ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক অভিযানকে সরাসরি ‘ব্যর্থ’ বলে আখ্যা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার মতে, এই যুদ্ধে শুরু থেকেই আক্রমণকারী পক্ষের কৌশলগত পরিকল্পনা ভেঙে পড়েছে এবং সময় যত গড়াচ্ছে, ততই তাদের অবস্থান দুর্বল হয়ে পড়ছে।
আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে পরিকল্পনা নিয়ে এ যুদ্ধ শুরু করেছিল সেটি ইতোমধ্যেই ব্যর্থ হয়েছে।
তিনি দাবি করেন, শুরুতে তারা দ্রুত সামরিক সাফল্য অর্জন করে নিজেদের লক্ষ্য পূরণ করতে চেয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন তারা বিকল্প পরিকল্পনা নিয়ে এগোতে চাইছে, তবে সেগুলো কার্যত একই ধরনের ব্যর্থতার মুখে পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামনে কোনো স্পষ্ট কৌশলগত লক্ষ্য নেই। যুদ্ধের একটি নির্দিষ্ট শেষ বা পরিণতি নিয়েও তাদের মধ্যে পরিষ্কার ধারণা দেখা যাচ্ছে না। আর এ কারণেই, তার অভিযোগ অনুযায়ী, তারা সামরিক লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামোর ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে।
আরাঘচি আরও বলেন, ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যার প্রভাব শুধু ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এসব হামলার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দামও উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যা বৈশ্বিক অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তার মতে, যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে লক্ষ্য সামনে রেখে অভিযান শুরু করেছিল, তা অর্জনে তারা প্রথম ধাপেই ব্যর্থ হয়েছে। আর এখন যুদ্ধ শুরুর প্রায় দশ দিন পার হয়ে গেলেও তাদের কৌশলগত অবস্থান আরও অনিশ্চিত হয়ে উঠেছে। সূত্র: আলজাজিরা