যুদ্ধবিরতি চুক্তি কার্যকর থাকা সত্ত্বেও গাজা থেকে আরও ১০ লাখ ফিলিস্তিনিকে জোরপূর্বক দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের সামরিকবিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ। ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা নিরস্ত্র না হলে নতুন করে সামরিক অভিযান চালানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাটজ বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী স্বেচ্ছায় অস্ত্র সমর্পণ করে গাজাকে নিরস্ত্রীকরণ করবে, নতুবা ইসরায়েল তাদের ধ্বংস করে দেবে। দ্বিতীয় পরিস্থিতিতে গাজার আরও ১০ লাখ বাসিন্দাকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়া হবে বলেও হুমকি দেন তিনি।
কাটজ বলেন, ‘হয় তারা স্বেচ্ছায় নিরস্ত্র হবে এবং গাজাকে নিরস্ত্রীকরণ করা হবে, নতুবা আমরা তাদের ধ্বংস করব।’ তিনি আরও বলেন, নতুন অভিযান চালানো হলে গাজার ১০ লাখ বাসিন্দাকে আবারও দক্ষিণ দিকে সরিয়ে নেওয়া হবে।
ইসরায়েলি এই মন্ত্রী দাবি করেন, গাজার প্রায় ৭০ শতাংশ এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। বাকি এলাকায় ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণকে তিনি ‘একটি ভ্রম’ বলে মন্তব্য করেন।
এ ছাড়া গাজা ছাড়তে ইচ্ছুক ফিলিস্তিনিদের জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন কাটজ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া ভূখণ্ড ছেড়ে তাঁদের চলে যাওয়াকে তিনি ‘স্বেচ্ছায় অভিবাসন’ হিসেবে বর্ণনা করেন।
হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান খলিল আল-হায়া এবং অন্যান্য প্রতিরোধ নেতাকে হত্যার হুমকিও দেন তিনি। একই সঙ্গে গাজার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদাকে হত্যার জন্য চালানো ইসরায়েলি হামলার প্রশংসা করেন।
বুধবার রাতে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় গাজার উপশিক্ষামন্ত্রী খালেদ আবু নাদা ও তাঁর স্ত্রী নিহত হন। এ ঘটনায় আরও ছয় ফিলিস্তিনি গুরুতর আহত হয়েছেন।
হামাস এ হামলার নিন্দা জানিয়ে একে যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, আবাসিক অ্যাপার্টমেন্টে হামলা ও পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনা গাজায় ইসরায়েলের চলমান গণহত্যার চিত্র তুলে ধরে।
এর আগে বুধবার উত্তর গাজায় ইসরায়েলি হামলায় গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান, তাঁর স্ত্রী ও সন্তানরা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় প্রায় ১ হাজার ৭০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। নতুন করে হামলার কারণে বাস্তুচ্যুত হয়েছেন আরও ছয় হাজারের বেশি মানুষ।
গাজার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু নভেম্বর মাসেই ইসরায়েলি হামলায় অন্তত ১৬ শিক্ষার্থী নিহত হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছে ১৫ বছর বয়সী ইউসরা এবং ১৩ বছর বয়সী জানা মোহাম্মদ আবু আল-ওউফ। পশ্চিম গাজা সিটির একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় বাবা-মায়ের সঙ্গে দুই বোনও নিহত হয়।
নভেম্বরের শুরুর দিকে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় ফুটবল অনুশীলনের সময় ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাখকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা। ওই এলাকাতেই ফিলিস্তিনিদের নিরাপদ আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়েছিল।
১৩ নভেম্বর দেইর আল-বালাহতে ইসরায়েলি গোলাবর্ষণে ১২ বছর বয়সী আহমেদ আবু দাহের, তাঁর বাবা এবং এক নারী নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও ২০ জন।
গাজার শিক্ষাব্যবস্থার অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজার ৯৮ শতাংশ স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯৩ শতাংশের বেশি ভবনে বড় ধরনের সংস্কার অথবা সম্পূর্ণ পুনর্নির্মাণ প্রয়োজন।
এদিকে শীত মৌসুমে গাজার শিশুরা আবারও অতিরিক্ত ভিড়ের তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটাচ্ছে। মৌলিক সেবার সীমিত সুযোগের পাশাপাশি বাড়ছে নানা স্বাস্থ্যঝুঁকি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে মেনিনজাইটিসের ২৭০টির বেশি সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত অবকাঠামো, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং দূষিত পানীয় জল পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৭৭২ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৬ হাজার ২৯৮ জন আহত হয়েছেন।