জার্মানির একটি শিশুপার্কের বেঞ্চে বসে কাঁদার কারণে এক নারীকে ২৫ ইউরো জরিমানা করেছে স্থানীয় প্রশাসন। সঙ্গে কোনো শিশু না থাকায় তাঁকে এই জরিমানা করা হয়। ঘটনাটি ঘটেছে দেশটির গেলজেনকির্শেন শহরে।
জার্মান সংবাদমাধ্যম ডব্লিউডিআরের (WDR) প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ অক্টোবর ৩১ বছর বয়সী হানা নামের ওই নারী একটি শিশুপার্কের বেঞ্চে বসে তাঁর খালার সঙ্গে ফোনে কথা বলছিলেন। পড়াশোনা ও আর্থিক সংকটের চাপে তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একপর্যায়ে বেঞ্চে বসেই কেঁদে ফেলেন।
হানা জানান, প্রচণ্ড চাপের মধ্যে কিছুটা হাঁটাহাঁটি করতে বের হয়েছিলেন তিনি। পরে একা থাকার জন্য পার্কের বেঞ্চে বসেন। তাঁর ভাষায়, ‘আমি শুধু একা থাকতে চেয়েছিলাম, চাইছিলাম না কেউ আমাকে দেখুক।’
কিন্তু পার্কে শিশু ছাড়া বসে থাকা যে পৌরসভার নিয়মবিরুদ্ধ, তা তাঁর জানা ছিল না।
এ সময় পৌরসভার তিন কর্মকর্তা তাঁর কাছে এসে দোলনায় খেলতে থাকা দুটি ছেলে তাঁর সন্তান কি না, জানতে চান। হানা জানান, শিশুরা তাঁর সন্তান নয়। এরপরই তাঁকে ২৫ ইউরো (প্রায় ২ হাজার ৫৪০ রুপি) জরিমানা করা হয়।
গেলজেনকির্শেনের পৌরসভার নিয়ম অনুযায়ী, ১৪ বছর বা তার কম বয়সী শিশুদের জন্য নির্ধারিত খেলার মাঠে প্রাপ্তবয়স্কদের প্রবেশ সাধারণত নিষিদ্ধ। তবে শিশুদের সঙ্গে থাকলে মা-বাবা বা অভিভাবকেরা সেখানে যেতে পারেন।
এ ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন হানা। ডব্লিউডিআরকে তিনি বলেন, ‘এখানে মানবিকতা কোথায়? কাউকে কাঁদতে দেখলে প্রথমেই কি জিজ্ঞেস করা যায় না—আপনি ঠিক আছেন? কোনো সাহায্য লাগবে? এরপর তাঁরা আমাকে বোঝাতে পারতেন যে শিশু ছাড়া এখানে বসা নিষেধ।’
স্থানীয় বাসিন্দারাও প্রশাসনের এই পদক্ষেপে বিস্ময় প্রকাশ করেছেন। তাঁদের একজন বলেন, ‘একজন নারী একটু বিশ্রাম নিতে চেয়েছেন, এ কারণে তাঁকে জরিমানা করা অযৌক্তিক।’ ৬৪ বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন জানিয়ে এক নারী বলেন, তিনি সব সময় পার্কের বেঞ্চে বসেছেন, কিন্তু কখনো কেউ তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেনি। আরেক বাসিন্দা ঘটনাটিকে ‘আপত্তিকর’ বলে মন্তব্য করেন।
তবে পৌর কাউন্সিল কর্তৃপক্ষ কর্মকর্তাদের সিদ্ধান্তের পক্ষে অবস্থান নিয়েছে। কাউন্সিল সদস্য সিমন নোভাক (সিডিইউ) বলেন, ‘শিশুদের খেলার মাঠ শিশুদের জন্য। তাই শিশু ছাড়া সেখানে প্রাপ্তবয়স্কদের উপস্থিতি সাধারণত নিষিদ্ধ।’
পৌর কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়া পার্ক ব্যবহারের প্রবণতা ঠেকানো এবং শিশু অপহরণের ঝুঁকি কমানোর লক্ষ্যে এ ধরনের জরিমানার বিধান রাখা হয়েছে।
এদিকে, শিশুদের খেলার মাঠে অনুমতি ছাড়া প্রবেশ বা বেঞ্চে একা বসার জন্য জরিমানার পরিমাণ বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা করছে পৌর কাউন্সিল। প্রস্তাবটি অনুমোদিত হলে জরিমানার পরিমাণ বর্তমান ৫৫ ইউরো (প্রায় ৫ হাজার ৬১৩ রুপি) থেকে বাড়িয়ে ৬০ ইউরো (প্রায় ৬ হাজার ১২১ রুপি) করা হতে পারে।
সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা, নেপালি কর্মী নিহত
অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জার্মানি