটিয়ে নেন, আবার কেউ আত্মরক্ষার তাগিদে আক্রমণাত্মক আচরণ করেন।

আল-থেয়াবি বলেন, অনেক ক্ষেত্রে এসব লক্ষণ বিষণ্নতা, উদ্বেগজনিত সমস্যা ও ট্রমা-পরবর্তী মানসিক চাপজনিত ব্যাধিতে (পিটিএসডি) রূপ নিতে পারে।

পারিবারিক সহিংসতার পরিবেশে বেড়ে ওঠা শিশুরাও গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাদের মধ্যে দীর্ঘস্থায়ী উদ্বেগ তৈরি হতে পারে এবং অন্যদের সঙ্গে নিরাপদ ও সুস্থ সম্পর্ক গড়ে তুলতে সমস্যা দেখা দেয়। পরবর্তী জীবনের সম্পর্কগুলোতেও এর নেতিবাচক প্রভাব পড়ে। ঘরে সহিংসতা দেখে বড় হওয়া শিশুরা নিজেরাও সহিংস আচরণে অভ্যস্ত হয়ে পড়ার ঝুঁকিতে থাকে।

সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্টিং সেন্টারের হটলাইন নম্বর ১৯১৯। এই নম্বরে অভিযোগ জানালে তা নথিভুক্ত করে সংশ্লিষ্ট সুরক্ষা কেন্দ্রে পাঠানো হয়। এরপর নির্যাতনের শিকার নারীর ঝুঁকির মাত্রা মূল্যায়ন করা হয়।

আল-মুয়াব্বি বলেন, ‘ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে নির্যাতন আরও বাড়ার অপেক্ষায় থেকে সুরক্ষার ব্যবস্থা নিতে দেরি করা উচিত নয়।’

আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী, ঝুঁকির মাত্রা বিবেচনায় মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে। প্রয়োজন হলে হুমকি কেটে না যাওয়া পর্যন্ত নির্যাতনের শিকার নারী কিংবা নির্যাতনকারীকে অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থাও করা যেতে পারে।

আল-মুয়াব্বির ভাষায়, আশ্রয়ের ব্যবস্থা কেবল সামাজিক সহায়তা নয়; এটি আইনের মাধ্যমে নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ অধিকার।

আইনের বাস্তবায়ন বিধিমালা অনুযায়ী, নির্যাতন বা অবহেলার শিকার যেকোনো বয়সের নারী এবং ১৮ বছরের কম বয়সী শিশুকে আশ্রয় দেওয়া যেতে পারে। তবে শর্ত হলো, তাঁদের থাকার জন্য কোনো আত্মীয় বা বিকল্প অভিভাবক যেন না থাকেন।

প্রাথমিকভাবে তিন দিনের জন্য আশ্রয়ের ব্যবস্থা করা হয়। পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ এ সময় বাড়াতে পারে। এ ছাড়া আশ্রয় পাওয়া নারীর সামাজিক ও মানসিক অবস্থা মূল্যায়ন, স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা এবং স্বাস্থ্য, নিরাপত্তা, সামাজিক ও মনস্তাত্ত্বিক সেবা সমন্বিতভাবে দেওয়ার বিধান রয়েছে।

আইনের পরবর্তী সংশোধনীতে নির্যাতনের শিকার নারী কিংবা তাঁর পক্ষে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যক্তিগত জিনিসপত্র বাড়ি থেকে নিয়ে আসার সুযোগ দেওয়া হয়েছে।

আল-মুয়াব্বি বলেন, পারিবারিক সহিংসতাকে শুধু পারিবারিক বিরোধ হিসেবে বিবেচনা করে আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করা উচিত নয়। কোনো নির্যাতন ফৌজদারি অপরাধের পর্যায়ে পৌঁছালে তা আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

সংশোধিত আইনের ১৩ নম্বর ধারা অনুযায়ী, নির্যাতনের দায়ে অভিযুক্ত ব্যক্তির এক মাস থেকে এক বছর পর্যন্ত কারাদণ্ড, ৫ হাজার থেকে ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা অথবা উভয় দণ্ড হতে পারে। আইনে উল্লেখিত বিশেষ কিছু ক্ষেত্রে শাস্তি বেড়ে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ৩ লাখ রিয়াল জরিমানা হতে পারে। একই অপরাধ পুনরায় করলে শাস্তি দ্বিগুণ হওয়ার বিধান রয়েছে।

আদালতের রায় হওয়ার পরও মন্ত্রণালয় সংশ্লিষ্ট ঘটনা ছয় মাস বা তার বেশি সময় পর্যবেক্ষণে রাখতে পারে।

আল-মুয়াব্বির মতে, আইন যথাযথভাবে প্রয়োগ করা হলে সৌদি আরবের নারীরা নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন পুনর্গঠনের বাস্তব সুযোগ পাবেন। নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তখন আইন ও সমাজ উভয়েরই দায়িত্ব হয়ে উঠবে।

মনোবিজ্ঞানী আল-থেয়াবি বলেন, এ ধরনের ঘটনায় নিরাপত্তা কর্তৃপক্ষের আচরণ ও সেবা দেওয়ার পদ্ধতিতে স্পষ্ট উন্নতি দেখা যাচ্ছে।

তাঁর ভাষ্য অনুযায়ী, এখন কর্মকর্তারা আগের তুলনায় দ্রুত সাড়া দেন, অভিযোগের গোপনীয়তা বজায় রাখেন এবং নির্যাতনের শিকার নারীদের সঙ্গে আরও সংবেদনশীল আচরণ করেন। এতে অভিযোগ জানানোর প্রক্রিয়া তাঁদের কাছে কম ভীতিকর হয়ে উঠেছে। একই সঙ্গে নতুন করে মানসিক আঘাত পাওয়ার ঝুঁকি কমছে এবং আইনি প্রক্রিয়া শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সাহস বাড়ছে।

নির্যাতনের শিকার কোনো নারী প্রথমবার সহায়তা চাইলে তাঁর সবচেয়ে বেশি প্রয়োজন হয় নির্যাতনের কারণে তৈরি হওয়া মানসিক উপসর্গ থেকে স্বস্তি পাওয়া বলেন আল-থেয়াবি।

তবে সুস্থ হয়ে ওঠার জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। নির্যাতনের ধরন, মাত্রা ও স্থায়িত্ব এবং আশপাশের মানুষের কাছ থেকে পাওয়া সহযোগিতার ওপর নিরাময়ের সময় নির্ভর করে।

নির্যাতনের শিকার হয়ে নীরব থাকা নারীদের উদ্দেশে তাঁর বার্তা, ‘সব সময় মনে রাখবেন, আপনি একা নন। পরিবার, বন্ধু, বিশেষজ্ঞ এবং আপনার অধিকার সুরক্ষায় কাজ করা রাষ্ট্র ও আইনি ব্যবস্থা সবাই আপনার পাশে আছে।’

তিনি আরও বলেন, ‘নীরবতা নির্যাতনকে আরও বাড়িয়ে তোলে; এটি কোনো সমাধান নয়। বাস্তবতাকে মোকাবিলা করে সহায়তা ও সুরক্ষা চাওয়ার মধ্য দিয়েই আপনার নিরাপত্তার পথ শুরু হয়।’

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত