ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের যৌক্তিকতা ব্যাখ্যা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো আগামী কয়েক মাসের মধ্যেই যেকোনো ধরনের হামলার নাগালের বাইরে বা ‘অজেয়’ (Immune) হয়ে যেত। এই ঝুঁকি এড়াতেই এখনই হামলা চালানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ’-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি জানান, ইরান তাদের গুরুত্বপূর্ণ সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো মাটির অনেক গভীরে বা সুরক্ষিত আন্ডারগ্রাউন্ড বাংকারে সরিয়ে নিচ্ছে।
নেতানিয়াহু বলেন, ‘আমরা কেন এখনই পদক্ষেপ নিলাম তার কারণ হলো- এর আগে তাদের স্থাপনাগুলোতে আঘাত হানার পরও তারা কোনো শিক্ষা নেয়নি। তারা অশোধনযোগ্য এবং আমেরিকাকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে তারা চরম উন্মত্ত হয়ে আছে। তারা নতুন নতুন জায়গা এবং মাটির নিচে বাংকার তৈরি শুরু করেছে, যা কয়েক মাসের মধ্যেই তাদের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে আমাদের হামলার আওতার বাইরে নিয়ে যেত।’
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও যোগ করেন, ‘যদি আমরা এখন ব্যবস্থা না নিতাম, তবে ভবিষ্যতে আর কখনোই তাদের রোখা সম্ভব হতো না।’