কুয়েতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

সদ্য প্রয়াত আমির শেখ নওয়াফ আল-আহমেদ আল-সাবাহর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং তিনদিন সরকারি ছুটি ঘোষণা করেছে কুয়েত। 

শনিবার (১৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রায়ত্ত্ব বার্তা সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, আগামী ৪০ দিন রাষ্ট্রীয় শোক চলাকালে দেশের সব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত থাকবে। ছুটি শেষে মঙ্গলবার থেকে আবারও সরকারি অফিসের কার্যক্রম শুরু হবে।

৮৬ বছর বয়সে আজ মৃত্যু হয় শেখ নওয়াফের। এর কয়েক ঘণ্টার মধ্যেই তার সৎ ভাই মিশাল আল-আহমাদ আল-জাবের আল-সাবাহকে নতুন আমির ঘোষণা করা হয়। ৮৩ বছর বয়সী মিশাল এর আগে দেশটির ক্রাউন প্রিন্সের দায়িত্বে ছিলেন।

আলাদা এক ঘোষণায় কুয়েতের রয়্যাল কোর্ট জানিয়েছে, রোববার বিলাল বিন রাবাহ মসজিদে স্থানীয় সময় সকাল ৯টায় প্রয়াত আমির শেখ নওয়াফের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে কবরস্থ করা হবে। ওই সময় শুধুমাত্র তার পরিবারের সদস্যরা থাকবেন।

নতুন আমির শেখ মিশাল ও রাজ পরিবারের অন্যান্য সদস্যরা সোমবার সকাল ও মঙ্গলবার সকাল-বিকাল শোক গ্রহণ করবেন।

সূত্র: খালিজ টাইমস