ক্রাউন প্রিন্স মিশাল কুয়েতের নতুন আমির 

কুয়েতের নতুন আমিরের দায়িত্ব পেয়েছেন ক্রাউন প্রিন্স মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ। আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা করেছে দেশটি। ক্রাউন প্রিন্স মিশালই নতুন আমির হবেন সেটি নির্ধারিত ছিল, শুধু আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের উপপ্রধানমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন। মিশাল বিশ্বের সবচেয়ে বয়স্ক ক্রাউন প্রিন্স। তার বর্তমান বয়স ৮৩ বছর। 

সদ্য প্রয়াত আমীর নাওয়াফ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। ৮৬ বছর বয়সে আজ মারা যান তিনি। 

কুয়েতের আমিরের মৃত্যুর খবর প্রকাশ হওয়ার পরপরই গালফ অঞ্চলে শোকের ছায়া নেমে আসে। ওই অঞ্চলের অনেক দেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

২০২০ সালে মিশালকে ক্রাউন প্রিন্স বানানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিশ্লেষকরা তখন জানান, কুয়েতের শাসকরা এখনই পরবর্তী প্রজন্মের হাতে শাসনভার দিতে চান না। এ কারণে তরুণদের বদলে বুড়ো মিশালকে ক্রাউন প্রিন্স বানানো হয়েছিল।

সূত্র: খালিজ টাইমস