ইরানে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘায়িত হবে না বলে জানিয়েছেন দেশটির বিশেষজ্ঞ পরিষদ-এর সদস্য আলী মোয়ালেমি।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পরিচালিত বার্তা সংস্থা আইএসএনএ–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। খবর দিয়েছে আল জাজিরা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। দেশটির নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব রয়েছে বিশেষজ্ঞ পরিষদের ওপর।
আলী মোয়ালেমি বলেন, বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা শপথ নিয়েছেন নতুন নেতা নির্বাচনের ক্ষেত্রে কোনো ব্যক্তি বা রাজনৈতিক কিংবা দলীয় গোষ্ঠীর প্রতি ব্যক্তিগত পছন্দ প্রভাব ফেলবে না। তারা নিজেদের বিবেচনাবোধ ও ধর্মীয় বিধির সঙ্গে সঙ্গতি রেখে ভোট দেবেন।
তিনি আরও বলেন, অতীতের মতোই পরিষদ এমন একজন ব্যক্তিত্বকে নির্বাচন করবে, যিনি শহীদ বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনির মতো যোগ্যতা ও গ্রহণযোগ্যতা রাখেন।
উল্লেখ্য, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। রাজধানী তেহরান-এ চালানো ওই হামলায় খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হন।
এর জবাবে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ একাধিক স্থানে হামলা চালিয়ে যাচ্ছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী।
সূত্র: আলজাজিরা