ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবাতে দেশটির সেনাবাহিনীর যোগাযোগের কমার্শিয়াল স্থাপনায় হামলার দাবি করেছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ১১তম ওয়েভে বীরশেবাকে লক্ষ্যবস্তু করা হয়। দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির দাবি, ওই হামলায় ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ-সম্পর্কিত শিল্প কমপ্লেক্সে আঘাত হানা হয়েছে। পরবর্তীতে তারা একটি স্থাপনার ছবি প্রকাশ করে, যা তাদের ভাষ্য অনুযায়ী বীরশেবার ওই লক্ষ্যবস্তু ভবন।
প্রতিবেদনে আরও বলা হয়, ভবনটিতে আন্তর্জাতিক বিভিন্ন কোম্পানির কার্যক্রম রয়েছে, যার মধ্যে মাইক্রোসফটের অফিসও রয়েছে।
তবে এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক উত্তেজনার সূচনা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সপরিবারে নিহত হন। এরপর দেশজুড়ে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে বাড়তে ৫৫৫ ছাড়িয়ে যায়।
এর জবাবে ইরান সরাসরি আঞ্চলিক সংঘাতের মাত্রা বাড়িয়ে তোলে- মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইতোমধ্যে কাতার ও সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও সাইপ্রাসসহ কৌশলগত অঞ্চলগুলোতেও হামলার বিস্তার ঘটছে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। সূত্র: আলজাজিরা