নাইজারে নিরাপত্তা বাহিনীর স্থাপনায় হামলা, নিহত ১৩ সেনা

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে নিরাপত্তা বাহিনীর একটি স্থাপনায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৩ সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০ জন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির পশ্চিমাঞ্চলীয় সানাম এলাকায় ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ভারী অস্ত্রে সজ্জিত বিপুলসংখ্যক হামলাকারী এ হামলা চালায়। ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করেছে তারা। হতাহতদের সংখ্যা প্রাথমিক হিসাব বলে জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, হামলায় সেনারা কয়েকজন হামলাকারীকে হত্যা করেছেন এবং তাদের রসদ সরবরাহের অবকাঠামো ধ্বংস করেছেন। হামলাকারীদের শনাক্ত ও ধরতে অভিযান চলছে।

স্থানীয় ও নিরাপত্তা সূত্রের বরাতে নাইজারের সংবাদমাধ্যম অ্যাকচুনিজার জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ৫টার দিকে হামলাটি শুরু হয়। সানাম শহরটি দেশটির পশ্চিমাঞ্চলীয় তিলাবেরি অঞ্চলে, মালির সীমান্তের কাছে অবস্থিত। ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলো প্রায়ই নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।

তবে বৃহস্পতিবারের হামলার পেছনে কোন গোষ্ঠী রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর মাত্র দুই দিন আগে নাইজারের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ডিফা অঞ্চলে আরেকটি হামলায় ১১ সেনা নিহত হওয়ার কথা জানিয়েছিল প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই হামলার জন্য বোকো হারামকে দায়ী করা হয়েছিল।

নাইজেরিয়াতেও সহিংসতা

নাইজারের প্রতিবেশী নাইজেরিয়াতেও সাম্প্রতিক সময়ে সশস্ত্র সহিংসতা বেড়েছে। মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যের কয়েকটি গ্রামে সন্দেহভাজন এক সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন।

হামলাকারীরা দাবি করেছে, কয়েক দিন আগে বেশ কয়েকজন ফুলানি পশুপালক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালিয়েছে।

এদিকে নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে বোকো হারাম এবং আইএসআইএল বা ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের (আইএসডব্লিউএপি) বিদ্রোহ চলছে। এ পরিস্থিতিতে বুধবার দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু ওই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি পুনর্নির্বাচনের প্রচার চালানোর সময় এ প্রতিশ্রুতি দেন।


সূত্র: আল-জাজিরা