আকাশছোঁয়া মূল্যস্ফীতিতে দিশেহারা ইরান

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৬ এএম

আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক সংঘাতের সার্বিক প্রভাবে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে ইরান।

দেশটির বার্ষিক মূল্যস্ফীতির হার একলাফে ৬৬ শতাংশে গিয়ে পৌঁছেছে বলে ইরানের সরকারি পরিসংখ্যান কেন্দ্রের বরাত দিয়ে জানিয়েছে 'ইরানিয়ান লেবার নিউজ এজেন্সি' (আইএলএনএ)।

আইএলএনএ-র প্রকাশিত তথ্যানুযায়ী, বিগত বছরের একই মাসের তুলনায় এ বছরের জুলাইয়ে পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৮৭.৯ শতাংশে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খাদ্য ও পানীয় পণ্যের বাজারে, যেখানে বছরভিত্তিক দাম বেড়েছে ১২৮.১ শতাংশ। গত ১২ মাসে অন্তত ৮টি নিত্যপ্রয়োজনীয় মৌলিক খাদ্যপণ্যের দাম দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে। এছাড়া কেবল জুলাই মাসেই মাসিক মূল্যস্ফীতি ছিল ৩.১ শতাংশ।

এই পরিসংখ্যান দেশটিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে তৈরি হওয়া চরম মানবিক সংকট তুলে ধরেছে। অন্যদিকে অনানুষ্ঠানিক মুক্তবাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানে একটি সাধারণ শ্রমিক পরিবারের মাসিক সর্বনিম্ন জীবনযাত্রার খরচ ৯০ মিলিয়ন তোমান (প্রায় ১,৩৮৫ ডলার)। তবে একজন সাধারণ শ্রমিকের সর্বনিম্ন মাসিক মজুরি প্রায় ২৫ মিলিয়ন তোমান (প্রায় ৩৮৫ ডলার)—যা দিয়ে তাদের মৌলিক চাহিদার চার ভাগের মাত্র এক ভাগ মেটানো সম্ভব।

ইরানের শ্রমিক নেতা ফারামার্জ তৌফিগি জানান, জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বাড়ায় বেশিরভাগ শ্রমিক মাসের মাত্র ৮ দিনের খরচ চালাতে পারছেন। তিনি বলেন, মাসের ২০ দিনেরও বেশি সময় ধরে শ্রমিকদের কার্যত হাত একদম খালি থাকছে।

সূত্র: আল-জাজিরা

YA
আরও পড়ুন