ইরানের সেনাবাহিনীর কৌশলগত নৌবাহিনীকে নৌবাহিনী দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কারামি।
শনিবার (২৮ নভেম্বর) এক বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
সেনাবাহিনীর নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানিকে পাঠানো বার্তায় কারামি ‘অপারেশন মোরভারিদ’-এর কথা স্মরণ করেন। ওই অভিযানে বাথিস্ট বাহিনীর বিরুদ্ধে ‘পয়কান’ রণতরীর নাবিকদের বীরত্ব ও আত্মত্যাগের ইতিহাস তুলে ধরেন তিনি।
জেনারেল কারামি বলেন, দেশের সামুদ্রিক সীমানা রক্ষায় সেই নাবিকরা অসীম সাহস ও নিষ্ঠায় জীবন দিয়েছিলেন। ওমান সাগর ও পারস্য উপসাগরের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব অটুট রাখাই ছিল তাদের লক্ষ্য।
বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে আইআরজিসি কমান্ডার দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নানা কৌশল অবলম্বন করছে। ইরানের সশস্ত্র বাহিনী ও জনগণের প্রতিরোধে সৃষ্ট চাপ কাটাতেই তারা এমন চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
তার মতে, সেনাবাহিনীর নৌবাহিনী ও আইআরজিসি নৌবাহিনী সমন্বিতভাবে কাজ করছে। সাহসী ও দক্ষ যোদ্ধাদের তৎপরতায় প্রতিপক্ষের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে বলে দাবি করেন জেনারেল কারামি।
তিনি আরও জানান, গোয়েন্দা তৎপরতা ও সংবেদনশীল প্রতিরক্ষা রেখায় উপস্থিতির মাধ্যমে যৌথ নৌবাহিনী পাল্টা জবাব দিচ্ছে। এতে মার্কিন-ইসরায়েলি শিবির বারবার ব্যর্থতার মুখে পড়ছে বলে উল্লেখ করেন তিনি।
বার্তায় আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনি খামেনির বক্তব্যের উদ্ধৃতি দেন কারামি। তিনি বলেন, এসব সাগরের সম্পদ ও স্বার্থ জনগণের, আর নৌবাহিনীগুলো জাতির শক্তির প্রতীক।
সবশেষে নৌবাহিনীর কমান্ডার ও সদস্যদের শুভেচ্ছা জানান ব্রিগেডিয়ার জেনারেল কারামি। সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ ইমাম সাইয়্যেদ মোজতবা খামেনির নেতৃত্বে তাদের সাফল্য কামনা করেন তিনি।
সূত্র : প্রেস টিভি