মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে স্পর্শকাতর স্থাপনার তথ্য পাঠানোর অভিযোগে উত্তর-পশ্চিম ইরান থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে তথ্য জানায় আলজাজিরা।
প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ইরানের বিভিন্ন সুরক্ষিত ও গুরুত্বপূর্ণ স্থানের বিস্তারিত তথ্য দেওয়ার বিনিময়ে পারিশ্রমিক হিসেবে ক্রিপ্টোকারেন্সি বা ডিজিটাল মুদ্রা গ্রহণ করেছিলেন। তারা পূর্ব আজারবাইজান প্রদেশের ওস্কু এলাকা থেকে ধরা পড়েন।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আটকের পর অভিযুক্তদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মাঝে অভ্যন্তরীণ গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে তেহরান তাদের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করলো।