ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর হোদেইদায় হুথিদের অবস্থান লক্ষ্য করে নতুন করে হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীর সঙ্গে হুথিদের লড়াই এবং সৌদি আরবের ওপর গোষ্ঠীটির পাল্টাপাল্টি হামলার মধ্যে এই আক্রমণ চালানো হলো। বিশ্লেষকদের আশঙ্কা, বন্দরটির কার্যক্রম ব্যাহত হলে খাদ্য, ওষুধ, জ্বালানি ও মানবিক সহায়তা সরবরাহে বড় ধরনের সংকট তৈরি হতে পারে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের বিভিন্ন এলাকায় হুথিদের নিয়ন্ত্রণ বাড়ছে। একই সময়ে সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতে হোদেইদা বন্দরে নতুন করে হামলা মধ্যপ্রাচ্যের এই সংঘাতকে আরও জটিল করে তুলেছে।
ইয়েমেনের পশ্চিম উপকূলে লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা দেশটির প্রধান বাণিজ্যিক সমুদ্রবন্দর। ২০১৪ সাল থেকে এটি হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। খাদ্য, জ্বালানি, অন্যান্য বাণিজ্যিক পণ্য এবং মানবিক সহায়তা আমদানির অন্যতম প্রধান প্রবেশপথ এই বন্দর। ঘনবসতিপূর্ণ উত্তর ও পশ্চিমাঞ্চলের পাশাপাশি হুথিদের নিয়ন্ত্রণে থাকা রাজধানী সানার মানুষের প্রয়োজনীয় পণ্যের বড় অংশ এখান দিয়ে আসে।
২০২৩ সালে বন্দরে আটটি জেটি ছিল এবং একসঙ্গে ৬ হাজার ৫০০টি মানসম্মত শিপিং কনটেইনার ওঠানো-নামানোর সক্ষমতা ছিল। তবে এক দশকের বেশি সময় ধরে চলা সংঘাতে বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। জেটির কার্যক্ষমতা কমেছে, নষ্ট হয়েছে ক্রেন ও পণ্য সংরক্ষণের স্থাপনা।
এরপরও ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের হোদেইদা চুক্তি বাস্তবায়ন সহায়তা মিশন জানায়, ইয়েমেনে আসা মোট বাণিজ্যিক পণ্যের প্রায় ৭০ শতাংশ এবং মানবিক সহায়তার ৮০ শতাংশ এই বন্দর দিয়ে প্রবেশ করে। এ কারণে বন্দরটিকে দেশটির মানুষের জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে উল্লেখ করে সংস্থাটি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ইয়েমেন মিশনের প্রধান আবদুসসাত্তর এসোয়েভ বলেন, বর্তমান পরিস্থিতিতে বন্দরটি বন্ধ হয়ে গেলে বা এর কার্যক্রম ব্যাহত হলে খাদ্য, ওষুধ ও জ্বালানি পৌঁছাতে দেরি হবে। পরিবহন ব্যয় ও পণ্যের দাম বাড়বে। এতে আগে থেকেই তীব্র মানবিক সংকটে থাকা পরিবারগুলোর দুর্ভোগ আরও বাড়বে।
ডক্টরস উইদাউট বর্ডারসের ইয়েমেন কর্মসূচির ব্যবস্থাপক ফ্রান্সেসকা কুইন্তো বলেন, দেশটির লাখো মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল এবং ভয়াবহ খাদ্যসংকটের মুখে রয়েছে। উত্তর ইয়েমেনের সাধারণ মানুষের জন্য খাদ্য, জ্বালানি, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য আমদানিতে হোদেইদা বন্দরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তবে বন্দরটি শুধু বেসামরিক কাজে ব্যবহৃত হচ্ছে না—এমন অভিযোগও দীর্ঘদিনের। হুথিদের বিরুদ্ধে বাণিজ্যিক বন্দর ব্যবহার করে ইরান থেকে অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। বিভিন্ন তদন্তে বন্দর অবকাঠামোকে অস্ত্র আনার কাজে ব্যবহারের তথ্য উঠে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জ্যেষ্ঠ গবেষক ও নীতিবিষয়ক উপদেষ্টা ইব্রাহিম জালাল বলেন, বাণিজ্যিক পণ্য পরিবহনে হোদেইদা বন্দরের গুরুত্ব অনেক। কিন্তু হুথিরা অস্ত্র, জ্বালানি ও মাদক পাচার এবং মজুতের কাজে গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামো ব্যবহার করায় যুদ্ধকালীন মানবিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
ইয়েমেনের আইনজীবী ও মানবাধিকারকর্মী তাওফিক আল-হামিদিও বন্দরের অপব্যবহারের অভিযোগ তুলেছেন। তবে তিনি বলেন, বন্দরটিকে বেসামরিক স্থাপনা হিসেবে সুরক্ষিত রাখতে হবে এবং হুথিদের কাছ থেকে এ বিষয়ে কার্যকর নিশ্চয়তা নিতে হবে।
আগেও বহুবার হামলার শিকার হয়েছে বন্দরটি
২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে হোদেইদা বন্দর ও এর আশপাশের এলাকায় বারবার হামলা হয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলও বিভিন্ন সময়ে সেখানে হামলা চালিয়েছে। ২০১৮ সালে ইয়েমেনের সরকারপন্থী বাহিনীও এক অভিযানে বন্দরটি দখলের চেষ্টা করে।
ইয়েমেনের প্রায় ৭০ শতাংশ মানুষ হুথিদের নিয়ন্ত্রণে থাকা পশ্চিমাঞ্চলে বসবাস করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অধিকাংশ পণ্য লোহিত সাগরের বন্দরগুলোর মাধ্যমে এসব এলাকায় পৌঁছায়।
হোদেইদা ছাড়াও মোখা ও সরকারপন্থীদের নিয়ন্ত্রণে থাকা এডেন বন্দরের মাধ্যমে মানবিক সহায়তা প্রবেশ করে। কিন্তু নতুন করে লড়াই শুরু হওয়ায় এসব সহায়তা দেশের অভ্যন্তরীণ এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এ ছাড়া জাতিসংঘের কর্মীদের আটক করার কারণে হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় মানবিক কার্যক্রমও ব্যাপকভাবে সীমিত হয়েছে।
২০১৫ সালের মার্চে ইয়েমেনের সরকারকে সমর্থন দিয়ে সামরিক হস্তক্ষেপ শুরুর পর সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ওপর আংশিক নৌ অবরোধ আরোপ করে।
২০২২ সালের এপ্রিলে জাতিসংঘের মধ্যস্থতায় দেশজুড়ে যুদ্ধবিরতি কার্যকর হলে হোদেইদা বন্দরের মাধ্যমে জ্বালানি আমদানির ওপর বিধিনিষেধ শিথিল করা হয়। ২০২৩ সালের শুরুতে বাণিজ্যিক পণ্য আমদানির ক্ষেত্রেও আরও কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হয়। এতে বন্দরের কার্যক্রম কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।
তবে ২০২৪ সালে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জবাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েল হুথিদের নিয়ন্ত্রণাধীন এলাকায় নতুন করে হামলা শুরু করে। ২০২৫ সাল পর্যন্ত চলা এসব হামলায় বন্দরের পুনরুদ্ধার ও স্বাভাবিক কার্যক্রমের সম্ভাবনা আবারও বাধাগ্রস্ত হয়। হুথিরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদ এবং ফিলিস্তিনিদের সমর্থনের কথা বলে লোহিত সাগরে জাহাজ ও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে আসছে।
এখন কেন হোদেইদা বন্দরে হামলা?
বুধবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, হোদেইদা বন্দরে হুথিদের অবস্থান লক্ষ্য করে নতুন হামলা চালানো হয়েছে। এর কয়েক দিন আগে ওই এলাকার বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছিল জোট। হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথিরাও।
ইয়েমেনে সেপ্টেম্বর থেকে পূর্ণমাত্রার যুদ্ধ আবার শুরু হওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে হুথিরা বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বাহিনীকে পিছু হটতে হয়েছে।
অক্টোবরের শুরুতে সরকারপন্থী বাহিনী পাল্টা অভিযান শুরু করলেও ব্যাপক বিমান সহায়তা সত্ত্বেও হুথিদের অগ্রযাত্রা ঠেকাতে পারেনি। বর্তমানে ইয়েমেনের অন্তর্বর্তী রাজধানী এডেন রক্ষায় ব্যস্ত রয়েছে সরকারি বাহিনী।
ইয়েমেনের সামরিক ও কৌশলগত বিশ্লেষক আলি আল-ধাহাব আলজাজিরাকে বলেন, যুদ্ধক্ষেত্রে হুথিদের অবস্থান শক্তিশালী হওয়ার প্রতিক্রিয়ায় হোদেইদা বন্দরে হামলা চালানো হয়েছে। বন্দর ও বিমানবন্দরের মতো অবকাঠামো লক্ষ্য করে তাদের অর্থনৈতিক, সামরিক ও রসদ সরবরাহের সক্ষমতা দুর্বল করাই এসব হামলার উদ্দেশ্য।
সৌদি আরবের বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে হুথিদের ক্রমবর্ধমান হামলাও সৌদি জোটের সিদ্ধান্তে ভূমিকা রেখেছে বলে মনে করেন আল-ধাহাব। এ ক্ষেত্রে বৃহস্পতিবার রিয়াদে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তরে হামলার ঘটনাটিও উল্লেখ করেন তিনি।
এর পরদিন হোদেইদা বন্দরের আশপাশে থাকা বেসামরিক নাগরিকদের এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানায় সৌদি নেতৃত্বাধীন জোট। তবে সতর্কবার্তায় হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
সামনে কী ঘটতে পারে?
বুধবারের হামলার আগে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সৌদি আরবের লোহিত সাগর উপকূলের বন্দরগুলোতে পাল্টা হামলার হুঁশিয়ারি দেন। এ ক্ষেত্রে বিশেষভাবে জেদ্দা বন্দরের নাম উল্লেখ করেন তিনি।
ইয়েমেনের গবেষক ও নীতিবিশেষজ্ঞ নাবিল আল-বুকাইরি আলজাজিরাকে বলেন, হোদেইদা বন্দরে সৌদি আরবের হামলাকে শুধু সতর্কবার্তা হিসেবে দেখার সুযোগ নেই। তাঁর মতে, হামলাগুলো এখন প্রতীকী পর্যায় ছাড়িয়ে গেছে।
তিনি সতর্ক করে বলেন, বন্দরের অবকাঠামো ও পণ্য পরিবহনের সক্ষমতা লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালানো হলে একপর্যায়ে এটি বন্ধ হয়ে যেতে পারে এবং পুরোপুরি অকার্যকর হয়ে পড়তে পারে।
তবে বন্দর পুরোপুরি বন্ধ না হলেও হামলার কারণে কার্যক্রম ব্যাহত হলে খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সহায়তা পৌঁছাতে দেরি হবে। ইয়েমেনের যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ না থাকায় হোদেইদা বন্দরে নতুন করে হামলা দেশটির আগে থেকেই ভয়াবহ মানবিক সংকটকে আরও গভীর করে তুলতে পারে।
সূত্র: আল-জাজিরা