নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানির ডান পায়ের অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ফুটবল খেলার সময় পাওয়া চোট থেকে সেরে উঠতেই শুক্রবার তার এই অপারেশন করা হয়।
প্রেস সেক্রেটারি জো ক্যালভেলো জানান, প্রায় ৭০ মিনিট ধরে চলা অস্ত্রোপচারটি নির্বিঘ্নে শেষ হয়েছে। ৩৫ বছর বয়সী এই মেয়র শুক্রবার সন্ধ্যা থেকেই গ্রেসি ম্যানশনে বিশ্রাম নিচ্ছেন।
এক আনুষ্ঠানিক বার্তায় ক্যালভেলো বলেন, মেয়র পুরোপুরি সেরে উঠবেন বলে আশাবাদী সবাই। তবে কোন হাসপাতালে বা ক্লিনিকে এই অস্ত্রোপচার হয়েছে, সে বিষয়ে সিটি হল কিছু জানায়নি।
চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিটি হল কর্তৃপক্ষ। অস্ত্রোপচারের সময় মেয়রের অনুপস্থিতিতে শহরের দৈনন্দিন কার্যক্রম সামলেছেন ফার্স্ট ডেপুটি মেয়র ডিন ফুলেইহান।
ফুটবলপ্রেমী এবং ডেমোক্র্যাট নেতা মামদানি গত ১৯ নভেম্বর সিটি হল প্রেস কোরের বিরুদ্ধে প্রীতি ম্যাচে নেমেছিলেন। নিজের দপ্তরের কর্মীদের নিয়ে গড়া দলকে জেতানোর পাশাপাশি নিজেও একটি গোল করেন তিনি।
পরদিন মামদানি জানান, গোল উদযাপনের পরপরই পায়ে চোট পান এবং টেন্ডন ছিঁড়ে যায়। খেলার আগে ওয়ার্ম-আপ বা স্ট্রেচিং না করার জন্য সে সময় আক্ষেপও করেছিলেন তিনি।
চোটের পর থেকে ক্রাচ ও মেডিকেল বুট ব্যবহার করেই দাপ্তরিক কাজ ও জনসংযোগ চালিয়ে যাচ্ছিলেন মামদানি। অস্ত্রোপচার নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও রসিকতার সুরে এনবিএ তারকা জেসন ট্যাটামের উদাহরণ টানেন তিনি।
বোস্টন সেল্টিকসের খেলোয়াড় জেসন ট্যাটাম ২০২৫ সালের এনবিএ প্লে-অফে নিউইয়র্ক নিক্সের বিপক্ষে একই ধরনের চোটে পড়েছিলেন। প্রায় ১০ মাস পর সফলভাবে কোর্টে ফিরে আসেন এই তারকা।
সূত্র: এপি
ডিসেম্বরে ঢাকায় আসছেন না মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
বলিউড কাঁপানো শীর্ষ নায়িকাদের আকাশছোঁয়া পারিশ্রমিক!