প্রতিবেশী দেশগুলোকে আবারও সতর্ক করলো ইরান

ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং অর্থনৈতিক কেন্দ্রগুলোতে সাম্প্রতিক হামলার পর কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, এসব হামলার ‘ভয়াবহ’ জবাব দেবে ইরান। একই সাথে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে আবারও সতর্কবার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।

পেজেশকিয়ান লিখেছেন, ‘আপনারা যদি নিজেদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে চান, তবে আমাদের শত্রুদেরকে আপনাদের দেশ থেকে যুদ্ধ পরিচালনার সুযোগ দেবেন না।’

গত কয়েক দিন ধরে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের অতিগুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে।

যার মধ্যে ইস্পাহান ও খুজেস্তান প্রদেশের মোবারাকে স্টিল ইন্ডাস্ট্রিজ, মারকাজি প্রদেশের খান্দাব ভারী পানি উৎপাদন কেন্দ্রও রয়েছে।

ইসরায়েল ও আমেরিকার হামলার জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের হামলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

এছাড়া সৌদি আরবের রিয়াদের কাছে অবস্থিত প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। এই হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।