দশ বিদেশি গুপ্তচর গ্রেপ্তারের দাবি আইআরজিসির

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যেই ১০ জন ‘বিদেশি গুপ্তচর’ গ্রেপ্তারের দাবি করেছে ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজাভি খোরসান প্রদেশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ইসনা (ISNA) এবং বার্তাসংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির গোয়েন্দা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত ১০ ব্যক্তি ‘ভাড়াটেই এবং বিশ্বাসঘাতক’ চক্রের সদস্য। তবে তাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃতদের মধ্যে চারজন ইরানের বিভিন্ন ‘স্পর্শকাতর সামরিক এলাকা এবং গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো’ সম্পর্কিত তথ্য সংগ্রহ করছিল। বাকিরা একটি ‘রাজতন্ত্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর’ সঙ্গে সরাসরি যুক্ত ছিল বলে দাবি করেছে আইআরজিসি।

সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই চরম মুহূর্তে ইরানের অভ্যন্তরে গোয়েন্দা তৎপরতা নজিরবিহীনভাবে বেড়েছে। বিশেষ করে খামেনি পরবর্তী উত্তাল পরিস্থিতিতে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং শত্রু দেশের চরদের শনাক্ত করতে কঠোর অভিযান চালাচ্ছে তেহরান।