যুক্তরাষ্ট্রজুড়ে তাণ্ডব চালাচ্ছে শক্তিশালী ঝড়, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ পরিবার

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়াসহ শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। পশ্চিম উপকূলেও অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে ব্যাপক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এতে দেশজুড়ে যান চলাচল, বিমান পরিষেবা ও বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটছে।

থ্যাংকসগিভিং ছুটিতে যুক্তরাষ্ট্রে ৮ কোটির বেশি মানুষের ভ্রমণের কথা রয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির অভ্যন্তরীণ ৪০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আসা-যাওয়া কিংবা দেশের ভেতরে চলাচলকারী আরও ২ হাজার ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার।

বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসের কারণে পুরো সপ্তাহজুড়েই ফ্লাইট বিলম্বের আশঙ্কা রয়েছে বলে আগেই সতর্ক করেছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রায় ১০ লাখ পরিবার বিদ্যুৎবিহীন ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পেনসিলভানিয়া, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউ জার্সি অঙ্গরাজ্য।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আঘাত হানা শক্তিশালী ঝড়ে ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত বেগে বাতাস বয়ে যায়। পাশাপাশি মুষলধারে বৃষ্টি ও উপকূলীয় এলাকায় বড় ধরনের জলোচ্ছ্বাস দেখা দেয়।

নিউ জার্সির গভর্নর মিকি শেরিল অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। জার্সি শোর এলাকার কয়েকটি জনপদে ব্যাপক জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে।

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুলও নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড ও ওয়েস্টচেস্টার কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

নিউইয়র্ক সিটিতে প্রতিবছর আয়োজিত ম্যাসির থ্যাংকসগিভিং প্যারেড পিছিয়ে শনিবার নির্ধারণ করেছেন আয়োজকেরা।

প্রবল বাতাসের কারণে মেরিল্যান্ডে কয়েকটি সেতু বন্ধ করে দেওয়া হয়েছে। ডেলাওয়্যারের সমুদ্রসৈকতে উত্তাল ঢেউ আছড়ে পড়েছে এবং পানি ঢুকে পড়েছে সমুদ্রতীরবর্তী হাঁটার পথগুলোতে।

মেরিল্যান্ডে বিদ্যুৎ সরবরাহে বারবার বিঘ্ন ঘটায় প্রায় ২০ লাখ গ্রাহককে পানি ব্যবহারে সতর্ক করেছে সংশ্লিষ্ট পানি সরবরাহকারী প্রতিষ্ঠান। জরুরি প্রয়োজন ছাড়া পানি ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে।

ওয়াশিংটন ডিসিতে রেকর্ড বৃষ্টিপাতের মধ্যে জোয়ারের পানি বেড়ে রেগান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়ে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়াটার প্রেডিকশন সার্ভিস।

বৃহস্পতিবার বিকেল নাগাদ ৯ লাখ ৮০ হাজারের বেশি পরিবার বিদ্যুৎবিহীন ছিল। পেনসিলভানিয়া, ভার্জিনিয়া, মেরিল্যান্ড ও নিউ জার্সিতে পরিস্থিতি ছিল সবচেয়ে গুরুতর।

পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সংযোগ পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করছে। অন্যদিকে ভার্জিনিয়া ও নিউ জার্সির জ্বালানি প্রতিষ্ঠানগুলো সতর্ক করেছে, ক্ষতিগ্রস্ত এলাকায় নিরাপদে পৌঁছানো সম্ভব না হওয়ায় বিদ্যুৎ ফিরতে কয়েক দিনও লাগতে পারে।

বৃহস্পতিবার বিকেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ছুটির মৌসুমে পূর্ব উপকূলে আঘাত হানা ঝড় মোকাবিলায় জরুরি তহবিল ছাড়ের বিষয়টি তিনি বিবেচনা করবেন।

পশ্চিম উপকূলেও বন্যার আশঙ্কা

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও বৈরী আবহাওয়া বিরাজ করছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, প্রশান্ত মহাসাগর থেকে আসা একের পর এক ঝড়ের কারণে বৃষ্টি, পাহাড়ি এলাকায় তুষারপাত ও প্রবল বাতাস হতে পারে।

উপকূলজুড়ে অস্বাভাবিক উচ্চ জোয়ারের কারণে সম্ভাব্য বন্যা নিয়ে উদ্বেগ বাড়ছে। এনডব্লিউএসের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ উপকূলের কোনো কোনো এলাকায় পানির উচ্চতা ৮ ফুট বা ২ দশমিক ৪ মিটারের বেশি হতে পারে। এতে গত মাসে তৈরি হওয়া উচ্চ জোয়ারের রেকর্ডও ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সপ্তাহের শুরুতে সান ডিয়েগো ও লস অ্যাঞ্জেলেসে জোয়ারের পানির উচ্চতা ৮ ফুট ছাড়িয়ে যায়। এ কারণে সমুদ্রসৈকতে যাওয়া মানুষদের উপকূলীয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

ক্যালিফোর্নিয়ার উপকূল ধরে চলাচলকারী অ্যামট্র্যাক প্যাসিফিক সার্ফলাইনার রেল পরিষেবার কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। উচ্চ জোয়ারের কারণে রেলপথের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চলেও ঝড়ের পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশও রয়েছে।

মিয়ামিতে রানওয়ে ছাড়িয়ে গেল ফেডএক্সের উড়োজাহাজ

এদিকে মিয়ামিতে ফেডএক্সের একটি কার্গো উড়োজাহাজ রানওয়ে ছাড়িয়ে যাওয়ায় বৃহস্পতিবারও বিমান চলাচলে কিছুটা বিলম্ব হয়। বুধবার রাতে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে অতিক্রম করে বাইরে চলে যায়। এ ঘটনার পর বিমানবন্দরের একটি ছাড়া বাকি সব রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

ফেডএক্স যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, অবতরণের সময় তাদের একটি ফ্লাইটে সমস্যা দেখা দিয়েছিল। বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজের ক্রুরা নিরাপদে আছেন এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্তকারী কর্তৃপক্ষের সঙ্গে তারা সমন্বয় করে কাজ করছে।

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের এক কর্মী বলেন, বৃষ্টির কারণে উড়োজাহাজটি থামতে সমস্যায় পড়তে পারে। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রচণ্ড বৃষ্টি ও বাতাসের মধ্যে পাইলটরা যথাসাধ্য চেষ্টা করলেও সময়মতো উড়োজাহাজটি থামাতে পারেননি। ফলে সেটি রানওয়ে থেকে ঘাসে ঢাকা এলাকায় চলে যায়।

মিয়ামির বুধবারের এ ঘটনা এমন এক সময় ঘটল, যখন ১১ সপ্তাহ আগে একই বিমানবন্দরে অবতরণের সময় একটি কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছিল। ওই দুর্ঘটনায় পাঁচজন নিহত হন। এ ছাড়া উড়োজাহাজটির ধাক্কায় ভূমিতে থাকা যানবাহনের পাঁচজন আহত হন।

আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) পূর্বাভাস দিয়েছে, থ্যাংকসগিভিং ছুটিকে কেন্দ্র করে সাত দিনের মধ্যে ৮ কোটি ১৫ লাখ মার্কিন নাগরিক বাড়ি থেকে অন্তত ৫০ মাইল বা ৮০ কিলোমিটার দূরে ভ্রমণ করবেন।