মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বুধবার (৪ মার্চ) জানিয়েছেন, ভারত মহাসাগরে যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিন ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবিয়ে দিয়েছে। তিনি বলেন, টর্পেডো ব্যবহার করে জাহাজটি ধ্বংস করা হয়েছে, যা আন্তর্জাতিক জলসীমায় নিজেকে নিরাপদ মনে করছিল।
পেন্টাগনে এক ব্রিফিংয়ে হেগসেথ বলেন, ইরানের ওপর হামলা এখনো প্রাথমিক পর্যায়ে। তাঁর ভাষায়, ‘এই অভিযান কেবল শুরু হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই আমরা ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার আশা করি।‘ তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েন করা হচ্ছে এবং যুক্তরাষ্ট্র সময় নেবে যাতে অভিযান সফল হয়।
এর আগে প্রকাশিত সংবাদ অনুযায়ী, শ্রীলঙ্কার জলসীমার বাইরে ডুবেছে একটি ইরানি ফ্রিগেট। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, ওই ঘটনায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন।
হেগসেথ সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও বড় আকারের হামলা চালাতে পারে। তিনি বলেন, ‘এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট ট্রাম্প যেমনটি বলেছেন, সফল হওয়া নিশ্চিত করতে আমাদের যতটুকু সময়ের প্রয়োজন, আমরা ততটুকু নেব।‘
সূত্র: আলজাজিরা