যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর মার্কিন সেনাদের ওপর হামলায় স্টারলিংক ব্যবহারের অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, তেহরান স্পেসএক্সের এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা কাজে লাগিয়েছে।
একাধিক নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, যুদ্ধক্ষেত্রে স্টারলিংকের এই ব্যবহার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
স্টারলিংকের অননুমোদিত ব্যবহার ও মাস্কের প্রতিক্রিয়া
কোম্পানির অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে অবগত দু’জন ব্যক্তি জানিয়েছেন, অননুমোদিত ব্যবহারের খবর পেয়ে ক্ষুব্ধ হয়েছেন স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।
মাস্কের টিমের ধারণা, স্টারলিংকের এই দু’টি অননুমোদিত ব্যবহারের ঘটনা মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের তৎপরতার সঙ্গে যুক্ত।
একটি সূত্র ওয়াশিংটন পোস্টকে জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে ওয়ান-ওয়ে ড্রোন চালিয়েছে বলেও মাস্ককে অবহিত করা হয়েছে।
তবে ওই ড্রোন পরিচালনার কাজটি করা হয়েছে স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক সাশ্রয়ী একটি প্যাকেজের আওতায়।
গোপন প্রতিবেদন ও পেন্টাগনের অবস্থান
ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী, ইরানি বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে জমা দেওয়া একটি গোপন প্রতিবেদনে উঠে এসেছে।
তবে এ বিষয়ে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীর দফতরের এমন কোনো প্রতিবেদন সম্পর্কে তাদের জানা নেই।
এদিকে রয়টার্স থেকে যোগাযোগ করা হলেও স্পেসএক্স এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
ইরানে ইন্টারনেট নিয়ন্ত্রণ ও সংঘাতের প্রেক্ষাপট
ইউক্রেন ও ইরানের সংঘাত ঘিরে স্পর্শকাতর অঞ্চলে স্টারলিংকের ব্যবহার, মার্কিন তদারকি এবং নিষেধাজ্ঞাপ্রাপ্ত পক্ষের কাছে প্রযুক্তি পৌঁছানোর বিষয়টি নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ইরানে স্টারলিংক পরিচালনার কোনো সরকারি লাইসেন্স না থাকলেও মাস্ক আগে জানিয়েছিলেন যে সেখানে এই নেটওয়ার্ক সচল রয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যমতে, সংকটময় সময়ে ইরানি প্রশাসন সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয়।
গত জানুয়ারিতে দেশজুড়ে প্রাণঘাতী বিক্ষোভের সময়ও ইন্টারনেট বন্ধ করা হয়েছিল, যার পর যুক্তরাষ্ট্র গোপনে হাজার হাজার স্টারলিংক টার্মিনাল ইরানে পাঠায়।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের সঙ্গে সংঘাত শুরু করার পর থেকে দেশটিতে ইন্টারনেটের ওপর কড়া নিয়ন্ত্রণ বজায় রেখেছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স