যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি নিহতের ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, এই ‘অপরাধী খুনিদের’ খুব শীঘ্রই তাদের কর্মকাণ্ডের জন্য চরম মূল্য দিতে হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি জানান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি, তার ছেলে মুর্তজা এবং বেশ কয়েকজন সহকর্মীর নিহতের খবরে তিনি গভীরভাবে শোকাহত।
আলী লারিজানিকে ‘দূরদর্শী ও প্রজ্ঞাবান’ নেতা হিসেবে অভিহিত করে মোজতবা খামেনি বলেন, ‘গত পাঁচ দশক ধরে লারিজানি রাজনৈতিক, সামরিক, নিরাপত্তা ও সাংস্কৃতিক ক্ষেত্রে যে অনবদ্য অবদান রেখেছেন, তা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ইসলামের শত্রুরা তার রক্তের মূল্য খুব শীঘ্রই হাড়ে হাড়ে টের পাবে।’ তিনি আরও যোগ করেন, ‘শহীদদের প্রতিটি ফোঁটা রক্ত আমাদের লড়াইকে আরও শক্তিশালী করবে এবং এর প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে।’
ইরানি কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় আলী লারিজানি ও তার ছেলে মুর্তজাসহ তার সহকারী আলী রেজা বায়াত এবং বেশ কয়েকজন দেহরক্ষী নিহত হন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের ওপর শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই যৌথ হামলায় এখন পর্যন্ত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ১,৩০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ইরানও পাল্টা জবাব হিসেবে ইসরায়েল, জর্ডান, ইরাকসহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে, যা বৈশ্বিক অর্থনীতি ও আকাশপথে ব্যাপক অস্থিরতা সৃষ্টি করেছে।