সাবেক মার্কিন কূটনীতিক

হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কেবলই ‘সতর্কবার্তা’, পূর্ণাঙ্গ যুদ্ধ নয়

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ০১:৪৪ পিএম

ইসরায়েল লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধের ‘পূর্ণ অংশগ্রহণ’ হিসেবে নয়, বরং একটি ‘সতর্কবার্তা’ হিসেবে দেখছেন সাবেক মার্কিন কূটনীতিক নাবিল খুরি। আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

ইয়েমেনে নিযুক্ত সাবেক এই মার্কিন ডেপুটি চিফ অব মিশন জানান, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নতুন করে বিপুল সংখ্যক মার্কিন সেনা মোতায়েনের প্রেক্ষাপটে হুথিরা এই সীমিত হামলা চালিয়েছে। খুরি বলেন, “তারা কেবল কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়ে এই বার্তা দিচ্ছে যে আমরা এখনো আছি। যদি ইরানের ওপর সত্যিই কোনো সর্বাত্মক হামলা চালানো হয়, তবেই তারা পুরোদমে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। তবে বর্তমান পর্যায়ে তারা এখনো সেই চূড়ান্ত পদক্ষেপ নেয়নি।”

নাবিল খুরির মতে, হুথিরা যদি সত্যিই যুদ্ধে পূর্ণশক্তি নিয়ে নামে, তবে তাদের সবচেয়ে বড় পদক্ষেপ হবে লোহিত সাগরের প্রবেশদ্বার ‘বাব আল-মান্দেব’ প্রণালী অবরোধ করা। নৌকা, মাইন বা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা এই নৌপথটি বন্ধ করে দিতে পারে।

তিনি সতর্ক করে বলেন, “হুথিরা যদি কেবল দু-একটি বাণিজ্যিক জাহাজেও হামলা চালায়, তবে লোহিত সাগর দিয়ে পুরো বিশ্ব বাণিজ্য স্থবির হয়ে পড়বে। সেটি হবে একটি ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা, যার ফলে ইয়েমেনের ওপর সরাসরি বড় ধরনের পাল্টা হামলা শুরু হতে পারে।”

SN
আরও পড়ুন