রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৯:০৩ এএম

রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা। এতে ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপে ব্যবহৃত পাঁচটি রুশ সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ।

বুধবার (২৫ নভেম্বর) ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। ক্ষতিগ্রস্ত পাঁচটি বিমানের মধ্যে তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান রয়েছে। এসব বিমান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এ ছাড়া দুটি এসইউ-৩৪ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা দুর্বল করে দেওয়ার লক্ষ্যে সাম্প্রতিক দূরপাল্লার হামলার অংশ হিসেবে বিমানঘাঁটিটিতে আঘাত হানা হয়েছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে ইউক্রেন। এর আগে লিবিয়ার জলসীমায় রাশিয়ার দুটি জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ জাহাজে হামলার ঘটনা ঘটে। গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুর সড়ক অংশও ধারাবাহিক হামলায় ধ্বংস করার দাবি করে ইউক্রেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাত হিসেবে বিবেচিত এই যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনে নতুন করে কূটনৈতিক তৎপরতা চললেও লড়াই অব্যাহত রয়েছে।

রাশিয়ার সামরিক সক্ষমতা কমিয়ে আনতে ইউক্রেন এখন দেশটির ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। একই সময়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় রাশিয়ার নতুন করে হামলা এবং সম্মুখসারির শহরগুলোতে রুশ আক্রমণ বেড়েছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানিয়েছেন, রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থাগুলো শনাক্ত করে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা। গত কয়েক মাসে এ ধরনের ১৬টি উৎক্ষেপণব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে, ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণের পরিমাণ অক্টোবরের শেষ দিক থেকে ৪৫ শতাংশ কমেছে বলে দাবি করেছেন শিল্প খাতের কয়েকটি সূত্র। চলতি মাসে সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়া তাদের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করলেই কেবল মস্কোর জ্বালানি খাতকে লক্ষ্য করে হামলা বন্ধ করবে কিয়েভ।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন