আজকে শুধু অন্যের কথা শোনার দিন

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পিএম

সাফল্য কিংবা ব্যর্থতা, প্রত্যেক মানুষের জীবনেই রয়েছে নানা গল্প। কিন্তু ব্যস্ত জীবনে অন্যের কথা মন দিয়ে শোনার সময় হয়ে উঠে না অনেক সময়। অথচ একটি মানুষের কথা মন দিয়ে শোনাই কখনও কখনও গড়ে তুলতে পারে গভীর সম্পর্ক। সেই ভাবনা থেকেই প্রতি বছর পালিত হয় ‘ডে অফ লিসেনিং’ বা শ্রবণ দিবস।

প্রতি বছর আমেরিকায় থ্যাঙ্কসগিভিং দিবসের পরের শুক্রবার পালিত হয় এই বিশেষ দিন। ২০২৪ সালে দিনটি পড়েছিল ২৯ নভেম্বর। ২০২৬ সালে দিনটি পড়েছে ২৭ নভেম্বর। এই দিনের মূল উদ্দেশ্য হল, পরিবার, বন্ধু কিংবা পরিচিত-অপরিচিত মানুষের জীবনের গল্প মন দিয়ে শোনা। শুধু তাই নয়, সম্ভব হলে সেই অভিজ্ঞতাগুলি রেকর্ড করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা।

এই বিশেষ দিন শুরু হয়েছিল যেভাবে 

২০০৮ সালে অলাভজনক সংস্থা ‘স্টোরিকর্পস’ এই বিশেষ দিনের সূচনা করে। সংস্থাটির প্রতিষ্ঠা হয়েছিল ২০০৩ সালে। মানুষের মুখে মুখে ছড়িয়ে থাকা ব্যক্তিগত অভিজ্ঞতা, স্মৃতি ও জীবনের গল্প সংগ্রহ করে সংরক্ষণ করাই তাদের অন্যতম উদ্দেশ্য।

আমেরিকার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের জীবনকাহিনি নথিবদ্ধ করার উদ্যোগ নিয়েছিল স্টোরিকর্পস। সংস্থাটির উদ্যোগে ৬ লাখেরও বেশি মানুষ নিজের জীবনের গল্প ভাগ করে নিয়েছেন। এই সাক্ষাৎকারগুলোর মাধ্যমে সংরক্ষিত হয়েছে নানা প্রজন্মের মানুষের অভিজ্ঞতা, পারিবারিক ইতিহাস এবং সমাজজীবনের নানা অজানা অধ্যায়।

১৯৩০-এর দশকের আমেরিকার ‘ফেডারেল রাইটার্স প্রজেক্ট’-এর মতো উদ্যোগ থেকেও এই ভাবনার অনুপ্রেরণা পাওয়া যায়। সেই প্রকল্পে সাধারণ মানুষের জীবন ও অভিজ্ঞতা নথিবদ্ধ করার চেষ্টা হয়েছিল।

শোনা মানে শুধু কারও কথা কানে নেওয়া নয়। মন দিয়ে শোনার মধ্যে দিয়ে অন্যের অনুভূতি, অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি বোঝা যায়। এতে পারস্পরিক বিশ্বাস বাড়ে, ভুল বোঝাবুঝি কমে এবং সম্পর্ক আরও দৃঢ় হয়। 

মনোযোগ দিয়ে কারও কথা শুনলে তিনি নিজেকে গুরুত্ব পাওয়া মানুষ বলে মনে করেন। এতে একাকিত্ব কমতে পারে, মানসিক স্বস্তি মিলতে পারে এবং পারস্পরিক সহমর্মিতা তৈরি হয়। একই সঙ্গে অন্যের অভিজ্ঞতা থেকে শেখার সুযোগও তৈরি হয়।

জাতীয় শ্রবণ দিবস পালন করবেন যেভাবে

গল্পের আসর বসিয়ে শ্রবণ দিবস পালন করতে পারেন।  বাড়ির সদস্য, বন্ধু বা পরিচিতদের নিয়ে ছোট্ট গল্পের আসর আয়োজন করুন। প্রত্যেকে নিজের জীবনের কোনও বিশেষ স্মৃতি বা অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।

এছাড়া পরিবারের কোনও সদস্য বা বন্ধুকে নিয়ে প্রশ্নোত্তরের আসর বসান। তার ছোটবেলা, প্রথম চাকরি, জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত কিংবা কোনও কঠিন অভিজ্ঞতা নিয়ে জানতে চান। চাইলে মোবাইলে কথোপকথনটি রেকর্ডও করতে পারেন।

বাড়ির দাদু-ঠাকুমা বা প্রবীণ সদস্যদের কাছে তাদের ছোটবেলা, পুরনো দিনের উৎসব, পারিবারিক ইতিহাস ও জীবনের নানা অভিজ্ঞতার কথা শুনুন। এই গল্পগুলি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন।

মোবাইলের সাহায্যে পরিবারের সদস্যদের কথোপকথন রেকর্ড করে রাখতে পারেন। পরে সেই রেকর্ডিং তাদের সঙ্গে ভাগ করে নিন। এতে ব্যক্তিগত স্মৃতিগুলি ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকবে।

মন দিয়ে শোনারও রয়েছে কিছু নিয়ম

কারো কথা মনঃ দিয়ে শোনার সময় মাঝপথে বাধা না দেওয়া, নিজের মতামত চাপিয়ে না দেওয়া এবং কথা বলার সময় মোবাইল ফোন সরিয়ে রাখা জরুরি। বক্তার দিকে মনোযোগ দেওয়া এবং তার অনুভূতিকে গুরুত্ব দেওয়াও সক্রিয়ভাবে শোনার গুরুত্বপূর্ণ অংশ। শুধু উত্তর দেওয়ার জন্য নয়, বোঝার জন্য শুনতে শিখতে হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত