লেবাননের লিতানি নদী পার হলো ইসরায়েলি বাহিনী

আপডেট : ৩০ মে ২০২৬, ০২:২৮ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান জোরদার করতে ইসরায়েলি বাহিনী লিতানি নদীর তীরে অগ্রসর হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনারা লিতানি নদী অতিক্রম করে নতুন অবস্থানে পৌঁছেছে। তার ভাষায়, ‘আমাদের বাহিনী লিতানি নদী পার হয়ে নিয়ন্ত্রণমূলক অবস্থানে অগ্রসর হয়েছে।’ খবর রয়টার্সের।

তিনি আরও দাবি করেন, ইসরায়েলি বাহিনী বৈরুত, বেকা উপত্যকা এবং পুরো ফ্রন্টজুড়ে অভিযান চালিয়ে হিজবুল্লাহকে ‘মারাত্মক আঘাত’ করছে।

তবে লেবাননের নিরাপত্তা সূত্রগুলোর দাবি, ইসরায়েলি সেনারা বৃহস্পতিবার জাওতার আল-শারকিয়াহ এলাকার কাছে লিতানি নদী অতিক্রম করলেও পরে আবার নদীর দক্ষিণ তীরে ফিরে যায়। শুক্রবারও তারা নদী পার হয়েছিল, তবে সেটিকে বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে না।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি প্রতিষ্ঠা এবং ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্যে শুক্রবার ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের প্রতিরক্ষা প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পেন্টাগনে অনুষ্ঠিত এ বৈঠকে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

ইসরায়েলি সেনাবাহিনী সম্প্রতি জানিয়েছে, তারা নিরাপত্তা বলয়ের বাইরে স্থল অভিযান আরও বাড়িয়েছে। লিতানি নদী দক্ষিণ লেবাননের প্রায় ৩০ কিলোমিটার ভেতরে পূর্ব-পশ্চিমমুখী প্রবাহিত হওয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক সীমারেখা হিসেবে বিবেচিত হয়।

উল্লেখ্য, ওয়াশিংটনের বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা করেছেন। কূটনৈতিক পর্যায়ের পরবর্তী বৈঠক আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

NB
আরও পড়ুন