মাস্কাট বিমানবন্দরে প্রাইভেট জেট চলাচলে কড়াকড়ি

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট আকাশপথের বিশৃঙ্খলা মোকাবিলায় ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক জরুরি নির্দেশনা জারি করেছে। এখন থেকে বিমানবন্দরে অতিরিক্ত কোনো প্রাইভেট জেট বা চার্টার্ড বিমান চলাচলের অনুমতি দেওয়া হবে না। এর পরিবর্তে সরকারি উদ্ধারকারী ফ্লাইট এবং নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

বার্তাসংস্থা রয়টার্সের দেখা এক ইমেইল বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মাস্কাট বিমানবন্দর কর্তৃপক্ষ চার্টার্ড বিমান পরিচালনাকারীদের জানিয়েছেন, ‘বর্তমান সংকট ব্যবস্থাপনা এবং বিমানবন্দরের ধারণক্ষমতা বজায় রাখতে ফ্লাইট চলাচল কেবল অনুমোদিত মৌসুমী শিডিউল সার্ভিসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে।’ অতিরিক্ত ভিড় এড়াতে এবং জরুরি পরিস্থিতি সামাল দিতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই সময়ে কেবল বিভিন্ন দেশের দূতাবাসগুলোর পক্ষ থেকে পরিচালিত ‘প্রত্যাবাসন’ বা উদ্ধারকারী ফ্লাইটগুলোকেই (Repatriation Flights) বিবেচনা করা হবে। তবে শর্ত হলো—এসব ফ্লাইটের জন্য আগে থেকেই কূটনৈতিক চ্যানেলে অনুমোদন নিতে হবে এবং এতে কোনো প্রকার বাণিজ্যিক টিকেট বিক্রি করা যাবে না।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথে নজিরবিহীন বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় অধিকাংশ দেশের আকাশপথ বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী বিভিন্ন দেশে আটকা পড়েছেন। অনেক সামর্থ্যবান যাত্রী সচরাচর ব্যবহৃত এয়ারলাইন্সের বদলে প্রাইভেট জেটে চড়ে এলাকা ছাড়ার চেষ্টা করছেন, যার ফলে মাস্কাটের মতো স্থিতিশীল বিমানবন্দরগুলোতে চাপ অস্বাভাবিক বেড়ে গেছে।

পরিস্থিতি এতটাই জটিল যে, জীবন বাঁচাতে অনেক যাত্রী কয়েকগুণ বেশি দামে টিকেট কিনছেন। এমনকি অনেক ক্ষেত্রে যাত্রীবাহী বিমানগুলোকে যুদ্ধবিমানের পাহারায় গন্তব্যে পৌঁছে দেওয়ার মতো ঘটনাও ঘটছে।