আজ এই উন্মাদ শয়তানদের কপালে কী ঘটে, তা দেখুন: ট্রাম্প

ইরানের সামরিক ও অর্থনৈতিক মেরুদণ্ড পুরোপুরি ভেঙে দেওয়ার দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে চরম হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৩ মার্চ) নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে এক দীর্ঘ পোস্টে তিনি দাবি করেন, ইরানের নৌ ও বিমানবাহিনী এখন ইতিহাসের অংশ এবং আজই দেশটির ওপর বড় ধরণের কিছু ঘটার ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্প তাঁর পোস্টে লিখেছেন, ‘আমরা ইরানের সন্ত্রাসবাদী শাসনকে সামরিক, অর্থনৈতিক এবং অন্য সব দিক থেকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছি। ইরানের নৌবাহিনী এখন শেষ, তাদের বিমানবাহিনীর আর কোনো অস্তিত্ব নেই। তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং বাকি সবকিছুই লণ্ডভণ্ড করে দেওয়া হচ্ছে। এমনকি তাদের নেতারাও এখন পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছেন।’

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আপনি যদি ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস পড়েন, তবে আপনার ভুল মনে হতে পারে যে আমরা জিতছি না। কিন্তু বাস্তবতা হলো আমাদের কাছে রয়েছে অতুলনীয় মারণাস্ত্র, অঢেল গোলাবারুদ এবং হাতে রয়েছে প্রচুর সময়।’ এরপরই তিনি সরাসরি হুমকি দিয়ে বলেন, ‘আজ এই উন্মাদ শয়তানদের (deranged scumbags) কপালে কী ঘটে, তা শুধু তাকিয়ে দেখুন।’

নিজের ৪৭তম প্রেসিডেন্ট পদের সঙ্গে এক গাণিতিক সমীকরণ টেনে ট্রাম্প বলেন, ‘তারা গত ৪৭ বছর ধরে সারা বিশ্বে নিরপরাধ মানুষকে হত্যা করে আসছে। আর এখন আমি আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তাদের খতম করছি। এটা করা আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়!’