মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে পাকিস্তানে চার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মধ্যপ্রাচ্যে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে আলোচনার মাধ্যমে একটি সমাধান খুঁজতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শুরু হয়েছে ব্যাপক কূটনৈতিক তৎপরতা। এই প্রক্রিয়াটিকে অনেক বিশ্লেষক যুদ্ধের অবসানের একমাত্র কার্যকর পথ হিসেবে দেখছেন।

রোববার (২৯ মার্চ) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে মিশরের পররাষ্ট্রমন্ত্রী ড. বদর আবদেলাতি এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। এছাড়া ইসহাক দার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথেও পৃথক ও দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইতিপূর্বে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের সাথে দীর্ঘ আলোচনা করেছেন, যার ফলে একটি ‘মধ্যমপন্থা’ বা সমঝোতার পথ খুঁজে পাওয়ার আশা করা হচ্ছে।

যুদ্ধ পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাওয়ায় বর্তমানে বিশ্বের নজর এখন ইসলামাবাদের দিকে। এই চার দেশের বৈঠকে কোনো ঐক্যমত্য বা শান্তি প্রস্তাব গৃহীত হয় কি না এবং সেটি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য হবে কি না তা নিয়েই এখন বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্র কি সত্যিই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে, নাকি তারা শুধুমাত্র সময়ক্ষেপণ করতে চাইছে, তা এই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই পরিষ্কার হবে বলে মনে করা হচ্ছে। 

উল্লেখ্য, পাকিস্তান এই সংকটে মধ্যস্থতাকারী হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।