ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম স্থানীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। সংঘাতের শুরু থেকেই নেতানিয়াহু কেন কেবল ফক্স নিউজের মতো মার্কিন গণমাধ্যমে কথা বলছিলেন—এই সমালোচনা যখন তুঙ্গে, তখনই তিনি নিজের দেশের সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিলেন।
সংবাদ সম্মেলনে নেতানিয়াহু ইরানের নতুন নেতৃত্বকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন। তিনি বলেন, আয়াতুল্লাহদের শাসন থেকে মুক্তি পেতে হলে এখন ইরানি জনগণকেই জেগে উঠতে হবে। ইরানিদের রাজপথে নেমে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের ভবিষ্যতের চাবিকাঠি আপনাদেরই হাতে।’
উত্তর সীমান্তে চলমান সংঘাত নিয়ে নেতানিয়াহু বলেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াই আরও তীব্র হতে পারে। তিনি ইঙ্গিত দেন যে, ইসরায়েলি সামরিক অভিযান দক্ষিণ লেবাননের লিটানি নদীর সীমানা পেরিয়ে আরও উত্তরে বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে এই এলাকায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে তুমুল স্থলযুদ্ধ চলছে।
যুদ্ধ চলাকালীন প্রধানমন্ত্রী কেন স্থানীয় সাংবাদিকদের এড়িয়ে চলছিলেন, তা নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে বেশ অসন্তোষ ছিল। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সেই সমালোচনা প্রশমনের চেষ্টা করেছেন এবং একই সাথে ঘরোয়া রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন।
‘যে দেশের নেতারা শিশুদের মৃত্যুকে অবজ্ঞা করে, তাদের নৈতিক সংস্কার প্রয়োজন’
