দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে চলমান সম্মুখ যুদ্ধে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরও দুই সেনা গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম 'জেরুজালেম পোস্ট'।
গত ২ মার্চ হিজবুল্লাহর আন্তঃসীমান্ত হামলার পর থেকেই লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবানিজ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১,২৪৭ জন নিহত এবং ৩,৬৯০ জন আহত হয়েছেন।
অঞ্চলের এই উত্তেজনা মূলত গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান বিরোধী যৌথ মার্কিন-ইসরায়েলি অভিযানের একটি অংশ। সেই অভিযানে এখন পর্যন্ত ১,৩৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান ইতোমধ্যে ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্র: আলজাজিরা