ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুচ্যুতির ঢল

লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক ভয়াবহ হামলার জেরে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দ্রুত বাড়ছে। চলমান এই সংঘাতের ফলে অসংখ্য মানুষ নিরাপত্তাহীনতার মুখে নিজেদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আরও প্রায় এক লাখ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

বৈরুত থেকে জেনেভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউএনএইচসিআর-এর লেবানন প্রতিনিধি ক্যারোলিনা লিন্ডহোম বিলিং বলেন, শুধু একদিনের মধ্যেই লেবাননের বিভিন্ন এলাকা থেকে নতুন করে এক লাখের বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতির কারণেই এই বাস্তুচ্যুতির ঢল নেমেছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও জানান, মঙ্গলবার (১০ মার্চ) পর্যন্ত লেবাননে মোট ৬ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ দেশটির সরকারের অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের বাস্তুচ্যুত হিসেবে নিবন্ধন করেছেন। এর মধ্যে মাত্র একদিনেই প্রায় এক লাখ মানুষের নাম যুক্ত হয়েছে, যা পরিস্থিতির ভয়াবহতারই ইঙ্গিত দেয়।

বিলিং বলেন, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা যে গতিতে বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এই প্রবণতা ২০২৪ সালে ইসরায়েল ও হিজবুল্লাহ-এর মধ্যে সংঘটিত আগের যুদ্ধের সময়ের তুলনায় অনেক দ্রুতগতিতে বাড়ছে।

তিনি সতর্ক করে বলেন, সংঘাত দীর্ঘায়িত হলে লেবাননে মানবিক সংকট আরও গভীর হতে পারে। বিপুলসংখ্যক বাস্তুচ্যুত মানুষ খাদ্য, আশ্রয় ও চিকিৎসাসেবার মতো মৌলিক প্রয়োজন মেটাতে কঠিন পরিস্থিতির মুখে পড়তে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

 

সূত্র: আলজাজিরা