বিশ্বের অন্যতম দরিদ্র ও গোপনীয়তানির্ভর দেশ উত্তর কোরিয়া। দেশটির অধিকাংশ মানুষেরই বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। যাঁদের হাতে মোবাইল ফোন বা কম্পিউটার রয়েছে, তাঁদেরও ব্যবহার করতে হয় কঠোরভাবে নিয়ন্ত্রিত ইন্টারনেট। এমনকি বিদেশি টিভি অনুষ্ঠান বা সিনেমা দেখাও সেখানে অপরাধ হিসেবে বিবেচিত হয়।
কিন্তু এমন একটি দেশ কীভাবে বিশ্বের অন্যতম শক্তিশালী হ্যাকার বাহিনী গড়ে তুলল?
এক দশকেরও বেশি সময় আগে হলিউডের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সে সাইবার হামলার মাধ্যমে বিশ্ববাসীর নজরে আসে উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী। এরপর থেকে একের পর এক বড় ধরনের সাইবার চুরির ঘটনায় দেশটির নাম উঠে এসেছে।
মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী, গত মাসে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বিন্যান্সে হামলা চালিয়ে ৬০০ কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি চুরি করেছে উত্তর কোরিয়ার হ্যাকাররা। এই অর্থ যোগ হলে এ পর্যন্ত তাদের চুরি করা ক্রিপ্টোকারেন্সির পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৩০০ কোটি ডলারে। তবে পিয়ংইয়ং এ ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।
বিশ্লেষকদের মতে, এসব চুরির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পারমাণবিক কর্মসূচির অর্থায়ন করছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।
ক্রিপ্টোকারেন্সি অনুসন্ধানকারী প্রতিষ্ঠান টিআরএম ল্যাবসের জ্যেষ্ঠ তদন্তকারী নিক কার্লসেন বলেন, ‘তারা যেন সম্পূর্ণ আলাদা একটি পর্যায়ে রয়েছে। রাষ্ট্রীয় সাইবার গোয়েন্দা ইউনিট ব্যবহার করে চুরি, অর্থাৎ সরাসরি অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার এমন নজির অন্য কোথাও নেই।’
উত্তর কোরিয়া সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন। দেশত্যাগী ব্যক্তিদের বিবরণ, সাংবাদিক ও ত্রাণকর্মীদের অভিজ্ঞতা এবং দেশটির কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী বিশেষজ্ঞদের তথ্যের ওপর নির্ভর করেই দেশটির সাইবার সক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
এসব তথ্য থেকে উঠে এসেছে, দেশজুড়ে স্কুল থেকে মেধাবী শিক্ষার্থীদের বাছাই করে ধাপে ধাপে প্রশিক্ষণ দিয়ে একটি সুসংগঠিত হ্যাকার বাহিনী গড়ে তুলেছে পিয়ংইয়ং। বর্তমানে এই বাহিনী বিশ্বের অন্যতম বড় সাইবার নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচিত।
স্কুল থেকেই হ্যাকার তৈরির পরিকল্পনা
উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনী গড়ে তোলার ভিত্তি তৈরি হয়েছিল দেশটির আগের শাসকগোষ্ঠীর আমলে।
১৯৮০-এর দশকে দক্ষিণ কোরিয়ার দ্রুত অর্থনৈতিক অগ্রগতি দেখে উত্তর কোরিয়ার তৎকালীন নেতা কিম ইল সুং রাজধানী পিয়ংইয়ংয়ে মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ স্কুল প্রতিষ্ঠা করেন। সেখানে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের পাশাপাশি বিদেশি ভাষা শেখানো হতো।
দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটির ন্যাশনাল স্ট্র্যাটেজি ইনস্টিটিউটের পরিচালক জিন শিনের ২০১৯ সালের এক গবেষণাপত্রে বলা হয়, কঠোর বাছাই প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষার্থীদের ওই স্কুলে ভর্তি করা হতো।
সেখানে কম্পিউটার ব্যবহারের সুযোগ থাকলেও তা ছিল সীমিত ও কঠোর নজরদারির মধ্যে। প্রতি বছর কম্পিউটার বিজ্ঞানে সেরা ১০০ শিক্ষার্থীকে সামরিক বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণের জন্য পাঠানো হতো। তাঁদের মধ্য থেকে সবচেয়ে মেধাবীদের উন্নত প্রোগ্রামিং ও হ্যাকিং শেখার জন্য চীন ও রাশিয়ায় পাঠানো হতো।
কখনো কখনো তাঁদের পশ্চিমা দেশেও পাঠানো হয়েছে। কার্লসেন ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের সম্পর্ক তুলনামূলক ভালো থাকার সময় ২০১০-এর দশকের শুরুর দিকে কয়েকজন শিক্ষার্থী যুক্তরাজ্যেও বিনিময় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
এই প্রশিক্ষণের ফলে শিক্ষার্থীরা বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানে ব্যবহৃত সফটওয়্যার ব্যবস্থা, আর্থিক খাত ও প্রকৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করেন বলে জিন শিনের গবেষণায় উল্লেখ করা হয়েছে।
কার্লসেন এই ব্যবস্থার সঙ্গে শীতল যুদ্ধের সময় পূর্ব জার্মানির রাষ্ট্রীয় ক্রীড়া প্রশিক্ষণ ব্যবস্থার তুলনা করেছেন। সে সময় ছোটবেলা থেকেই প্রতিভাবান শিশুদের বাছাই করে ভবিষ্যতের অলিম্পিক ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হতো।
তাঁর ভাষায়, ‘উত্তর কোরিয়াও গণিতে মেধাবী শিশুদের ক্ষেত্রে একই কাজ করেছে। অল্প বয়সেই তাদের শনাক্ত করা হয় এবং দক্ষ করে তোলা হয়।’
প্রশিক্ষণ শেষে দেশে ফিরে আসা সেরা শিক্ষার্থীদের সামরিক বাহিনীর কুখ্যাত ‘ইউনিট ১২১’-এ নিয়োগ দেওয়া হয়। এই ইউনিট বিদেশি ব্যাংক, সরকারি প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে সাইবার হামলা চালায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দারিদ্র্যপীড়িত উত্তর কোরিয়ায় এই বাহিনীতে নিয়োগ পাওয়া ছিল অত্যন্ত আকর্ষণীয় সুযোগ। দেশত্যাগী ও সাবেক সামরিক কম্পিউটারবিজ্ঞান শিক্ষার্থী জাং সে-ইউলের ভাষ্য অনুযায়ী, সেরা নিয়োগপ্রাপ্তরা তাঁদের পুরো পরিবারকে রাজধানী পিয়ংইয়ংয়ে নিয়ে আসার সুযোগ পেতেন। তাঁদের দেওয়া হতো অভিজাত এলাকার বড় অ্যাপার্টমেন্ট। যা দেশটির গ্রামীণ এলাকার কঠিন জীবনযাত্রার তুলনায় ছিল সম্পূর্ণ ভিন্ন।
২০১১ সালে কিম ইল সুংয়ের নাতি কিম জং উন ক্ষমতায় আসার আগেই হ্যাকার তৈরির এই অবকাঠামো অনেকটাই গড়ে উঠেছিল। ইউরোপে বসবাস ও পড়াশোনার অভিজ্ঞতা থাকা কিম জং উন ইন্টারনেটের উত্থান প্রত্যক্ষ করেছিলেন। সাইবার যুদ্ধের গুরুত্বও তিনি বুঝতেন।
দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ২০১৩ সালের এক ব্রিফিংয়ে উদ্ধৃত বক্তব্য অনুযায়ী, কিম জং উন একবার বলেছিলেন, পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্রের পাশাপাশি সাইবার যুদ্ধ উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীকে আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করার একটি সর্বজনীন অস্ত্র।
২০১৯ সাল নাগাদ উত্তর কোরিয়ার হ্যাকার বাহিনীর সদস্যসংখ্যা ১ হাজার ৮০০ থেকে ৭ হাজারের মধ্যে ছিল বলে বিভিন্ন সূত্রে অনুমান করা হয়।
সনি পিকচার্স থেকে বাংলাদেশ ব্যাংক
উত্তর কোরিয়ার সাইবার সক্ষমতার প্রথম বড় প্রমাণ পাওয়া যায় ২০১৪ সালে। সে সময় ‘লাজারাস গ্রুপ’ নামে পরিচিত একটি হ্যাকার গোষ্ঠী হলিউডের চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান সনি পিকচার্সে হামলা চালায়।
হামলায় প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ে। চুরি হয় গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও বাণিজ্যিক তথ্য। কর্মীরা নিজেদের কম্পিউটার ব্যবহার করতে পারেননি। পাশাপাশি মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্র এবং নির্বাহীদের ই-মেইল অনলাইনে ফাঁস করে দেওয়া হয়।
এর পেছনে কারণ ছিল কিম জং উনকে হত্যার কাহিনিনির্ভর হলিউডের ব্যঙ্গাত্মক চলচ্চিত্র ‘দ্য ইন্টারভিউ’। সেথ রোজেন ও জেমস ফ্রাঙ্কো অভিনীত ছবিটি মুক্তির প্রস্তুতি নিচ্ছিল সনি পিকচার্স।
দুই বছর পর একই হ্যাকার গোষ্ঠী আবারও হামলা চালায়। এবার লক্ষ্য ছিল অর্থ চুরি।
২০১৬ সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে। অত্যন্ত নিখুঁত পরিকল্পনা ও প্রযুক্তিগত দক্ষতার মাধ্যমে এই হামলা চালানো হয়েছিল।
ফিশিং ই-মেইলের মাধ্যমে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের ব্যবস্থায় প্রবেশ করে হ্যাকাররা। ছুটির দিনকে কাজে লাগিয়ে এশিয়ার বিভিন্ন দেশে থাকা ব্যাংক হিসাবগুলোতে অর্থ স্থানান্তরের ভুয়া নির্দেশ পাঠিয়ে প্রায় ১০০ কোটি ডলার চুরির পরিকল্পনা করেছিল তারা।
তবে কাকতালীয়ভাবে একটি ভুয়া নির্দেশে ব্যবহৃত বিশেষ শব্দের কারণে সতর্কসংকেত চালু হয় এবং পরবর্তী লেনদেন বন্ধ হয়ে যায়। তার আগেই হ্যাকাররা ৮ কোটি ১০ লাখ ডলার সরিয়ে নিতে সক্ষম হয়।
ক্রিপ্টোকারেন্সি চুরিতে নতুন দিগন্ত
এই সময় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা বাড়াচ্ছিল এবং দেশটির অবৈধ আয়ের উৎস বন্ধের চেষ্টা করছিল। একই সময়ে বিকল্প আর্থিক ব্যবস্থা হিসেবে ক্রিপ্টোকারেন্সির জনপ্রিয়তা দ্রুত বাড়তে থাকে। এসব লেনদেন শনাক্ত ও নিয়ন্ত্রণ করা প্রচলিত অর্থব্যবস্থার তুলনায় কঠিন।
কার্লসেনের মতে, ক্রিপ্টোকারেন্সি চুরির সুযোগ উত্তর কোরিয়ার জন্য ছিল ‘আশীর্বাদস্বরূপ’। নিষেধাজ্ঞার চাপে যখন দেশটির অর্থের প্রয়োজন ছিল, ঠিক তখনই এই সুযোগ তৈরি হয়।
তাঁর ধারণা, উত্তর কোরিয়ার হ্যাকাররা প্রতিবছর কয়েক হাজার নয়, বরং কয়েক দশ হাজার থেকে কয়েক লাখ পর্যন্ত সাইবার চুরির চেষ্টা চালিয়ে থাকতে পারে। সব হামলা অবশ্য জটিল বা বড় অঙ্কের নয়। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ ও প্রযুক্তি খাতের কর্মীদের কাছ থেকে কয়েক শ ডলার চুরিই তাদের লক্ষ্য থাকে।
কীভাবে চালায় সাইবার হামলা?
উত্তর কোরিয়ার সাইবার হামলাগুলোর মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে—মানুষের অসতর্কতা বা ভুল। কার্লসেনের ভাষায়, ‘শেষ পর্যন্ত বিষয়টি এমন একজন মানুষের কাছে গিয়ে ঠেকে, যাকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে।’
এই পদ্ধতিকে বলা হয় ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’। এর মধ্যে রয়েছে ফিশিং ই-মেইল, ডিপফেক ফোনকল এবং পরিচয় জালিয়াতি। এসব কৌশলে লক্ষ্যবস্তু প্রতিষ্ঠানের কোনো কর্মীকে প্রতারণার মাধ্যমে ভুল করানো হয়, যাতে হ্যাকাররা প্রতিষ্ঠানের ব্যবস্থায় প্রবেশের সুযোগ পায়।
বিন্যান্সে সাম্প্রতিক হামলার ক্ষেত্রেও এমন কৌশল ব্যবহারের কথা জানিয়েছে ক্রিপ্টো বিনিময় প্ল্যাটফর্মটি। গত অক্টোবরে প্রতিষ্ঠানটি জানায়, একজন কর্মীকে ভুয়া চাকরির সাক্ষাৎকারের মাধ্যমে প্রতারিত করা হয়েছিল। আরেক কর্মী অসাবধানতাবশত গোপনে রাখা ক্ষতিকর সফটওয়্যার ডাউনলোড করেন।
এরপর হ্যাকাররা বিন্যান্সের ডিজিটাল ওয়ালেটে প্রবেশ করে মাত্র ২০ মিনিটে ৬০০ কোটি ডলারের বেশি অর্থ সরিয়ে নেয় বলে টিআরএম ল্যাবসের তথ্য উল্লেখ করেছে প্রতিবেদনটি।
তবে চুরি করা ক্রিপ্টোকারেন্সিকে ব্যবহারযোগ্য নগদ অর্থে রূপান্তর করা হ্যাকারদের জন্য বড় চ্যালেঞ্জ।
২০২৫ সালে ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইবিটে হামলা চালিয়ে ১৫০ কোটি ডলারের ইথেরিয়াম টোকেন চুরি করে হ্যাকাররা। এরপর ‘ব্রিজ’ প্রযুক্তি ব্যবহার করে এসব ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনে রূপান্তর করা হয়। বিটকয়েনের মাধ্যমে বিপুল অর্থ স্থানান্তর এবং অর্থের উৎস আড়াল করার সুযোগ পাওয়া যায়।
এরপর শুরু হয় অর্থ পাচারের জটিল প্রক্রিয়া। হ্যাকাররা বিভিন্ন ব্লকচেইনের মধ্যে বারবার অর্থ স্থানান্তর করে এবং ‘মিক্সার’ ব্যবহার করে অর্থের মূল উৎস গোপন করার চেষ্টা করে। তদন্তকারীরা যাতে তাদের অনুসরণ করতে না পারেন, সে জন্য তারা কয়েক ঘণ্টার বাড়তি সময় পাওয়ার চেষ্টা করে।
পর্যাপ্ত সময় পাওয়ার পর চুরি করা ক্রিপ্টোকারেন্সি মার্কিন ডলারের সঙ্গে মূল্য সংযুক্ত ‘স্টেবলকয়েন’ ইউএসডিটিতে রূপান্তর করা হয়। পরে তা অবৈধ লেনদেনে জড়িত চীনা দালালদের কাছে বিক্রি করা হয় বলে কার্লসেন জানিয়েছেন।
তাঁর ভাষ্য অনুযায়ী, এর বিনিময়ে উত্তর কোরিয়ার হ্যাকাররা চীনা ব্যাংক হিসাবে অর্থ, ইউনিয়নপে কার্ড অথবা নগদ অর্থ পেয়ে থাকে। পরে এসব অর্থ নিজেদের অর্থ পাচার নেটওয়ার্কের মাধ্যমে সরিয়ে নেয় তারা।
চীন ২০২১ সালে ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও মাইনিং নিষিদ্ধ করেছে। তবে দেশটিতে অবৈধ ক্রিপ্টো কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। কর্তৃপক্ষ এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে। ২০২৫ সালে চীনের কেন্দ্রীয় ব্যাংক সতর্ক করে বলেছিল, ভার্চ্যুয়াল মুদ্রা ও স্টেবলকয়েন অর্থ পাচার এবং সীমান্তপারের অবৈধ অর্থ স্থানান্তরে ব্যবহৃত হতে পারে। তবে ওই সতর্কবার্তায় উত্তর কোরিয়ার নাম উল্লেখ করা হয়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছে।
বিন্যান্স থেকে চুরি করা অর্থ পাচারেও একই ধরনের কৌশল ব্যবহার করা হচ্ছে। তবে এবার অর্থ সরানোর জন্য নতুন নতুন পথ ও পদ্ধতি অনুসরণ করছে হ্যাকাররা। টিআরএম ল্যাবসের ধারণা, পুরো প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
তবে সাইবার চুরি করলেই পুরো অর্থ হাতে আসে না। বিভিন্ন লেনদেন ও রূপান্তরের সময় সরকারি সংস্থা কিংবা ক্রিপ্টো প্ল্যাটফর্ম কিছু অর্থ আটকে দিতে পারে। কার্লসেনের অনুমান, সব প্রক্রিয়া শেষে উত্তর কোরিয়া চুরি করা অর্থের প্রায় ৭৫ থেকে ৮৫ শতাংশ হাতে পেতে পারে।