ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মাজিদ এবনেলরেজা

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৯:২৮ পিএম

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী নিহত হওয়ার পর দ্রুতই নতুন নিয়োগ দিয়েছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে রেভোলিউশনারি গার্ডসের জেনারেল মাজিদ এবনেলরেজা-কে নিয়োগ দিয়েছেন। 

প্রেসিডেন্টের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, চলমান সংকট মোকাবিলা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম সচল রাখতে এই নিয়োগ দেওয়া হয়েছে।

এই পরিবর্তন এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলায় ইরানের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ওই হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। একই সঙ্গে দেশজুড়ে হতাহতের সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং এখন পর্যন্ত তা ৫৫৫ ছাড়িয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

ইরানও লড়ছে সমানতালে। হামলার জবাবে দেশটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্য করে ধারাবাহিকভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। এই পাল্টা আঘাতের পরিধি ধীরে ধীরে বিস্তৃত হয়ে সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং সাইপ্রাসের মতো কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চল পর্যন্ত পৌঁছেছে।

চলমান এই সংঘাতের প্রভাব ইতোমধ্যেই বেসামরিক জীবন ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থায় পড়তে শুরু করেছে। দোহার বিমানবন্দরসহ মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ আকাশসীমাগুলোতে বিঘ্ন সৃষ্টি হয়েছে, কুয়েতসহ বিভিন্ন দেশের ফ্লাইট চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করা হয়েছে।সূত্র: আলজাজিরা

AS/FJ
আরও পড়ুন