যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার উপহার দিবেন ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের দুটি করে শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। এর মধ্যে একটি শেয়ার দেবে তাঁর মহাকাশ গবেষণা ও স্যাটেলাইট প্রতিষ্ঠান স্পেসএক্স, অন্যটি দেবেন তিনি ব্যক্তিগতভাবে। ঘোষিত শেয়ারের মোট মূল্য প্রায় ১৮ বিলিয়ন ডলার। প্রযুক্তি খাতের প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোর বিস্তার এবং পরিবেশের ওপর এর প্রভাব নিয়ে বিতর্কের মধ্যে এই উদ্যোগ নিয়েছেন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি।

বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এ ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা আগেই মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের উদ্দেশ্যে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তাবে স্পেসএক্সকে অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।

এআই খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে চায় স্পেসএক্স। তবে এআইয়ের জন্য দ্রুতগতিতে কম্পিউটিং অবকাঠামো সম্প্রসারণের পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তি খাতের ধনকুবেরদের অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের পক্ষে ভালো ফল করা প্রার্থীদের মধ্যে ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতাকারীরাও ছিলেন।

সিঙ্গাপুরভিত্তিক ওসিবিসি ব্যাংকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান চেজ আনবু বলেন, এই উদ্যোগ স্পেসএক্সের কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে সহায়তা করবে। তাঁর মতে, শিশুদের সরাসরি প্রতিষ্ঠানের মালিকানায় অংশীদার করার মাধ্যমে মহাকাশ ও এআই অর্থনীতির সুবিধা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার একটি শক্তিশালী বার্তা তৈরি হবে।

শেয়ার দেওয়ার প্রক্রিয়া

এক্সে দেওয়া সংক্ষিপ্ত পোস্টে মাস্ক জানান, প্রতিটি শিশু স্পেসএক্সের একটি শেয়ার এবং তাঁর কাছ থেকে ব্যক্তিগতভাবে আরও একটি শেয়ার পাবে। কোম্পানির পক্ষ থেকে দেওয়া শেয়ার আগামী মাসে হস্তান্তর করা হবে। তবে নিজের শেয়ারটি তিনি আগামী বছরের জুনে হস্তান্তর করবেন। ওই সময় তাঁর শেয়ার বিক্রির ওপর থাকা নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে বলে জানান মাস্ক।

এর আগে বুধবার স্পেসএক্স জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের ‘ট্রাম্প অ্যাকাউন্টস’ কর্মসূচির আওতায় বর্তমানে সক্রিয় প্রতিটি অ্যাকাউন্টে কোম্পানির নতুন ইস্যু করা ক্লাস এ সাধারণ শেয়ারের একটি করে দেওয়া হবে। মাস্কও ব্যক্তিগতভাবে সমপরিমাণ শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

‘ট্রাম্প অ্যাকাউন্টস’ হলো ১৮ বছরের কম বয়সী মার্কিন নাগরিকদের শেয়ারবাজারে অংশগ্রহণের সুযোগ তৈরি এবং অল্প বয়স থেকেই সম্পদ গড়ে তুলতে সহায়তার একটি কর্মসূচি। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী, গত অক্টোবর পর্যন্ত প্রায় ৭ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছিল।

বুধবার লেনদেন শেষে স্পেসএক্সের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৭ দশমিক ৪৪ ডলার। এই দাম ধরে মাস্কের ঘোষিত শেয়ার দেওয়ার উদ্যোগের মোট মূল্য দাঁড়ায় প্রায় ১৮ বিলিয়ন ডলার। তবে স্পেসএক্সের শেয়ারগুলো ট্রাম্প অ্যাকাউন্টসের মাধ্যমেই দেওয়া হবে কি না, সে বিষয়ে জানতে চাওয়া হলেও প্রতিষ্ঠানটি কোনো মন্তব্য করেনি।

ব্রোকারেজ প্রতিষ্ঠান মিট্রেড গ্রুপের বৈশ্বিক বাজারবিষয়ক উপদেষ্টা ক্রিস্টোফার ব্র্যাঙ্কিন বলেন, এই উদ্যোগের মাধ্যমে স্পেসএক্স দীর্ঘমেয়াদে বিপুলসংখ্যক ক্ষুদ্র শেয়ারহোল্ডার তৈরি করতে পারবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে শেয়ারবাজারে আগ্রহ তৈরি হবে এবং তারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিভিন্ন বিনিয়োগ প্ল্যাটফর্মের সম্ভাব্য গ্রাহকে পরিণত হতে পারে।

আগেও শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মাস্ক

গত মাসেও যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার কথা জানিয়েছিলেন মাস্ক। সে সময় এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছিলেন, আগামী বছর থেকে এ উদ্যোগ শুরু হবে এবং এটি হবে এ ধরনের আরও অনেক উদ্যোগের প্রথমটি।

মাস্কের ভাষ্য, ভবিষ্যৎ অর্থনীতিতে সরাসরি মানুষের অংশীদারত্ব তৈরি করার একটি উপায় হলো তাদের হাতে শেয়ার তুলে দেওয়া।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাস পর্যন্ত স্পেসএক্সে মাস্কের মালিকানায় প্রায় ৬৪২ কোটি শেয়ার ছিল। তাঁর মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৮২৪ বিলিয়ন ডলার।

মাস্কের অধিকাংশ দাতব্য কার্যক্রম পরিচালিত হয় ‘মাস্ক ফাউন্ডেশন’-এর মাধ্যমে। ফাউন্ডেশনটির সম্পদের পরিমাণ ১৪ বিলিয়ন ডলারের বেশি বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত অক্টোবরে স্পেসএক্সের প্রেসিডেন্ট গুইন শটওয়েল ও তাঁর স্বামীও ট্রাম্প অ্যাকাউন্টস কর্মসূচির আওতায় ২০ লাখের বেশি শিশুকে স্পেসএক্সের একটি করে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

সূত্র: আল-জাজিরা